২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেইন একাই শেষ করে দিলেন নিউজিল্যান্ডকে

মূল্যায়নে একজন ব্যাটসম্যানের সেঞ্চুরির সমান ধরা হয় কোনো বোলারের ৫ উইকেট নেওয়াকে। দক্ষিণ আফ্রিকার ইনিংসে দুটো সেঞ্চুরি। কিন্তু জ্যাক ক্যালিস ও হাশিম আমলার সেঞ্চুরিকে ম্লান করে দিয়ে ডেইল স্টেইনই জোহানেসবার্গ টেস্টের নায়ক। ম্যাচে ১০ উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার। সুবাদেই রেকর্ড ৩৫৮ রানের ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়েছে স্বাগতিকরা একদিন হাতে রেখেই। রোববার ম্যাচের চতুর্থ দিনে ১৭২ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে নিউজিল্যান্ডের। প্রথম ইনিংসে অলআউট হয়েছিল তারা ১০৮ রানে। আর দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ৪২২ রানে ডিক্লেয়ার করেছিল তাদের ইনিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 04:33 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

জোহানেসবার্গ, ১১ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মূল্যায়নে একজন ব্যাটসম্যানের সেঞ্চুরির সমান ধরা হয় কোনো বোলারের ৫ উইকেট নেওয়াকে। দক্ষিণ আফ্রিকার ইনিংসে দুটো সেঞ্চুরি। কিন্তু জ্যাক ক্যালিস ও হাশিম আমলার সেঞ্চুরিকে ম্লান করে দিয়ে ডেইল স্টেইনই জোহানেসবার্গ টেস্টের নায়ক। ম্যাচে ১০ উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার। সুবাদেই রেকর্ড ৩৫৮ রানের ব্যবধানে নিউজিল্যান্ডকে হারিয়েছে স্বাগতিকরা একদিন হাতে রেখেই। রোববার ম্যাচের চতুর্থ দিনে ১৭২ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে নিউজিল্যান্ডের। প্রথম ইনিংসে অলআউট হয়েছিল তারা ১০৮ রানে। আর দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ৪২২ রানে ডিক্লেয়ার করেছিল তাদের ইনিংস। ৩ উইকেটে ৫৭ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। স্টেইনের করা দিনের নবম বলেই কিপার মার্ক বাউচারকে ক্যাচ দিয়ে ফিরেছেন স্কট স্টাইরিস (১৬)। আট ওভার পর ব্রেন্ডন ম্যাককুলামকে (২৬) আউট করেছেন স্টেইন। হার্শেল গিবস ক্যাচ নিয়েছেন তার। ১০৯ রানে ষষ্ঠ উইকেট হারায় নিউজিল্যান্ড। জ্যাক ক্যালিসের বলে তৃতীয় স্লিপে এবি ডি ভিলিয়ার্সকে ক্যাচ দিয়েছেন মাইকেল প্যাপস (৫)। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে রানার নিয়ে ব্যাট করা জ্যাকব ওরাম (৪০) কিছুক্ষণ প্রতিরোধ চালিয়েছিলেন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরিকে নিয়ে। সপ্তম উইকেটে ৪৫ রান যোগ করেছেন দু'জন। লাঞ্চের পর ওরাম আউট হতেই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে নিউজিল্যান্ডের ইনিংস। বাঁহাতি স্পিনার পল হ্যারিসের বলে লং অনে আন্দ্রে নেলের হাতে ধরা পড়েছেন ওরাম। লাঞ্চের পর ৯ ওভারের মধ্যেই ম্যাচ শেষ করে দেন স্টেইন ইয়াইন ও' ব্রায়ান (০) ও ক্রিস মার্টিনকে (০) আউট করে। তার ম্যাচ ফিগার ৯৩ রানে ১০ উইকেট। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩৪ রানে ৫ উইকটে নিয়েছিলেন স্টেইন। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিতে খরচ করেছেন ৫৯ রান। কিউই অধিনায়ক ভেট্টরি অপরাজিত থেকেছেন ৪৬ রানে। শেন বন্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি। তলপেটের পেশী ছিড়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে গেছে এই ফাস্ট বোলারের। এটি ছিল টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় হার। ২০০১ সালে অকল্যান্ড টেস্টে পাকিস্তানের কাছে ২৯৯ রানের হার ছিল তাদের সবচেয়ে বেশি ব্যবধানে হারের রেকর্ড। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার এটি সবচেয়ে বড় ব্যবধানে জয়। ১৯৯৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫৬ রানের জয় ছিল তাদের আগের রেকর্ড। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/২০১৫ঘ.