মুম্বাই, ২২ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তার পত্রিকায় কলাম লেখা নিয়ে বেশ কিছু দিন ধরেই আপত্তি জানিয়ে আসছিল বিসিসিআই। কিন্তু সেই আপত্তিতে কর্ণপাত করেননি ভারতের প্রধান নির্বাচক দিলীপ ভেংসরকার। লেখা চালিয়ে যাওয়ার পাশাপাশি সাক্ষাৎকারও দিয়েছিলেন কয়েকটি পত্রিকায়। ক্ষুব্ধ-অপমানিত ভারতীয় ক্রিকেট বোর্ড তাই ভেংসরকারকে কারণ দর্শানো নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের একটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক সহ মারাঠি পত্রিকা 'সকাল' ও হিন্দি দৈনিক 'অমর উজালা'য় বেশ কিছু দিন ধরেই কলাম লিখছিলেন ভেংসরকার। তা নিয়ে আপত্তি করার পরও কোনো কাজ না হওয়ায় কঠিন সিদ্ধান্তটা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহ, "আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাবো। কারণ বোর্ড তার মনযোগ আকর্ষণ ও লেখার ওপরে নিষেধাজ্ঞা জারির পরও তিনি লেখা চালিয়ে গেছেন। "
বোর্ডের সহ-সভাপতি রাজিব শুক্লা আরো আক্রমণাত্মক ভারতের সাবেক অধিনায়কের প্রতি, "বিসিসিআই-এর কথা হল কলামিস্টের কাজ চালিয়ে যেতে চাইলে তিনি প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিতে পারেন।"
বছর খানেক আগে প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার পর থেকেই ভেংসরকার কলাম লিখে আসছিলেন। পত্রিকায় কলাম লিখে ঝামেলায় পড়া তার জন্য নতুন ঘটনা নয়। ১৯৮৯ সালে পাকিস্তান সফরের আগে এই কারণে ৬ মাসের জন্য সাসপেন্ড হয়েছিলেন ভেংসরকার।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮১০ঘ.
bdnews24