ঢাকা, ২৩ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- জাতীয় লিগের প্রথম সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। সেই সঙ্গে হেসেছে তার বড়ো ভাই নাফিস ইকবালের ব্যাটও। সুবাদে বরিশালের ২২৪ রান মাত্র ৩৬ ওভারেই ২ উইকেট খুঁইয়ে টপকে গেছে চট্টগ্রাম। জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচে হারলেও মঙ্গলবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ওয়ানডেতে তারা জিতলো ৮ উইকেটে। আর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে লো-স্কোরিং ম্যাচে জিততে নাভিঃশ্বাস উঠে গেছে স্বাগতিকদের। সিলেটের ৯ উইকেটে তোলা ১৬৮ রান টপকাতে তারা হারিয়েছে ৮ উইকেটে। অর্থাৎ জয় মাত্র ২ উইকেটের।
নবম উইকেট জুটির দৃঢ়তাতেই মূলত এই জয় পেয়েছে রাজশাহী। নইলে হারই দেখতে পাচ্ছিল তারা। ৯৮ রানেই ৮ উইকেট হারিয়ে বসা রাজশাহীকে জয় দেখায় মুশফিকুর রহমান (৫০*) এবং দশ নাম্বার ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদার (৩৫*) ৭১ রানের অবিচ্ছিন্ন নবম উইকেট জুটি। সিলেটের সফলতম বোলার সাঈফ মাহমুদ (৩/৩৬)। এই বোলার এর আগে ব্যাটিংয়ে নিজ দলের বিপর্যয় সামলানোতেও রেখেছেন বড়ো ভূমিকা। দল ৪৮ রানে ৫ উইকেট হারানোর পর শরীফুল্লাহর (৫৬) সঙ্গে ষষ্ঠ উইকেটে যোগ করেছেন ৭৭ রান। সাঈফ করেছেন ৩০। তবে ম্যাচ উইনিং অপরাজিত ৩৫ রানের পাশাপাশি ৩৭ রানে ২ উইকেট নিয়ে শাহজাদাই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
বগুড়ায় বাঁ হাতি স্পিনার ইলিয়াস সানির (৪/৩৬) দুর্দান্ত বোলিংয়ে বরিশাল ৪৯.৩ ওভারে ২২৪ রানে গুটিয়ে যায়। বরিশালের এই সংগ্রহে সবচেয়ে বেশি অবদান রাইসুল ইসলামের। নিজে ৭০ রানই শুধু করেননি। পঞ্চম ও ষষ্ঠ উইকেটে আবুল বাশার (৪২) এবং আরাফাত সালাউদ্দিনকে (৪১) সঙ্গে নিয়ে গড়েছেন যথাক্রমে ৮০ ও ৭৮ রানের পার্টনারশিপ। কিন্তু পরে তামিম ইকবালের ব্যাটে বরিশালের বোলাররা খড়কুটোর মতো উড়ে গেছেন। তামিম মাত্র ৯২ বলে ১৫ বাউন্ডারিতে ১৩৩ রান করে যখন আউট হন, তখন তার দলের রান ২০০। নাফিস ৫৬ রান করে অপরাজিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৫৫ঘ.
bdnews24