ঢাকা, ৩১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- তার ভাষায় ফিকা (ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন) হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটারদের "আম্ব্রেলা বডি"। মানে ক্রিকেটারদের স্বার্থরক্ষার সংগঠন। যদিও এটা এখনো সার্বজনীন হয়ে উঠতে পারেনি। কারণ টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তান এখনো এই সংস্থার সদস্য নয়। নয় বাংলাদেশও। তবে গত আগস্টে ফিকার সদস্যপদের জন্য আবেদন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)। তাদের আবেদন গ্রহণযোগ্য কিনা, তা খতিয়ে দেখতেই বুধবার সকালে ঢাকায় এসেছেন ফিকার প্রধান নির্বাহী এবং অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার টিম মে। বিকেলে ধানমন্ডির এক রেস্তোরায় সংবাদ সম্মেলনে জানালেন, ফিকার সদস্যপদ পাওয়ার আশা করতেই পারে কোয়াব।
আবেদন করার পর সংস্থার বার্ষিক সাধারণ সভায় যোগ দেওয়ারও আমন্ত্রণ ছিল কোয়াবের। মেয়াদোত্তীর্ন কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমানের তাতে অংশ নেওয়ারও কথা ছিল। কিন্তু ১১ ও ১২ সেপ্টেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত এজিএমে ভিসা জটিলতার কারণে যাওয়া হয়নি তার। সে প্রসঙ্গ টেনেই টিম মে বললেন, "কোয়াবের প্রতিণিধি ভিসা সমস্যার কারণে এজিএমে যেতে পারেননি। তবে তাদের আবেদন নিয়ে সেখানে আলোচনা হয়েছে। এবং তাতেই আমার এখানে আসার সিদ্ধান্ত হয়। আজ (বুধবার) কোয়াবের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তাদের ইতিবাচকই মনে হচ্ছে। ১৭ ও ১৮ নভেম্বর লন্ডনে ফিকার সভা আছে। আশা করছি সেখানে কোয়াবের আবেদন গৃহীতই হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২০ঘ.
bdnews24