করাচি, ৩১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবার পাকিস্তান দলের সহ-অধিনায়ক ইউনিস খান। ক্যারিয়ারে দু দু বার পাকিস্তানের অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেও ভারত সফরের আগে আর অভিমান করে তিনি থাকতে পারেননি। দায়িত্বটা নিতে রাজি হওয়ার পর একটা গুরুত্বপূর্ণ কথাও বলেছেন পাকিস্তানের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান। তার বিশ্বাস প্রথম দুটো ওয়ানডের দল থেকে রাহুল দ্রাবিড়কে বাদ দিয়ে বড় একটা ভুল করেছে ভারত।
ইনজামাম-উল হকের নেতৃত্বে দীর্ঘ দু বছর পাকিস্তানের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন ইউনিস। ইনজুরির কারণে গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারেননি ইনজামাম। প্রত্যাশিত ভাবেই সে সময় দলের অধিনায়ক হিসাবে নির্বাচন করা হয় তাকে। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে এক সংবাদ সম্মেলনে ক্ষোভের সঙ্গে জানিয়ে দেন 'ডামি' বা নকল অধিনায়ক হওয়ার কোনো ইচ্ছা তার নেই। পাকিস্তান ক্রিকেট বোডের্র (পিসিবি) নতুন প্রশাসনের বয়স তখন মাত্র দুই দিন!
বিশ্বকাপ থেকে আকস্মিক বিদায়ের পর ওয়ানডে থেকে অবসর নেন ইনজামাম। তখন পরবর্তী অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছিল ইউনিসের নামই। স্বয়ং ইমরান খান পর্যন্ত অধিনায়ক হওয়ার জন্য অনুরোধ করেছিলেন তাকে। কিন্তু পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়কের অনুরোধেও তিনি সাড়া দেননি। কোচ বব উলমারের অকাল মৃত্যুজনিত শোকতো ছিলই, সেই সঙ্গে দেশে ফেরার সময় মানুষের বিদ্বেষপূর্ণ আচরণের জন্যও পাকিস্তানের অধিনায়ক হতে রাজি হননি ইউনিস। বেশ কিছু দিন পর নিজেই জানিয়েছিলেন সেই দুঃসহ অভিজ্ঞতার কথা, "বিশ্বকাপ থেকে ফেরার পর যে বিরূপ অভ্যর্থনা পেয়েছি তার জন্য আমি এখনো দুঃখিত ও বেদনাহত। দেশের জন্য সব সময় নিজের শত ভাগ ঢেলে দিয়েছি। কিন্তু পরিবারের সদস্যদের হুমকি দেয়া ফোন করা, আমাদের কুশপুত্তলিকা দাহ এবং আমাদের ছবি গাধার পিঠে চড়ানোর মতো ঘটনার পর আমি দলকে নেতৃত্ব দিতে পারি না।"
ইউনিসকে সহ-অধিনায়ক না করে অবশ্য উপায়ও ছিল না পিসিবি। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজের আগে শোয়েব মালিকের ডেপুটি হিসাবে সালমান বাটকে নির্বাচন করা হয়েছিল। কিন্তু টেস্ট সিরিজে অনুজ্জ্বল থাকা বাট একটি ওয়ানডেতেও সুযোগ পাননি। তাছাড়া দ্বিতীয় ওয়ানডেতে মালিকের অনুপস্থিতিতে একটা সময় দলকে ভালভাবেই নেতৃত্ব দিয়েছিলেন ইউনিস। এই সব কিছু সিদ্ধান্তটা নিতে উদ্বুদ্ধ করেছে পাকিস্তানের বোর্ডকে।
তিন টেস্ট ও পাঁচ ওয়ানডে খেলতে বৃহস্পতিবার ভারতের মাটিতে পা রাখবে পাকিস্তান দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের দেশে গুরুত্বপূর্ণ সফরের আগে দ্রাবিড়কে নিয়ে 'গুরুত্বপূর্ণ' একটা কথাই বললেন ইউনিস। প্রথম দুই ওয়ানডেতে ভারতের সাবেক অধিনায়কের অনুপস্থিতি সম্পর্কে তার অনুধাবন, "দ্রাবিড় সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়েছে। সে এক জন দুর্দান্ত খেলোয়াড়। ভারত যদি প্রথম দুই ম্যাচে ভাল খেলতে না পারে তা হলে (তাদের মধ্যে) দোষারোপের খেলাটা শুরু হয়ে যাবে। আর তাদের নির্বাচক ও দল আরো বেশি চাপের মধ্যে পড়বে। এটা বাড়তি সুবিধা দেবে আমাদের।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৫৪৫ঘ.
bdnews24