২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবার আগে শিষ্যদের মাঠের পারফরম্যান্স দেখবেন সিডন্স

কথা ছিল ২৭ নভেম্বর দল নিয়ে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে নেমে পড়বেন জেমি সিডন্স। যে কারণে ষষ্ঠ রাউন্ড থেকেই জাতীয় ক্রিকেট লিগের বাইরে থাকার সম্ভাবনা ছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না। জাতীয় ক্রিকেটারদের আরো একটা রাউন্ডের জন্য পাচ্ছে দেশের একমাত্র ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 04:05 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, ২৪ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- কথা ছিল ২৭ নভেম্বর দল নিয়ে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে নেমে পড়বেন জেমি সিডন্স। যে কারণে ষষ্ঠ রাউন্ড থেকেই জাতীয় ক্রিকেট লিগের বাইরে থাকার সম্ভাবনা ছিল বাংলাদেশ দলের ক্রিকেটারদের। কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না। জাতীয় ক্রিকেটারদের আরো একটা রাউন্ডের জন্য পাচ্ছে দেশের একমাত্র ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট। কারণ নতুন কোচ তার শিষ্যদের মাঠেই দেখে নিতে চান সবার আগে। ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ষষ্ঠ রাউন্ডে জেমি সিডন্স মাঠ থেকে মাঠে ঘুরে বেড়াবেন। দেখবেন নিউজিল্যান্ডগামী বাংলাদেশ দলের ক্রিকেটারদের পারফরম্যান্স। প্রস্তুতি শিবির তাই শুরু হবে জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ড শেষে, ২ ডিসেম্বর থেকে। গত মাসে চুক্তির আনুষ্ঠানিকতা সেরে দেশে ফিরে যান সিডন্স। অস্ট্রেলিয়া দলের সাবেক এই সহকারী কোচ যাওয়ার সময় বেশ কিছু ভিডিও ফুটেজ নিয়ে গিয়েছিলেন ক্রিকেটারদের। বলেছিলেন, ফেরার সময় এদেশের ক্রিকেটারদের সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা নিয়ে ফিরতে তাকে সাহায্য করবে ফুটেজগুলো। রোববার দুপুরে তিনি দায়িত্ব বুঝে নিতে আবার ঢাকায় আসছেন। আসার একদিন পরই ব্যাট-বল নিয়ে মাঠে নেমে পড়ার কথা থাকলেও তা হচ্ছে না। সূচীতে এই পরিবর্তনের কারণ জানাতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ লিপু বললেন, "আগে থেকেই ঠিক হয়ে ছিল যে ২৭ তারিখে ক্যাম্প শুরু হবে। কিন্তু কোচ পরে আবার জানালেন, তিনি ক্যাম্পের আগে মাঠেই তার ক্রিকেটারদের দেখে নিতে চান। এতে ভালোই হয়েছে। ছেলেরা আরেকটা রাউন্ড খেলার মধ্যে থাকতে পারছে।" ষষ্ঠ রাউন্ড শুরু হওয়ার আগের দিনই অবশ্য নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল ঘোষিত হয়ে যাবে। ২৬ নভেম্বর সকালে দল চূড়ান্ত করতে নির্বাচকরা বসবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক রফিকুল আলম। আর সেদিন বিকেলে বিসিবির অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভায় অনুমোদনের পর দল জানানো হবে। প্রধান নির্বাচক আরো জানাচ্ছেন, "আগে তো ওয়ানডে সিরিজ। তাই ওয়ানডের দলটাই আমরা আগে দিচ্ছি। আর যাদেরকে আমরা শুধু টেস্টের জন্য ভাবছি, তারা টেস্ট সিরিজ শুরুর এক সপ্তাহ আগে নিউজিল্যান্ড যাবে। কাজেই টেস্ট দলটা পরে দিলেও চলছে।" তার আগে ওয়ানডে দলে কী নতুন কোনো মুখ দেখার সম্ভাবনা আছে? এ প্রশ্নে তার জবাব, "থাকতেও পারে, আবার নাও পারে। নতুন কাদের কথা আমরা ভাবছি, তা আপনারাও জানেন। কিন্তু নিউজিল্যান্ডের মতো কঠিন সফরে একেবারেই নতুন একজনকে ব্রেক দেব কিনা সে কথাও ভাবতে হবে আমাদের।" আগেই জানিয়েছেন, বরিশালের বাঁ হাতি পেসার সাজিদুল ইসলাম ও খুলনার বাঁ হাতি ওপেনার ইমরুল কায়েসের পারফরম্যান্স মনে ধরেছে তার। তাছাড়া ঢাকার বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল তার পারফরম্যান্স দিয়ে ইতিমধ্যেই ওয়ানডেতে চ্যালেঞ্জ জানিয়ে ফেলেছেন অভিজ্ঞ মোহাম্মদ রফিককে। পাশাপাশি তার ভালো ব্যাটিংয়ের হাতটাও এগিয়ে রাখছে রুবেলকে। ২৭ নভেম্বর ষষ্ঠ রাউন্ডে খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় খেলবে সিলেট-রাজশাহী। আর বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রামের প্রতিপক্ষ বরিশাল। এর মধ্যে চট্টগ্রামে সম্ভবত যাচ্ছেন না সিডন্স। লিপু তেমনই জানালেন, "খুলনার ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ন। সেই সঙ্গে ফতুল্লার ম্যাচটাও। আপাতত এই দুটো ম্যাচই দেখার কথা আছে তার।" তবে হ্যামস্ট্রিংয়ের সমস্যা এখনো কাটিয়ে উঠতে না পারা আব্দুর রাজ্জাক খেলতে পারছেন না এই রাউন্ডেও। খুলনার এই বাঁ হাতি স্পিনার খেলার ছাড়পত্র পাননি ফিজিওর কাছ থেকে। যেমন পাননি সিলেটের মুশফিকুর রহিম। তবে মোহাম্মদ আশরাফুলকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। লিপু জানিয়েছেন, "কোনো ফ্র্যাকচার হয়নি ওর হাতে। একটু ব্যথা আছে। আশা করছি পরবর্তী ম্যাচের আগেই সব ঠিক হয়ে যাবে।" ফিরছেন প্রথম রাউন্ডে খেলার পর থেকেই জ্বর এবং হাতের পেশীতে টানের জন্য মাঠের বাইরে চলে যাওয়া পেসার শাহাদাত হোসেন রাজীব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯৪৬ঘ.