ঢাকা, ২১ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় তিনি অপরাজিত ছিলেন ৫২ রানে। পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সফরের একমাত্র চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনে সেটাকে তিন অঙ্কের ঘরে নিয়ে গেছেন রনি তালুকদার। তার সেঞ্চুরির সুবাদে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে বড় সংগ্রহই দাঁড় করিয়ে ফেলেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। তাদের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৪৩ রানে। রনি করেছেন ১০৭ রান। তবে পাকিস্তান যুব দলের জবাবটাও ভালই হচ্ছে । দ্বিতীয় দিন শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ২১৪ রান করেছে তারা ।
পাকিস্তানের একমাত্র উইকেটটি নিয়েছেন রুবেল। তবে তাদের দুই সেঞ্চুরিয়ানকে এখনো আউট করতে পারেনি বাংলাদেশ। আহমেদ শেহজাদ এবং ওমর আলিমের সেঞ্চুরি দিনের শেষে পাকিস্তানকে দারুন অবস্থায় নিয়ে গেছে। দু'জনেই ঠিক ১০০ রান করে অপরাজিত আছেন। এর আগে রনি তালুকদার তার ১০৭ রানের ইনিংসটা খেলেছেন ১৪১ বলে। তার ইনিংসটা সাজানো ছিল ১১ টি বাউন্ডারি ও দুটো ছক্কায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৫৬ঘ.
bdnews24