ঢাকা, ২৯ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- চুক্তির খসড়া আগেই তৈরি হয়েছিল। সেটা নিয়েই সোমবার বিকেলে গুলশানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনা অফিসে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বসেছিলেন জেমি সিডন্স। সেখানেই চুক্তিপত্র চূড়ান্ত হয়েছে। বাকি দুই পক্ষের সই-স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। সেটা সারা হবে মঙ্গলবার। বিসিবির মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি অবশ্য নির্ধারিত সময়টা জানাতে পারলেন না, "সবকিছুই ঠিকঠাক আছে। মঙ্গলবার যে কোনো সময়ে চুক্তি স্বাক্ষর হবে।" নিয়মানুযায়ী বিসিবির পক্ষ থেকে চুক্তিতে সই করার কথা সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালীর। কিন্তু সোমবার রাতেই আইসিসির সভায় যোগ দিতে তিনি দুবাই গেছেন। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন বিসিবির অ্যাডহক কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম। মঙ্গলবার সকালে তিনি ঢাকার বাইরে যাবেন। কখন ফেরেন, তার ওপরই নির্ভর করছে সিডন্সের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারার বিষয়টা।
সিডন্সের সঙ্গে দু'বছরের চুক্তি হচ্ছে। আর তা কার্যকর হবে ১ নভেম্বর থেকে। বুধবার দুুপুরে অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন তিনি। বাংলাদেশ দলের দায়িত্ব নিতে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই অস্ট্রেলিয়ান ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন বিসিবির মুখপাত্র। সোমবার বিকেলে সিডন্সকে বিসিবির ব্যবস্থাপনা অফিসে স্বাগত জানান বোর্ড সভাপতি। সেখানে জামালী বলেন, "উনি একজন উঁচুমানের কোচ। তার কোচিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল অনেকদূর এগিয়ে যাবে বলে আশা করি।" অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সঙ্গেও বিসিবি অফিসে আরেকদফা কথা বলেছেন তাদের নতুন কোচ। কোচ নির্বাচন কমিটির অন্য সদস্যদের সঙ্গেও কথা বলে জানিয়েছেন বাংলাদেশ দলকে তিনি কোথায় নিয়ে যেতে চান। মঙ্গলবার চুক্তি স্বাক্ষরের আগে অন্যান্য কাজগুলোও সেরে ফেলবেন সিডন্স। সকালেই বিসিবির কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে অভিজাত এলাকাগুলোতে বাসা খুঁজতে বেরুবেন তিনি। এক্ষেত্রে তার পছন্দকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন ববি। যে ফ্ল্যাট পছন্দ হবে, সেটাই তার জন্য ভাড়া করবে বিসিবি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/ওআরপি/২১৪৫ঘ.
bdnews24