২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রফিকের না থাকাটাই সবচেয়ে বড় চমক

রফিকুল আলমের নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটির গড়া প্রথম দলে নেই বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের নায়ক। সোমবার নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ জনের বাংলাদেশ দলের এটাই সবচেয়ে বড় চমক। দীর্ঘদিন দলের মূল স্পিন ভরসা হয়ে থাকা মোহাম্মদ রফিক নেই এই দলে। আর ওয়ানডে দলে একেবারেই নতুন মুখ জুনায়েদ ইমরোজ সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 04:52 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, ২৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- রফিকুল আলমের নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটির গড়া প্রথম দলে নেই বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের নায়ক। সোমবার নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ জনের বাংলাদেশ দলের এটাই সবচেয়ে বড় চমক। দীর্ঘদিন দলের মূল স্পিন ভরসা হয়ে থাকা মোহাম্মদ রফিক নেই এই দলে। আর ওয়ানডে দলে একেবারেই নতুন মুখ জুনায়েদ ইমরোজ সিদ্দিকী। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে একটাই ম্যাচ খেলে সাফল্য পাওয়া এই হার্ডহিটার ওপেনার চলতি জাতীয় লিগেও ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। তবে বাজে পারফরম্যান্সের কারণে ছিটকে পড়েছেন সাবেক সহ-অধিনায়ক শাহরিয়ার নাফীস এবং মাহমুদুল্লাহ রিয়াদ। আর দীর্ঘদিন পর দলে ফিরেছেন পেসার নাজমুল হোসেন। দল ঘোষণার সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তাদের দায়িত্বে বহাল থাকবেন ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত। আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার আগেই প্রধান নির্বাচক রফিকুল আলম বলে রাখলেন, "এই দলটা সিনিয়রিটি কিংবা জুনিয়রিটির ভিত্তিতে হয়নি। আবার পুরোপুরি ফর্মের ওপর ভিত্তি করেও নয়। ঘরোয়া ও আন্তুর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স এবং নিউজিল্যান্ডের কন্ডিশনে উপযোগীতা বিবেচনায় দক্ষ ক্রিকেটারদের নিয়েই দলটা সাজিয়েছি আমরা।" সবক্ষেত্রে এই কথাগুলো তারা মাথায় রাখতে পেরেছেন বলে মনে হয় না। কারণ অনেকদিন ধরেই যার ওয়ানডে ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলে ধরা হচ্ছে সেই জাভেদ ওমরও আছেন এই দলে। প্রধান নির্বাচক অবশ্য ব্যাখ্যায় বলছেন, "জাভেদ অনেক অভিজ্ঞ একজন ব্যাটসম্যান। তাছাড়া চলতি জাতীয় লিগে ও একটা সেঞ্চুরিও তো করেছে।" করেছেন বটে, তবে সেটা চারদিনের ম্যাচে। বরং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় লিগের ওয়ানডেতে বরিশালের ১৫১ রান টপকাতে গিয়ে হারতে বসেছিল ঢাকা। কারণ ৪০-তম ওভার পর্যন্ত ব্যাটিং করে ১০৯ বলে ৪৬ রান করে রানআউট হয়েছিলেন জাভেদ! জুনায়েদ ও তামিম ইকবালের সঙ্গে তাকে যোগ করে নিউজিল্যান্ডগামী বাংলাদেশ দলে ওপেনার তিনজন। নিউজিল্যান্ডের সিমিং কন্ডিশনের কথা মাথায় রেখে মাশরাফি, সৈয়দ রাসেল এবং শাহাদাত হোসেন রাজীবের সঙ্গে চতুর্থ পেসার হিসেবে ঢুকেছেন নাজমুল হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিতে থেকেও যার গত এক বছরে জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলা হয়নি। এমনকি কখনো মূল দলের জন্য তার নাম বিবেচনায় এসেছে বলেও শোনা যায়নি। সেই নাজমুল হুট করে আবার কীভাবে জাতীয় দলে এলেন? এ প্রশ্নে প্রধান নির্বাচকের জবাব, "ঘরোয়া ক্রিকেট ছাড়াও 'এ' দলের হয়ে নাজমুলের গত কিছুদিনের পারফরম্যান্স বেশ ভালো। তাছাড়া একাডেমী দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে ও দুর্দান্ত বোলিং করেছে।" গত জুলাই আগস্টে শ্রীলঙ্কা সফরে একটাই ওয়ানডে খেলে সম্ভাবনার ইঙ্গিত দেওয়া অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে না রাখার কারণ এটা, "জাতীয় লিগের পাঁচটা ম্যাচ হয়ে গেল। আমরা (নির্বাচকরা) সবাই ম্যাচগুলো ঘুরেফিরে দেখেছি। রিয়াদ খুব একটা ভালো করেনি।" একই কথা প্রযোজ্য শাহরিয়ার নাফীসের ক্ষেত্রেও। তবে রফিক এই ওপেনারের বিষয়ে একটা ফুটনোট দিয়ে রাখলেন, "সন্দেহ নেই নাফীস আন্তর্জাতিক ক্রিকেটে খূবই সফল একজন ব্যাটসম্যান। জাতীয় লিগের তো আরো পাঁচটা ম্যাচ বাকী আছে। দেখা যাক না কী হয়!" রানে ফিরলে কে জানে, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে জায়গা হয়েও যেতে পারে নাফীসের। নয়জনের 'স্ট্যান্ডবাই' তালিকায় নাম আছে তারও। প্রধান নির্বাচক জানিয়েছেন এই নয়জনের বাইরের কারো টেস্ট দলে ঠাঁই হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষেই জানানো হবে টেস্ট খেলতে কারা যাচ্ছেন এবং কারা ফিরে আসছেন। ছেলের অসুস্থ্যতরা জন্য ওয়ানডে না খেলেই শ্রীলঙ্কা থেকে ফিরে এসেছিলেন রফিক। তাকে অবশ্য 'বাদ দিয়েছেন' বলতে চাইছেন না রফিকুল, "নিঃসন্দেহে রফিক বাংলাদেশের অন্যতম সেরা পারফরমার। কিন্তু ভারতের বিপক্ষে সিরিজের পর থেকেই ও ছন্দ হারিয়ে ফেলেছে বলে মনে হয়েছে আমাদের। এজন্যই তাকে একটা ব্রেক দিয়েছি আমরা।" নিউজিল্যান্ডের কন্ডিশন বিবেচনায় দলে নির্বাচকরা স্পেশালিস্ট স্পিনার রেখেছেন একজনকেই, আব্দুর রাজ্জাক। এছাড়া সাকিব আল হাসানের বাঁ হাতি স্পিনের ওপর সবসময়ই আস্থা রেখে আসছে বাংলাদেশ শিবির। এ দু'জন ছাড়া দরকারে অনিয়মিতদের শরণাপন্ন হওয়ারই পরিকল্পনা বাংলাদেশের। রফিকুলের কথায় তা-ই মনে হলো, "মেহরাবের বাঁ হাতি স্পিনটা কাজে লাগানো যেতে পারে। তাছাড়া তুষার ইমরানও অফস্পিন করতে পারে।" এর আগে দলে অনিয়মিত তুষারের এখন থেকে নিয়মিত হওয়ার ইঙ্গিতও দিয়েছেন প্রধান নির্বাচক, "এর আগে তুষারকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি। 'এ' দলের অধিনায়ক হিসেবে ভালো করেছে। ঘরোয়া ক্রিকেটেও খারাপ করেনি। আমরা মনে করেছি মিডল অর্ডারে ওর মতো একজনকে দরকার। আগে ওকে হয়তো সফরের মাঝে সুযোগ দেওয়া হয়েছে। আবার বাদও দেওয়া হয়েছে তাড়াতাড়িই। এবার আমরা ওকে সুযোগ দিতে চাই।" নিউজিল্যান্ডগামী বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা (সহ-অধিনায়ক), জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, সৈয়দ রাসেল, আফতাব আহমেদ, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, জুনায়েদ ইমরোজ সিদ্দিকী, ফরহাদ রেজা, মেহরাব হোসেন জুনিয়র, তামিম ইকবাল এবং নাজমুল হোসেন। স্ট্যান্ড বাই : রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, হাবিবুল বাশার, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, ডলার মাহমুদ, সাজিদুল ইসলাম এবং এনামুল হক জুনিয়র। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/ঘ.