২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুম্বলের প্রতি জয়প্রকাশের শুভকামনা

ওয়াসিম আকরামের ব্যাট ছুঁয়ে বল চলে গেল শর্ট লেগে দাঁড়ানো ভিভিএস লক্ষ্মণের হাতে। আর উল্লাসে মেতে উঠলেন অনিল কুম্বলে ও তার সতীর্থরা। তার নাম যে তখন ইতিহাসের পাতায়, জিম লেকারের পাশে! ১৯৯৯-র ৭ ফেব্র"য়ারি দিল্লীর ফিরোজ শাহ কোটলার ধূসর বিকেলে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সবগুলো উইকেট মুঠোবন্দী করা কুম্বলের অনন্যসাধারণ অর্জনের সঙ্গে উচ্চারিত হয় আরেকটি নামও। দিল্লী টেস্টের দ্বিতীয় ইনিংসে প্যাভিলিয়ন প্রান্ত থেকে বল করে দশ উইকেট তুলে নিয়েছিলেন কুম্বলে এবং সেই প্রান্তেই ছিলেন আম্পায়ার এ, ভি, জয়প্রকাশ! আবারো সেই কোটলায় পাকিস্তানের বিপক্ষেই প্রথম বারের মতো টেস্টে ভারতকে নেতৃত্ব দিতে নামার আগে জয়প্রকাশ শুভকামনা জানালেন কুম্বলেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 12:36 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

নয়াদিল্লী, ২১ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ওয়াসিম আকরামের ব্যাট ছুঁয়ে বল চলে গেল শর্ট লেগে দাঁড়ানো ভিভিএস লক্ষ্মণের হাতে। আর উল্লাসে মেতে উঠলেন অনিল কুম্বলে ও তার সতীর্থরা। তার নাম যে তখন ইতিহাসের পাতায়, জিম লেকারের পাশে! ১৯৯৯-র ৭ ফেব্র"য়ারি দিল্লীর ফিরোজ শাহ কোটলার ধূসর বিকেলে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সবগুলো উইকেট মুঠোবন্দী করা কুম্বলের অনন্যসাধারণ অর্জনের সঙ্গে উচ্চারিত হয় আরেকটি নামও। দিল্লী টেস্টের দ্বিতীয় ইনিংসে প্যাভিলিয়ন প্রান্ত থেকে বল করে দশ উইকেট তুলে নিয়েছিলেন কুম্বলে এবং সেই প্রান্তেই ছিলেন আম্পায়ার এ, ভি, জয়প্রকাশ! আবারো সেই কোটলায় পাকিস্তানের বিপক্ষেই প্রথম বারের মতো টেস্টে ভারতকে নেতৃত্ব দিতে নামার আগে জয়প্রকাশ শুভকামনা জানালেন কুম্বলেকে। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের অফস্পিনার জিম লেকারের ইনিংসে দশ উইকেট পাওয়ার পুনরাবৃত্তি যে কোনো দিন হবে তা বোধহয় কেউই ভাবতে পারেনি। এক ইনিংসে প্রতিপক্ষের সবগুলো উইকেট শিকার করা তো সহজ কথা নয়! কুম্বলে নিজেও কি ভেবেছিলেন? তবে টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারীর সেই অসাধারণ অর্জনের দিকে এখনো বাঁকা দৃষ্টিতে তাকান কোনো কোনো ক্রিকেটপ্রেমী। তাদের মতে সেদিন কুম্বলের দশ উইকেটের তিন/চারটির সিদ্ধান্ত ছিল বিতর্কিত। কুম্বলে জয়প্রকাশের প্রান্ত থেকে বল করছিলেন আর জয়প্রকাশ এক জন ভারতীয়। অর্থাৎ 'দেশপ্রেমিক' আম্পায়ারের কৃপাধন্য হয়েই কুম্বলের সেই ঈর্ষণীয় সাফল্য! তবে যে যা-ই বলুক না কেন জয়প্রকাশের মনে তা নিয়ে কোনো গ্লানি নেই। আর তাই দিল্লী থেকে হাজার কিলোমিটার দূরে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে বসেও ভারতের নতুন টেস্ট অধিনায়কের প্রতি শুভকামনা জানালেন তিনি, "আমি চাই সে (কুম্বলে) আবার ইনিংসে দশ উইকেট পাক। তবে এটাও জানি যে তা সব সময় সম্ভব নয়।" শুধু কুম্বলে একা নন, ভারতীয় দলের সব সদস্যই শুভেচ্ছা পেয়েছেন ১৩টি টেস্ট ও ৩৮টি ওয়ানডেতে আম্পায়ারের দায়িত্ব পালন করা জয়প্রকাশের কাছ থেকে, "শুধু তার (কুম্বলের) একার জন্য নয়, ভারতীয় দলের প্রত্যেকের জন্যই প্রার্থনা করবো আমি।" অনেকদিন সহ-অধিনায়কের দায়িত্ব পালন করার পর কুম্বলে শেষ পর্যন্ত ভারতের নেতৃত্ব পাওয়ায় তিনি দারুণ আনন্দিতও, "সে সব সময় অধিনায়ক হতে চাইতো। তবে সুযোগটা আগে কখনো পায়নি। অধিনায়কত্ব তার অনেক দিনের পাওনা।" প্রায় ৯ বছর আগের কুম্বলের কীর্তিধন্য সেই দিল্লী টেস্টে নিজের ভূমিকা নিয়েও তার মনে কোনো গ্লানি নেই, "(ঐ ম্যাচ সম্পর্কে) আমার মনে কোনো অনুভূতি নেই। কারণ আমি ছিলাম নিরপেক্ষ আম্পায়ার। আর আগামীকালের (বৃহস্পতিবারের) ম্যাচটা হবে কুম্বলের জন্য শুধুই একটা টেস্ট।" ক্যালকাটা নিউজ ডটনেট-এর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৩৪ঘ.