ঢাকা, ২১ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- চলতি জাতীয় লিগে আচরণবিধি ভঙ্গের জন্য ক্রিকেটারদের জরিমানা করার ঘটনা নিয়মিতই ঘটছে। পঞ্চম রাউন্ডের চারদিনের ম্যাচের শেষ দিনেও তার ব্যতিক্রম হয়নি। ঢাকা অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ম্যাচ ফি'র শতকরা ৩০ ভাগ জরিমানা করেছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। তার সতীর্থ পেসার মাহবুবুল আলম রবিনকে অবশ্য জরিমানা নয়, কেবল সতর্ক করে দিয়েছেন তিনি।
রাজশাহীর দ্বিতীয় ইনিংসে আম্পায়ার ফরহাদ রেজাকে আউট না দেয়ার পরও আশরাফুল ও রবিন উইকেটের পেছনে দাঁড়িয়ে আবেদন করে যাচ্ছিলেন। এরপর আশরাফুল আম্পায়ারকে অনুরোধ করেন, তিনি যেন লেগ আম্পায়ারের সঙ্গে তার সিদ্ধান্তটা নিয়ে পরামর্শ করেন। ম্যাচশেষে শুনানিতে দুই ক্রিকেটারই তাদের আচরণবিধি ভঙ্গের কথা মেনে নেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১২৯ঘ.
bdnews24