২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬ কোটি ১৫ লাখ টাকায় ক্রিকেট দলের স্পনসর গ্রামীণফোন

খুব যে আশাব্যঞ্জক সাড়া পড়েছে, তা নয়। আগামী দু বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পনসর হতে মাত্র দুটো প্রতিষ্ঠানই অংশ নিয়েছে টেন্ডারে। তবে অংশগ্রহণ সীমিত হলেও স্পনসরশিপের অর্থমূল্য এবার বেড়েছে অনেক। আগের চুক্তিটির দ্বিগুণের কাছাকাছি। দুই বছর মেয়াদী এর আগের চুক্তি থেকে পাওয়া গিয়েছিল সাড়ে তিন কোটি টাকা। এবার ৬ কোটি ১৫ লাখ টাকা দিয়ে আবারও স্পনসর হচ্ছে পুরনো স্পনসর গ্রামীণফোনই। অর্থের পরিমাণ বেড়েছে ২ কোটি ৬৫ লাখ টাকা। এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণাটা সোমবার বিকেলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 04:10 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, ৫ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- খুব যে আশাব্যঞ্জক সাড়া পড়েছে, তা নয়। আগামী দু বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পনসর হতে মাত্র দুটো প্রতিষ্ঠানই অংশ নিয়েছে টেন্ডারে। তবে অংশগ্রহণ সীমিত হলেও স্পনসরশিপের অর্থমূল্য এবার বেড়েছে অনেক। আগের চুক্তিটির দ্বিগুণের কাছাকাছি। দুই বছর মেয়াদী এর আগের চুক্তি থেকে পাওয়া গিয়েছিল সাড়ে তিন কোটি টাকা। এবার ৬ কোটি ১৫ লাখ টাকা দিয়ে আবারও স্পনসর হচ্ছে পুরনো স্পনসর গ্রামীণফোনই। অর্থের পরিমাণ বেড়েছে ২ কোটি ৬৫ লাখ টাকা। এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণাটা সোমবার বিকেলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের শীর্ষস্থানীয় মুঠোফোন কোম্পানিটির সঙ্গে বিসিবির চুক্তি স্বাক্ষরিত হবে আরো কিছূদিন পর। তবে এটা কার্যকর ধরা হবে ১ নভেম্বর থেকেই। নতুন এই চুক্তির মেয়াদ ফুরোবে ২০০৯ সালের ৩১ অক্টোবর। এই সময়ের মধ্যে ৬ কোটি ১৫ লাখ টাকার বাইরেও আরো কোটিখানেক টাকা গ্রামীণফোন জাতীয় দলের পেছনে খরচ করবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান। ক্রিকেটারদের কিটস সরবরাহ এবং দেশের মাটিতে ক্যাম্প ও সিরিজ চলাকালীন গ্রামীণফোনের বাসে জাতীয় দলের যাতায়াত খাতে এই খরচ হবে। নতুন এই চুক্তির বিনিময়ে ব্যাপক প্রচারের পাশাপাশি নিজেদের যে কোনো প্রচারণামূলক বিজ্ঞাপনে জাতীয় দলের কমপক্ষে চারজন ক্রিকেটারকে ব্যবহারের সুবিধা পাবে গ্রামীণফোন। এবার টেন্ডারে ৫ কোটি টাকা ফ্লোর প্রাইস (ন্যূনতম দর) দিয়েছিল বিসিবি। মাত্র দুটো প্রতিষ্ঠানের অংশ নেওয়াতেই বোঝা গেছে যে তাতে খুব একটা সাড়া পড়েনি। তবে ৬ কোটি ১৫ লাখ টাকায় স্পনসরশিপ স্বত্ত্ব বিক্রিও ছাড়িয়ে গেছে বিসিবির প্রত্যাশাকে। গ্রামীণফোনের পাশাপাশি এই টেন্ডারে অংশ নেয় এক্সিওম টেকনোলজি নামের আরেকটি প্রতিষ্ঠান। যাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র আছে বাংলাদেশ ক্রিকেটের মিডিয়া বিপনন স্বত্ত্ব কেনা নিম্বাস স্পোর্টসের। সোমবার দুপুরে হোটেল শেরাটনের মার্বেল রুমে টেন্ডারে অংশ নেওয়া দুই প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমের সামনেই টেন্ডার বাক্স খোলা হয়। এরপর দুই পক্ষের প্রস্তাব যাচাই-বাছাই করে বিসিবি কর্মকর্তারা সর্বোচ্চ দরদাতা গ্রামীণফোনের নাম ঘোষণা করেন। এক্সিওম টেকনোলজি দর দিয়েছিল ৫ কোটি ১০ লাখ টাকা। সেখানে গ্রামীণফোনের দর ছিল ৫ কোটি ৫০ লাখ টাকার। তাতেই তাদের স্পনসরশিপ স্বত্ত্বটা পেয়ে যাওয়ার কথা। এর থেকেও আরো ৬৫ লাখ টাকা বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বললেন, "তারা ৫ কোটি ৫০ লাখ টাকার দর দিলেও আমরা গ্রামীণফোনকে অঙ্কটা আরো বাড়াতে অনুরোধ করি। আলোচনার পর তারা অঙ্কটা ৬ কোটি ১৫ লাখ করতে রাজী হয়েছেন।" জাতীয় দলের স্পনসর হিসেবে গ্রামীণফোনের এর আগের দুই বছরের চুক্তির মেয়াদ পুরো হয় গত জুনে। তারপরও অন্তর্র্বতীকালীন সময়ে স্পনসর হিসেবে তারাই বহাল ছিল। শর্তটা ছিল এরকম, পরবর্তী চুক্তির অর্থমূল্য অনুযায়ীই অন্তর্র্বতীকালীন সময়ের জন্য মাসিকভিত্তিতে বিসিবিকে টাকা পরিশোধ করবে গ্রামীণফোন। সেই হিসাবে চলতি বছরের জুলাই থেকে অক্টোবর, এই চার মাসের জন্য আরো এক কোটি টাকার বেশি বিসিবিকে দিতে হবে তাদের। নতুন চুক্তির অর্থমূল্যে বিসিবি যেমন খুশি, তেমনি আবারো জাতীয় দলের 'গর্বিত স্পনসর' হতে পারার আনন্দের আভাস গ্রামীণফোন কর্তাদের কথায়ও স্পষ্ট। হেড অফ মার্কেট কমিউনিকেশন্স মীর নওবত আলী বললেন, "গ্রামীণফোন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সবসময়ই থাকতে চায়। আগেও আমরা ছিলাম। এবার আবারো দুই বছরের জন্য জাতীয় দলের স্পনসর হিসেবে সম্পৃক্ত হতে পারায় আমরা গর্বিত।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/১৭৪০ঘ.