ঢাকা, ২০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- চারদিনের ম্যাচ দিয়ে পাকিস্তান সফর শুরু করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। করাচীতে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সফরের একমাত্র দীর্ঘ পরিসরের ম্যাচে টসে হেরে ব্যাটিং পাওয়া সোহরাওয়ার্দী শুভর দল শুভ সূচনাই করেছে। প্রথম দিনশেষে তারা ৭ উইকেটে তুলেছে ২৭৩ রান।
করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে অবশ্য শুরুতে বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ যুব দল। মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই আউট হয়ে যান সহ-অধিনায়ক এবং ওয়ানডেতে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল (০)। শুরুর এই বিপর্যয় অবশ্য সামলে নেয় বাংলাদেশ দল। আর তাতে নেতৃত্ব দেন আশরাফুল আজিজ, ইনিংস সর্বোচ্চ ৭৭ রান করেছেন তিনি। ১৩৩ বলের এই ইনিংসটি তিনি সাজিয়েছেন ১১ টি বাউন্ডারি দিয়ে।
ফিফটি করেছেন রনি তালুকদারও। ৬ বাউন্ডারিতে ৫২ রান করে অপরাজিত আছেন তিনি। এছাড়া বলার মতো রান করেছেন মিথুন আলী (৪১) ও মাহমুদুল হাসান (৩১)। পাকিস্তার অনুর্ধ্ব-১৯ দলের রমিজ ৫৭ রানে নিয়েছেন ৩ উইকেট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০৫ঘ.
bdnews24