২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবু উলমার রহস্যের কোনো সুরাহা হলো না

প্রায় এক মাস ধরে চলেছে তদন্তটা। কিন্তু বব উলমারকে হত্যা করা হয়েছিল নাকি তার মৃত্যুটা স্বাভাবিক ছিল তা রহস্যের আবর্তেই থেকে গেল আরো এক বার। মাসব্যাপী চলা তদন্ত শেষে ১১ সদস্যের জুরি বোর্ডও নিশ্চিত হতে পারেনি এ ব্যাপারে। বুধবার তারা জানিয়েছে বিশ্বকাপ চলার সময় পাকিস্তানের কোচ উলমারের মৃত্যু স্বাভাবিক নাকি হত্যা সেই সিদ্ধান্তে আসার মতো যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 02:25 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

কিংস্টন, জ্যামাইকা, ২৯ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রায় এক মাস ধরে চলেছে তদন্তটা। কিন্তু বব উলমারকে হত্যা করা হয়েছিল নাকি তার মৃত্যুটা স্বাভাবিক ছিল তা রহস্যের আবর্তেই থেকে গেল আরো এক বার। মাসব্যাপী চলা তদন্ত শেষে ১১ সদস্যের জুরি বোর্ডও নিশ্চিত হতে পারেনি এ ব্যাপারে। বুধবার তারা জানিয়েছে বিশ্বকাপ চলার সময় পাকিস্তানের কোচ উলমারের মৃত্যু স্বাভাবিক নাকি হত্যা সেই সিদ্ধান্তে আসার মতো যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। আয়ারল্যান্ডের কাছে হেরে পাকিস্তান বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর দিন অর্থাৎ ১৮ মার্চ কিংস্টনের পেগাসাস হোটেলের বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যায় উলমারকে। বেশ কিছুক্ষণ পর হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। জ্যামাইকান পুলিশ অবশ্য শুরু থেকেই এটাকে হত্যা হিসাবে সন্দেহ করে আসছিল। জোরালো তদন্তও করেছিল টানা তিন মাস। কিন্তু তিন জন বিদেশী প্যাথলজিস্ট উলমারের মৃত্যুকে স্বাভাবিক হিসাবে ঘোষণা করলে তদন্ত থামিয়ে দেয় তারা। কিন্তু প্রায় এক মাস আগে ১১ সদস্যের জুরির মাধ্যমে আবার শুরু হয় 'ল্যাপটপ' কোচের মৃত্যু-তদন্ত। তখন অনেকেই আশা করেছিলেন এবার বোধহয় রহস্যের সমাধান হবে। সেই আশা আর পূর্ণ হল না তাদের। কারণ জুরি বোর্ড এই মৃত্যু সম্পর্কে যে সিদ্ধান্তে পৌঁছেছে তা রহস্য উন্মোচন করতে পারেনি একটুও। নাম প্রকাশে অনিচ্ছুক জুরি বোর্ডে মুখপত্র জানিয়েছেন, "উপস্থাপন করা সাক্ষ্যপ্রমাণ ছিল খুবই দুর্বল। এর মধ্যে অনেক 'যদি' ও 'কিন্তু' ছিল। চূড়ান্ত সিদ্ধান্তে তাই আসা যায়নি।" উলমারের মৃত্যু নিয়ে যে আর কোনো তদন্ত করা সম্ভব নয় সেটাও জানিয়ে দিয়েছেন এই তদন্তের পরিচালক করোনার প্যাট্রিক মার্ফি। জুরিদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন "আপনারা আপনাদের কাজ করেছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ। আমি তদন্তের সমাপ্তি ঘোষণা করলাম আর আপনাদের অব্যাহতি দিলাম।" এমনকি মার্ক শিল্ডসও মেনে নিয়েছেন জুরিদের সিদ্ধান্ত। জ্যামাইকার ডেপুটি পুলিশ কমিশনার শিল্ডস শুরু থেকেই উলমারের মৃত্যুকে হত্যা বলে আসছিলেন। কিন্তু জুরিদের সিদ্ধান্তটা নির্দ্বিধায় মেনে নিয়ে স্কটল্যান্ড ইয়ার্ডের সাবেক কর্মকর্তা জানিয়েছেন, "জেসিএফ (জ্যামাইকার পুলিশবাহিনী) একটা জোরালো তদন্তই করেছিল। আমরা ৪০০রও বেশি মানুষের সাক্ষাতকার নিয়েছি, ২০০র বেশি সাক্ষীর বিবৃতি নিয়েছি। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নেয়ার দায়িত্ব ছিল করোনারের ওপরে। এখন তাই সব কিছু শেষ হয়ে গেছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০১৫ঘ.