২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাভেদের সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থানে ঢাকা

আগের রাউন্ডে চারদিনের ম্যাচের পর ওয়ানডেতেও সেঞ্চুরি করা ইমরুল কায়েস থেকে শুরু করা খুলনার স্বীকৃত ব্যাটসম্যানরা সবাই ব্যর্থ। ব্যতিক্রম কেবল ওপেনার নাজমুস সাদাত। অল্পের জন্য সেঞ্চুরি পাননি ঠিকই। তবে তার ৯৫ রানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে চরম বিপর্যয়ে পড়তে হয়নি স্বাগতিকদের। রাজশাহীকে ২০৩ রানে অলআউট করার পর দ্বিতীয় দিনের শেষে তারা ৭ উইকেটে তুলেছে ১৯০ রান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে ঢাকাকে সুবিধাজনক অবস্থায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে 'অ্যাঙ্কর' এর ভূমিকা পালন করেছেন জাভেদ ওমর। তার সেঞ্চুরিতে ঢাকার রান ৫ উইকেটে ৩০০। ফতুল্লায় সিলেট ৯ উইকেটে ৩৩৫ রান তুলে ইনিংস ঘোষণার পর বরিশাল ৬ উইকেট খুঁইয়ে তুলেছে ২১৫ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 04:39 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, ১১ নভেম্বর (বিডিনিউজ টুযেন্টিফোর ডটকম) --- আগের রাউন্ডে চারদিনের ম্যাচের পর ওয়ানডেতেও সেঞ্চুরি করা ইমরুল কায়েস থেকে শুরু করা খুলনার স্বীকৃত ব্যাটসম্যানরা সবাই ব্যর্থ। ব্যতিক্রম কেবল ওপেনার নাজমুস সাদাত। অল্পের জন্য সেঞ্চুরি পাননি ঠিকই। তবে তার ৯৫ রানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে চরম বিপর্যয়ে পড়তে হয়নি স্বাগতিকদের। রাজশাহীকে ২০৩ রানে অলআউট করার পর দ্বিতীয় দিনের শেষে তারা ৭ উইকেটে তুলেছে ১৯০ রান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে ঢাকাকে সুবিধাজনক অবস্থায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে 'অ্যাঙ্কর' এর ভূমিকা পালন করেছেন জাভেদ ওমর। তার সেঞ্চুরিতে ঢাকার রান ৫ উইকেটে ৩০০। ফতুল্লায় সিলেট ৯ উইকেটে ৩৩৫ রান তুলে ইনিংস ঘোষণার পর বরিশাল ৬ উইকেট খুঁইয়ে তুলেছে ২১৫ রান। ১৭ রান নিয়ে দিন শুরু করা ঢাকাকে বেশ ভালো সূচনাই এনে দেয় জাভেদ ওমর ও আনোয়ার হোসেনের উদ্বোধনী জুটি। ১০১ রানে বিচ্ছিন্ন হন তারা। বাঁ হাতি স্পিনার সাজু দত্তের বলে আনোয়ার (৬২) ফিরে যাওয়ার পরও দীর্ঘসময় একপ্রান্ত আগলে রেখেছিলেন জাভেদ। একাধিক গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়াতেও দিয়েছেন নেতৃত্ব। আনোয়ারের বিদায়ের পর প্রথমে আল-শাহরিয়ারের (৪৪) সঙ্গে ৯৪ এবং পরে অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে (৩৫) নিয়ে দলের সংগ্রহে জুড়েছেন আরো ৫৭ রান। ফয়সাল হোসেনের বলে সুইপ করতে গিয়েছিলেন আশরাফুল। কিন্তু বল তার ব্যাটের ওপরের কানা ছুঁয়ে উঠে গেলে ফাইন লেগে ধরা পড়েন ঢাকা অধিনায়ক। বাঁ হাতি স্পিনার ফয়সালের বলেই প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে জাভেদ (১০১) অবশ্য সেঞ্চুরি পুরো করে যান। ১৪৪ বলে ফিফটিতে পৌছানো এই ওপেনারের সেঞ্চুরি করতে লেগেছে ২৩০ বল। অন্যদের তুলনায় বেশ ধীরগতির ব্যাটিং করলেও শেষবিচারে তার ইনিংসে ভীষণ উপকৃত ঢাকাই। তার এই ইনিংসে খুঁত বলতে ৮২ রানে সাজুর বলে শর্ট লেগে মাসুমউদ্দৌলার সৌজন্যে জীবন ফিরে পাওয়া। ৯ উইকেটে ১৭৪ রান নিয়ে দিন শুরু করা রাজশাহী এদিন অলআউট হওয়ার আগে আরো ২৯ রান যোগ করে। জবাব দিতে নামা খুলনা ৬ রানেই ওপেনার ইমরুল কায়েসকে (৫) হারিয়ে ধাক্কা খায়। সেখান থেকে অধিনায়ক হাবিবুল বাশারের (৩১) সঙ্গে অন্য ওপেনার নাজমুস সাদাতের ৭২ রানের পার্টনারশিপ আশা জাগাচ্ছিল। কিন্তু ফরহাদ রেজার বলে হাবিবুল এলবিডব্লু হওয়ার পরপরই যেন মড়ক লাগে খুলনার ইনিংসে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তুষার ইমরান (৪) ও সাকিব আল হাসানরা (২) দ্রুতই ফিরে যান। তবে নাজমুস সাদাত দলের ইনিংসের হাল ধরে থাকাতেই প্রথম ইনিংসে লিড নেওয়ার আশা করতে পারছে খুলনা। দিনের খেলা শেষ হওয়ার দুই ওভার আগে শাহজাদার বলে এলবিডব্লু হওয়ার সময় সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে তিনি। ২০১ বলের ইনিংসটা তিনি সাজিয়েছেন আটটি বাউন্ডারি দিয়ে। ঢাকার জাভেদ ও খুলনার যেমন নাজমুস, তেমনি বরিশালের ইনিংসের ভিতটা গড়ে দিয়েছেন রাইসুল ইসলাম। ৪ উইকেটে ৩১৬ রান নিয়ে শুরু করা সিলেট আর মাত্র ১৯ রানে ৫ উইকেট খোয়ানোর পর চটজলদি ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক রাজিন সালেহ। যাতে প্রতিপক্ষকে অলআউট করার জন্য পুরো ৪ বোনাস পয়েন্ট না পায় বরিশাল। জবাব দিতে নেমে মাত্র ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর বরিশালের ত্রাণকর্তা হয়ে ওঠেন রাইসুল। পঞ্চম উইকেটে আবুল বাশারকে (৫৬*) নিয়ে ৯৮ রান যোগ করেই বিপর্যয় সামলেছেন তিনি। সিলেটের সফলতম বোলার শুভাশিষ রায়ের (৩/৪৯) বলে বোল্ড হয়ে ফিরে যাওয়ার সময় তার নামের পাশে ৮৩ রান। দিনের খেলারও তখন খুব বেশি বাকি ছিল না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/১৯১৫ঘ.