জয়পুর, ভারত, ১৭ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যে ম্যাচকে ঘিরে সবচেয়ে বেশি আকর্ষণ থাকার কথা ছিল সেটাই সবচেয়ে অনাকর্ষণীয়! কে ভেবেছিল চতুর্থ ম্যাচ সহজেই জিতে নিয়ে ভারত এক ম্যাচ হাতে রেখে সিরিজটা মুঠোবন্দী করে ফেলবে। সেটা হওয়াতেই রোববার ভারত-পাকিস্তানের পঞ্চম ও শেষ ম্যাচের আকর্ষণ অনেকখানি ম্লান। সামনে টেস্ট সিরিজ থাকায় ভারত চাইছে নিয়মিত কয়েক জন বোলারকে বিশ্রাম দিতে। পাকিস্তানেরও এই ম্যাচের প্রতি তেমন আগ্রহ নেই। তারা বরং টেস্ট সিরিজের জন্য আত্মবিশ্বাস ফিরে পেতেই এই ম্যাচে জিততে চাইছে।
ভারতীয় দলের ম্যানেজার লালচাঁদ রাজপুত জানিয়েছেন দুই বাঁহাতি পেসার জহির খান ও রুদ্রপ্রতাপ সিং এবং স্পিনার হরভজন সিংকে বিশ্রাম দেয়া হতে পারে এই ম্যাচে। সেই সঙ্গে সিরিজে প্রথম বারের মতো তরুণ ব্যাটসম্যান রোহিত শর্মাকে সুযোগ দেয়ার চিন্তা-ভাবনা করছে ভারতের টিম ম্যানেজমেন্ট। খবরটা শুনে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান মিসবাহ-উল হক বেশ উল্লসিত, "যদি ওদের (ভারতের) নিয়মিত একাদশ না খেলে তা হলে আমরা অবশ্যই মনস্তাত্ত্বিক সুবিধা পাবো। আশা করি টেস্ট সিরিজের আগে এই ম্যাচে জিতে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পাবো আমরা।"
আত্মবিশ্বাসই এখন সবচেয়ে দরকার পাকিস্তানের। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে দুটো সিরিজেই হার মেনেছে তারা। ভারতের কাছে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ হেরে যাওয়ায় সফরকারীরা ভীষণ অস্বস্তিতেই আছে এখন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২১৪৫ঘ.
bdnews24