মুলতান, ২৬ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিরিজে টিকে থাকতে হলে জিততেই হতো দক্ষিণ আফ্রিকাকে। শুক্রবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডেতে সেই লক্ষ্য পূরণে তাদের বিন্দু মাত্র সমস্যা হয়নি। পাকিস্তানকে ৯ উইকেটে ২৩০ রানে আটকে দিয়ে জয়ের পথে অর্ধেক এগিয়ে দিয়েছিলেন বোলাররা। বাকি অর্ধেক কাজ পূর্ণতা পেল অধিনায়ক গ্রায়েম স্মিথ ও শন পোলকের দারুণ ব্যাটিংয়ে। পোলকের ৯০ আর স্মিথের ৮১ রানের দুটো দুর্দান্ত ইনিংসের সৌজন্যে ৭ উইকেটে ম্যাচটা জেতার পাশাপাশি সিরিজে সমতাও নিয়ে এসেছে প্রোটিয়ারা। সোমবার সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ওয়ানডে হবে লাহোরে।
২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হার্শেল গিবসের কল্যাণে ঝড়ো সূচনা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ডান কনুইয়ের ইনজুরি কাটিয়ে ফেরা মোহাম্মদ আসিফ ও তার নতুন বলের সঙ্গী উমর গুলের ওপরে রীতিমতো তান্ডব চালিয়েছেন গিবস। তার ৩৫ বলে ৩৯ রানের ইনিংসে বাউন্ডারির সংখ্যা ৭টি। গিবসের জন্যই প্রথম ১০ ওভারে ৬৫ রান পেয়ে গেছে প্রোটিয়ারা। শোয়েব মালিকের কপালের ভাঁজ বাড়িয়ে দেয়া উদ্বোধনী জুটিটা শেষ পর্যন্ত ভেঙ্গেছে শহীদ আফ্রিদির লেগস্পিনে। নিজের প্রথম বলেই গিবসকে এলবিডব্লু করেছেন তিনি।
তার পরেই চমক। জ্যাক ক্যালিস বা অন্য কোনো স্পেশালিস্ট ব্যাটসম্যান নন, উইকেটে এসেছেন পোলক। এবং এসেই হাত খুলে খেলা শুরু করেছেন এই অলরাউন্ডার। উমর গুলের এক ওভারে একটি করে ছক্কা ও চারে ১৬ রান তুলে নেয়া পোলকের আগ্রাসী ব্যাটিংয়ের জন্যই জয় নিয়ে দক্ষিণ আফ্রিকাকে কখনো সংশয়ে পড়তে হয়নি। ৮৪ বলে এক ছক্কা ও ৯ বাউন্ডারিতে ৯০ রান
bdnews24