২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই কোনো শাস্তি হচ্ছে না আতাপাত্তুর

ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনশেষে এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার নির্বাচকদের 'এক ভাঁড়ের নেতৃত্বে এক দল পুতুল' বলে রীতিমতো হৈ-চৈ ফেলে দিয়েছিলেন মারভান আতাপাত্তু । আচরণবিধি ভাঙ্গার দায়ে কঠিন শাস্তি পাওয়ার আশঙ্কাও ছিল তার সামনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 12:13 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

কলম্বো, ১৩ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনশেষে এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার নির্বাচকদের 'এক ভাঁড়ের নেতৃত্বে এক দল পুতুল' বলে রীতিমতো হৈ-চৈ ফেলে দিয়েছিলেন মারভান আতাপাত্তু । আচরণবিধি ভাঙ্গার দায়ে কঠিন শাস্তি পাওয়ার আশঙ্কাও ছিল তার সামনে। তবে অস্ট্রেলিয়ার সফরের মাঝপথে আতাপাত্তুকে কোনো রকম শাস্তি দিচ্ছে না 'শ্রীলঙ্কা ক্রিকেট'। শাস্তি আতাপাত্তু পাবেন, তবে সেটা দল অস্ট্রেলিয়া থেকে ফেরার পর। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে সেটা। আতাপাত্তুর সঙ্গে নির্বাচকদের বেশ কিছু দিন ধরেই ঝামেলা চলছে। বিশ্বকাপে একটি ম্যাচেও সুযোগ পাননি। বিশ্বকাপশেষে পাকিস্তানের সঙ্গে একটি ওয়ানডে সিরিজে দলেই রাখা হয়নি তাকে। এর পর ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে সিরিজে সুযোগ পেলেও ক্ষোভে-দুঃখে নিজেই সরে দাঁড়ান দল থেকে। অস্ট্রেলিয়াতেও প্রথমে যেতে চাননি। কারণ প্রধান নির্বাচক অশান্ত ডি মেলের সঙ্গে কথা বলা নাকি সম্ভব নয় তার পক্ষে! শেষ পর্যন্ত শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর অনুরোধে এই সফরে যেতে রাজি হন তিনি। কিন্তু ব্রিসবেন টেস্টে দলের দুরবস্থার জন্য তৃতীয় দিনশেষেই সবাইকে চমকে দেয়ার মতো মন্তব্যটা করেন আতাপাত্তু। তা থেকেই ঝঞ্ঝাটের সূত্রপাত এবং সফরের মাঝপথে দল থেকে বহিষ্কারের আশঙ্কায় পড়েছিলেন সাবেক এই শ্রীলঙ্কান অধিনায়ক। যদিও বর্তমান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও কোচ ট্রেভর বেইলিস দৃঢ়তার সঙ্গে জানিয়ে দেন আগামী শুক্রবার থেকে হোবার্টে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে আতাপাত্তুকে তাদের ভীষণ প্রয়োজন। অধিনায়ক ও কোচের সমর্থনের জন্যই সম্ভবত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড সফরের মাঝপথে কোনো রকম ঝামেলার জন্ম না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে 'শ্রীলঙ্কা ক্রিকেট' জানিয়েছে, "অস্ট্রেলিয়ায় চলমান সফরের মাঝপথে শ্রীলঙ্কা ক্রিকেট কোনো রকম সমস্যা করতে চায় না। কিন্তু নির্বাচকদের সম্পর্কে মারভান আতাপাত্তুর মন্তব্যে শ্রীলঙ্কা ক্রিকেট ভীষণ দুঃখিত ও হতাশ। সে শ্রীলঙ্কায় ফেরার পরই প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮০০ঘ.