২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট সিরিজেও খেলতে পারছেন না আসিফ

কনুইয়ের ইনজুরির কারণে ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি। টেস্ট সিরিজেও দলের বাইরে থাকতে হচ্ছে মোহাম্মদ আসিফকে। তিন টেস্ট সিরিজের জন্য শুক্রবার ঘোষিত পাকিস্তান দলে রাখা হয়নি এই ফাস্ট বোলারকে। তার বদলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সামি। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সের পুরস্কার হিসাবে দলে ফিরলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2007, 03:21 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

করাচি, ১৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কনুইয়ের ইনজুরির কারণে ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি। টেস্ট সিরিজেও দলের বাইরে থাকতে হচ্ছে মোহাম্মদ আসিফকে। তিন টেস্ট সিরিজের জন্য শুক্রবার ঘোষিত পাকিস্তান দলে রাখা হয়নি এই ফাস্ট বোলারকে। তার বদলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সামি। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সের পুরস্কার হিসাবে দলে ফিরলেন তিনি। ১৫ সদস্যের দলে প্রত্যাশিত ভাবেই রাখা হয়েছে লেগস্পিনার দানিশ কানেরিয়া ও মিডল অর্ডার ব্যাটসম্যান ফয়সাল ইকবালকে। অন্যদিকে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরতে হচ্ছে ইমরান নাজির, শহীদ আফ্রিদি, ফাওয়াদ আলম ও রাও ইফতিখার আঞ্জুমকে। পাকিস্তানের সর্বশেষ টেস্টে (প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা) সুযোগ পাননি সামি। তবে এ মৌসুমে ঘরোয়া ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট কায়দে আজম ট্রফিতে ২১ উইকেট পাওয়া সামিকে উপেক্ষা করতে পারেননি পাকিস্তানের নির্বাচকরা। প্রধান নির্বাচক সালাহউদ্দিনের কথায় সেটাই প্রতিফলিত হয়েছে, "এই মুহূর্তে সামি দুর্দান্ত ফর্মে আছে। আমাদের পেস আক্রমণ শক্তিশালী করা দরকার। আর শোয়েব (আখতার) ও উমর গুলের সঙ্গে সে (সামি) যোগ হলে একটা শক্তিশালী আক্রমণই গড়ে উঠবে বলে মনে হয়েছে আমাদের।" ঘরোয়া ক্রিকেটে কানেরিয়াও দারুণ ফর্মে আছেন। ২৭ উইকেট নিয়ে তিনিই এখন সর্বোচ্চ উইকেট শিকারী। ২২ নভেম্বর থেকে দিল্লীতে শুরু হবে তিন টেস্ট সিরিজের প্রথমটি। পাকিস্তানের টেস্ট দল : শোয়েব মালিক (অধিনায়ক), ইউনিস খান (সহ-অধিনায়ক), সালমান বাট, ইয়াসির হামিদ, মোহাম্মদ ইউসুফ, মিসবাহ-উল হক, ফয়সাল ইকবাল, কামরান আকমল, সরফরাজ আহমেদ, শোয়েব আখতার, উমর গুল, দানিশ কানেরিয়া, সোহেল তানভির, মোহাম্মদ সামি ও আব্দুর রেহমান। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১২০ঘ.