২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম জয়ের পথে চট্টগ্রাম, সুবিধাজনক অবস্থানে খুলনা-রাজশাহী

চট্টগ্রাম-সিলেট চারদিনের ম্যাচটা এখন তিনদিনের হয়ে যাওয়ার জোর সম্ভাবনা! চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে দ্বিতীয় দিনে সিলেটের ব্যাটিং ব্যর্থতায় প্রথম জয় থেকে এখন আর খুব বেশি দূরে নেই স্বাগতিকরা। তাদের ৩০৮ রানের জবাবে ১২৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়া সিলেটের দ্বিতীয় ইনিংসের অবস্থাও ভালো নয়, ৪ উইকেটে ৭৬। ইনিংস হার এড়াতে হলে আরো ১০৫ রান করতে হবে তাদের। ওদিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের প্রথম ইনিংস (২৯৮) প্রত্যাশানুযায়ী না হলেও তাদের লিড নেওয়া একরকম নিশ্চিতই। দ্বিতীয় দিনের শেষে ঢাকা ২০৫ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৯ উইকেট। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সুবিধাজনক অবস্থায় আছে খুলনাও। ৯ উইকেটে ৩৯৬ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণার পর বরিশাল ৫ উইকেটে করেছে ১৫৯ রান। ফলোঅন তাই চোখ রাঙ্গাচ্ছে বরিশালের দিকেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 04:11 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, ১৯ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- চট্টগ্রাম-সিলেট চারদিনের ম্যাচটা এখন তিনদিনের হয়ে যাওয়ার জোর সম্ভাবনা! চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে দ্বিতীয় দিনে সিলেটের ব্যাটিং ব্যর্থতায় প্রথম জয় থেকে এখন আর খুব বেশি দূরে নেই স্বাগতিকরা। তাদের ৩০৮ রানের জবাবে ১২৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়া সিলেটের দ্বিতীয় ইনিংসের অবস্থাও ভালো নয়, ৪ উইকেটে ৭৬। ইনিংস হার এড়াতে হলে আরো ১০৫ রান করতে হবে তাদের। ওদিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের প্রথম ইনিংস (২৯৮) প্রত্যাশানুযায়ী না হলেও তাদের লিড নেওয়া একরকম নিশ্চিতই। দ্বিতীয় দিনের শেষে ঢাকা ২০৫ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৯ উইকেট। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সুবিধাজনক অবস্থায় আছে খুলনাও। ৯ উইকেটে ৩৯৬ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণার পর বরিশাল ৫ উইকেটে করেছে ১৫৯ রান। ফলোঅন তাই চোখ রাঙ্গাচ্ছে বরিশালের দিকেও। ৯ উইকেটে ২৮৯ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রাম তিনশো পার করে ৩ বোনাস পয়েন্ট নিশ্চিত করার পর বাকি দিনটা কেবলই সিলেটের ব্যাটসম্যানদের ব্যর্থতার গল্প। তাদের প্রথম ইনিংস সর্বোচ্চ ২১ রান অধিনায়ক রাজিন সালেহর! তবে তাদের মাত্র ১২৭ রানে শেষ করে দেওয়ার পথে চট্টগ্রামের বাঁ হাতি স্পিনার সাজু দত্ত ও বাঁ হাতি পেসার কামরুলের অবদানও কম নয়। কামরুল ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন। আর সাজু ৪ উইকেট তুলে নিতে খরচ করেছেন মাত্র ২৩ রান। দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৩ উইকেট নেওয়া ইয়াসিন আরাফাতও সিলেটের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত থাকার কারণ। অধিনায়ক খালেদ মাসুদের কাঁধে বর্তেছিল রাজশাহীর ইনিংসকে এগিয়ে নেওয়ার দায়িত্ব। কিন্তু ৫ উইকেটে ২৫৭ রান নিয়ে দিন শুরুর পর খুব একটা এগুনো হয়নি অবশ্য। কারণ আগেরদিনের ৬৮ রানের সঙ্গে আর মাত্র ৫ রান যোগ করেই আউট হয়ে যান মাসুদ। রাজশাহীও আর ৪১ রানে বাকি উইকেটগুলো হারিয়ে বসে। তিনশোর কমে প্রতিপক্ষকে বেঁধে ফেলার পরও সাকলায়েন সজীবের স্পিনে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে রাজশাহী। মাত্র ৩৪ রান খরচায় ৪ উইকেট তুলে নেওয়া সাকলায়েনের সঙ্গে পেসার আলমগীর কবীরেরও ৬৫ রানে শিকার ৩ উইকেট। শামসুর রহমানের (৫৫) ফিফটি ছাড়া ঢাকার ইনিংসে আর বলার মতো রান মেহরাব হোসেন জুনিয়রের (৪৩)। মাসুদ রাজশাহীর ইনিংসকে বড় করতে না পারলেও পেরেছেন খুলনার তুষার ইমরান। ১২২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা তুষার থেমেছেন ১৬৫ রানে। ততোক্ষণে সাড়ে তিনশো পার করে ব্যাটিং থেকে সর্বোচ্চ ৪ বোনাস পয়েন্ট নিশ্চিত করে ফেলেছে খুলনা। আবার অলআউট হয়ে গেলে প্রতিপক্ষের ৪ বোনাস পয়েন্ট পাওয়া হয়ে যায়। তাই ৯ উইকেটে ৩৯৬ রান তোলার পর আর কোনো ঝুঁকিতে যায়নি খুলনা। ইনিংস ঘোষণা করে দেয়। তবে এখানে পেসার জিয়াউর রহমানের ৫৮ রানের ইনিংসটার কথা না বললেই নয়। জবাবে শুরুতেই বিপদে পড়া বরিশালকে পার করে নেওয়ার আশা দেখাচ্ছিল ইমরান আহমেদ (৬০) ও রাকিবুল হাসানের (৩৮) জুটি। তাদের বিদায়ের পর এখন অন্য ব্যাটসম্যানদের প্রতি ফলোঅন এড়ানোর দাবি। সেটা এড়াতে হলে তৃতীয় দিনে আরো ৮৭ রান করতে হবে তাদের। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৩০ঘ.