ঢাকা, ৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- কোনো স্পনসর নেই। ২০ লাখ টাকা খরচের পুরোটাই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোষাগার থেকে। তবুও শুক্রবার থেকে শুরু হতে যাওয়া চ্যালেঞ্জার্স কাপের মাধ্যমে 'একটা নতুন কিছু করা'র আনন্দই প্রতিফলিত হলো বিসিবির মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববির কথায়, "প্রতিবছর জাতীয় লিগের দল গড়ার সময় অনেক ক্রিকেটারকে দলে নেওয়া সম্ভব হয় না। তারা অনেকটা সময় খেলার বাইরে থাকে। চ্যালেঞ্জার্স কাপের মাধ্যমে অন্তত চারটি দলে ১৫ জন করে আরো ৬০ ক্রিকেটারকে খেলার আওতায় আনা গেল। এটাই-বা কম কিসের?"
কম যে নয়, তা ক্রিকেটারদের কথাতেও বোঝা যাচ্ছে। মারকুটে ব্যাটসম্যান বলে পরিচিত রাশেদুল হক সুমন এবার জাতীয় লিগে কোনো দল পাননি। চ্যালেঞ্জার্স কাপের মাধ্যমে খেলার বাইরে থাকার কষ্ট ভোলার সুযোগ পাচ্ছেন তিনি। টিম ওয়েস্ট এর এই ব্যাটসম্যান বলেছেন, "খুবই ভালো উদ্যোগ এটা। যা আমাদেরও খেলার মধ্যে রাখবে। তাছাড়া জাতীয় দলের ক্রিকেটাররা নিউজিল্যান্ড সফরে চলে গেলে বিভাগীয় দলগুলোতে আমার মতো খেলার বাইরে থাকা অনেকেরই ডাক আসবে হয়তো। চ্যালেঞ্জার্স কাপে খেলে সেই প্রস্তুতিটাও নেওয়া হয়ে যাবে আমাদের।" শুক্রবার চারদিনের ম্যাচের এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টিম ওয়েস্ট-এর মুখোমুখি হচ্ছে টিম ইস্ট। তাদের অধিনায়ক পেসার দেবব্রত পালও এই ধরনের আয়োজনের উপকারিতা দেখছেন, "জাতীয় লিগই তো আর শেষ কথা নয়। সামনে প্রিমিয়ার ক্রিকেট লিগও আছে। এখানে ভালো করলে অনেক ক্রিকেটারের প্রিমিয়ারে দল পেতেও সুবিধা হবে।"
সেটা আরো পরের কথা। আপাতত চ্যালেঞ্জার্স কাপ কিন্তু জাতীয় লিগের ক্রিকেটারদের চ্যালেঞ্জ জানানোর টুর্নামেন্টও। কারণ এখানে ভালো করে কারো কারো জাতীয় লিগে উত্তরণ যেমন ঘটতে পারে, তেমনি অবনমনও ঘটতে পারে দেশের একমাত্র ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে ধারাবাহিকভাবে পারফরম করতে ব্যর্থ হওয়া কারো। ক্রিকেটারদের 'ওঠা-নামার' এই লড়াইকে আরো স্বাস্থ্যকর করে তোলার জন্য ভবিষ্যতে চ্যালেঞ্জার্স কাপকে জাতীয় লিগের 'অঙ্গ' করে ফেলার ইচ্ছের কথাও জানালেন ববি, "ভবিষ্যতে জাতীয় লিগের সমান্তরালে এই টুর্নামেন্টটাও চালানোর ইচ্ছে আছে আমাদের। যাতে ক্রিকেটাররা ভালো খেলার চ্যালেঞ্জ আরো বেশি করে অনুভব করে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০২৪ঘ.
bdnews24