২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা দিয়েই ক্রিকেটারদের চিনতে চান সিডন্স

সকালে তারা স্বাগত জানালেন একজনকে। দুপুরে আবার বাংলাদেশ দলের ক্রিকেটাররা বিদায় দিলেন আরেকজনকে। নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুতি শুরুর প্রথম দিনে বাংলাদেশ শিবিরে বরণ ও বিদায়ী শুভেচ্ছার এক যুগলবন্দীই যেন দেখা গেল রোববার। সাতসকালে পুরো বাংলাদেশ দলের সঙ্গে এই প্রথমবারের মতো সাক্ষাৎ হলো নতুন কোচ জেমি সিডন্সের। সংক্ষিপ্ত পরিচিতি সভার পর শুরু হওয়া প্রস্তুতির ফিটনেস টেস্ট পর্ব শেষ হতে হতে দুপুর। এরপরেই ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ডাইনিং রুমে কেক কাটলেন বিদায়ী ট্রেনার পল চ্যাপম্যানের সম্মানে। চুক্তির মেয়াদ পুরো হওয়ার আগেই দায়িত্ব ছেড়ে ৪ ডিসেম্বর নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন তিনি। তার আগে রোববারই ছিল বাংলাদেশ দলের সঙ্গে তার শেষ কার্যদিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 12:17 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সকালে তারা স্বাগত জানালেন একজনকে। দুপুরে আবার বাংলাদেশ দলের ক্রিকেটাররা বিদায় দিলেন আরেকজনকে। নিউজিল্যান্ড সফরের জন্য প্রস্তুতি শুরুর প্রথম দিনে বাংলাদেশ শিবিরে বরণ ও বিদায়ী শুভেচ্ছার এক যুগলবন্দীই যেন দেখা গেল রোববার। সাতসকালে পুরো বাংলাদেশ দলের সঙ্গে এই প্রথমবারের মতো সাক্ষাৎ হলো নতুন কোচ জেমি সিডন্সের। সংক্ষিপ্ত পরিচিতি সভার পর শুরু হওয়া প্রস্তুতির ফিটনেস টেস্ট পর্ব শেষ হতে হতে দুপুর। এরপরেই ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ডাইনিং রুমে কেক কাটলেন বিদায়ী ট্রেনার পল চ্যাপম্যানের সম্মানে। চুক্তির মেয়াদ পুরো হওয়ার আগেই দায়িত্ব ছেড়ে ৪ ডিসেম্বর নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন তিনি। তার আগে রোববারই ছিল বাংলাদেশ দলের সঙ্গে তার শেষ কার্যদিবস। শেষদিনে চ্যাপম্যান মিডিয়াকে জানিয়ে গেলেন, "এখন ক্রিকেটাররা আগের চেয়ে অনেক বেশি ফিটনেস সচেতন হয়েছে।" পারফরম্যান্স সচেতনতাও বেড়েছে আগের চেয়ে অনেক। কিন্তু সেটা মাঠে অনূদিত করতে না পারার সমস্যাটা এখন থেকে দেখবেন সিডন্স। যদিও এই ক্রিকেটারদের সবাইকে এদিনই প্রথম একসঙ্গে পেলেন। সকালে ড্রেসিংরুমে তাদের জন্য একটা ভিডিও সেশন করেছেন। যেখানে তিনি প্রজেক্টরে নিজের কোচিং দর্শন মোহাম্মদ আশরাফুলদের সামনে তুলে ধরেছেন। এই কিছুদিন আগেও অস্ট্রেলিয়া দলের সহকারী কোচের দায়িত্বে থাকা এই কোচ ক্রিকেটারদের ভালো খেলার তাগিদটাও বোধহয় বাড়িয়ে দিতে পেরেছেন। চাঁছাছোলা মনে হলেও তার একটা কথা তাদের বেশ উদ্দীপ্ত করতে পেরেছে বলেই মনে হলো কয়েকজনের সঙ্গে কথা বলে, "আমি এখনো তোমাদের কাউকে ভালো করে চিনি না। নির্বাচকরা এই দলটা গড়ে দিয়েছেন। খেলা দিয়েই তোমাদের চিনে নিতে চাই।" এমন কথা শোনার পর কারো মধ্যে ভালো খেলার তাগিদটা না এসে পারে না! কথায় সময় নষ্ট করেননি সিডন্স। অল্পক্ষণের মধ্যেই ক্রিকেটারদের নামিয়ে দিয়েছের ঘামঝরানো ফিটনেস টেস্টে। ইনডোরে ফিটনেসের পরীক্ষা দিয়ে ড্রেসিংরুমে ফেরার পথে তুষার ইমরান জানিয়ে গেলেন, নতুন কোচের একটা কথা ভীষণ মনে ধরেছে তার, "উনি বলেছেন, 'কেউ খেলে দেশের জন্য। কেউ তারকা হওয়ার জন্য। আর কেউবা টাকার জন্য। তোমরা সবার আগে দেশের জন্য খেলবে। তারপরেই বাকি সবকিছু।' কথাটা শুনে খুব ভালো লেগেছে।" ডেভ হোয়াটমোর জামানায় দলে নিয়মিত ছিলেন না তুষার। জাতীয় দলের কোচের সংস্পর্শে আসাটাও তার সেভাবে হয়ে ওঠেনি। এখন নির্বাচকদের কাছ থেকে পর্যাপ্ত সুযোগ পাওয়ার প্রতিশ্র"তি পাওয়া তুষারের এই ভালো লাগাটা তাই স্বাভাবিক। অনেকে আবার এতো তাড়াতাড়ি ভালোলাগায় আচ্ছন্ন হচ্ছেন না। পুরনো অভিজ্ঞতা থেকে নেওয়া শিক্ষাটা তাদের এমনই। শুরুর ডেভ হোয়াটমোর আর শেষের হোয়াটমোরের মধ্যে আকাশ-পাতাল পার্থক্যটা চোখে ভাসে বলে সহসাই নতুন কোচের ব্যাপারে সিদ্ধান্তে পৌছে যাচ্ছেন না তারা। এই যেমন পোড়খাওয়া ক্রিকেটার জাভেদ ওমরকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রথম দিনে নতুন কোচকে কেমন লাগলো? জবাব যেন তৈরিই ছিল, "আজই তো প্রথম দেখলাম। আরো কিছূদিন গেলেই না বোঝা যাবে কেমন!" অধিনায়ক আশরাফুল হোয়াটমোরের প্রথম দিনটাও দেখেছেন। তবে এই দিনটার সঙ্গে সেটার কোনো তুলনাতেই যেতে রাজী হলেন না! বোধহয় বিদায়বেলায় তার সঙ্গে তৈরি হওয়া ক্রিকেটারদের মানসিক ব্যবধান ও তিক্ততা মানসপটে উঁকি দিচ্ছিল অধিনায়কের! বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮১০ঘ.