সিডনি, ২১ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইনফর্ম ব্র্যাড হগকে হটিয়েই সিরিজে জায়গা পেয়েছিলেন দলে। স্টুয়ার্ট ম্যাকগিল সে অর্থে মান রাখতে পারেননি নির্বাচকদের। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে ৬৫.২০ গড়ে মাত্র ৫ উইকেট নিয়ে নিজের ক্যারিয়ারকে আবারও আশঙ্কায় ফেলেছেন অস্ট্রেলিয়ান এই লেগ স্পিনার। অস্ট্রেলিয়া দলের কোচ টিম নিয়েলসন সাফ জানিয়ে দিয়েছেন ভারতের বিপক্ষে সিরিজের আগে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে ম্যাকগিলকে। নয়তো দলে জায়গার নিশ্চয়তা নেই তার।
দীর্ঘ দেড় বছর বাদে টেস্ট ক্রিকেটে ফেরার চেয়ে ম্যাকগিলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল তার হাঁটু এবং হাতের ইনজুরি। তার অবস্থা কতটা খারাপ তা প্রকটভাবেই ধরা পড়েছে হোবার্ট টেস্টে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে। একগাদা ফুলটস ও লং-হপ দিয়ে লঙ্কান ব্যাটসম্যানদের থিতু হতে সাহায্য করেছেন ম্যাকগিল। নিয়েলসন জানিয়েছেন ম্যাকগিলের প্রতি তাদের পক্ষপাত থাকছে। কিন্তু ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হওয়ার আগেই নিজের ফিটনেসের প্রমাণ দিতে হবে তাকে, "আমার ধারণা সে বুঝতে পেরেছে আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটে সাফল্য ধরে রাখতে হলে শারীরিক সক্ষমতাটাও খুব জরুরি। আগামী মৌসুমটা আমাদের টানা টেস্ট ম্যাচ খেলতে হবে আর সে ধকল সামলাতে হলে ফিট থাকতে হবে প্রত্যেককেই। স্টুয়ার্ট মাস দেড়েক হলো অস্ত্রোপচার করিয়েছে এবং নিজেকে ফিরে পেতে খুব খাটছে। আমরা তাকে উৎসাহ দিচ্ছি যাতে সে খুব শিগগিরি নিজেকে ফিরে পেতে পারে।"
আর ৩৪ দিন পরে ভারত আসছে অস্ট্রেলিয়ায়। এই সময়টায় ঘরোয়া পিউরা কাপে কমপক্ষে দুটো ম্যাচে ম্যাকগিলের পারফরম্যান্স দেখবেন নিয়েলসন। রিকি পন্টিং ম্যাকগিলকে শেন ওয়ার্নের পর অস্ট্রেলিয়ার সেরা স্পিনারের স্বীকৃতি দিয়েছেন। কিন্তু নিয়েলসেনের মতো অস্ট্রেলিয়ান অধিনায়কও উদ্বেগ জানিয়েছেন তার ফিটনেস নিয়ে, "সন্দেহ নেই হাঁটু এবং হাতে সমস্যা নিয়েও সে আপ্রাণ চেষ্টা করে গেছে সিরিজে। তবে নিজের ফিটনেস ফিরে পাওয়ার জন্য কয়েক সপ্তাহ হাতে পাচ্ছে সে। যদি সে সফল হয়ে তাহলে সন্দেহ নেই ওকেই আমরা স্পিনার হিসেবে অগ্রাধিকার দেব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৬৫০ঘ.
bdnews24