ঢাকা, ২২ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- "প্রথম সেশনে কোনো উইকেটই হারানো চলবে না"- খুলনার বিপক্ষে ম্যাচের শেষদিনের সকালে এই ব্রত নিয়েই নেমেছিল ঢাকা। টিম মিটিংয়ে কথাটা বলে আসলেও অধিনায়ক মোহাম্মদ আশরাফুলই দু'দুবার সেই ব্রতভঙ্গের কারণ হতে যাচ্ছিলেন প্রায়। দিনের শুরুতেই দু'বার ক্যাচ উঠেছে তার। কিন্তু তখন ৪ ও ১১ রানে থাকা ঢাকার ব্যাটিংয়ের 'প্রাণভোমরা'কে নতুন জীবন দেন সৈয়দ রাসেল এবং উইকেটকিপার সগীর হোসেন পাভেল। আশরাফুলের ৮৫ রানের ইনিংসে তাদের প্রায়শ্চিত্ত করার সুযোগটা আর আসেনি। আবার একপ্রান্ত ধরে রেখে এই ম্যাচের ভাগ্যে ড্র লিখে ফেলা মেহরাব হোসেন জুনিয়রও (অপরাজিত ৬২) তা পারতেন না, যদি না ৩১ রানে শর্ট মিডউইকেটে তার ক্যাচ ফেলতেন মাশরাফি বিন মর্তুজা। ম্যাচশেষে তাই খুলনা অধিনায়ক হাবিবুল বাশারের কথাজুড়ে থাকলো জয় হাতাছাড়া করার অসন্তুষ্টি, "ফিল্ডিংটা খুবই বাজে হয়েছে আমাদের। সকালে আশরাফুলের ক্যাচ পড়েছে। বিকেলে মেহরাবেরও। আসলে জেতা ম্যাচ হাতছাড়া করলাম আমরা।"
যেকারণে হাতছাড়া হয়েছে সরাসরি ম্যাচ জিতে পুরো ৮ পয়েন্ট পাওয়ার সুযোগও। প্রথম ইনিংসে লিড পাওয়ার সুবাদে তারা পেয়েছে ৪ পয়েন্ট, আর ঢাকা ২। অবশ্য এই ম্যাচ থেকে খুলনা সর্বমোট পেয়েছে ১১ পয়েন্ট (প্রথম ইনিংসে ঢাকাকে অলআউট করে বোনাস ৪ এবং তিনশোর্ধ্ব ইনিংসের জন্য ৩)। প্রথম ইনিংসে খুলনার ৯ উইকেট ফেলে ঢাকাও তিনটি বোনাস পয়েন্ট পাওয়ায় এই ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫।
অবশ্য খুলনার মতো সরাসরি ম্যাচ জিতে পুরো ৮ পয়েন্ট পাওয়ার জোরালো সম্ভাবনা জাগিয়েছিল ঢাকাও। অন্তত ম্যাচের শেষ ড্রিঙ্কস ব্রেকের সময় জেতার জন্য সমীকরণটা তাদের অনূকুলেই ছিল, ২৪ ওভারে ৫ উইকেট হাতে রেখে ৬৫ রান। কিন্তু বিরতির পর প্রথম বলেই মাশরাফি বিন মর্তুজা (২/৭১) উইকেটের পেছনে ক্যাচ বানান নাদীফ চৌধুরীকে। এরপর ৪ রানের মধ্যে মাশরাফির নতুন বলের পার্টনার সৈয়দ রাসেল (৩/৬৫) দুই 'মোহাম্মদ' রফিক ও শরীফকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ঢাকার সম্ভাবনা শেষ করে দেন। তখন বরং খুলনার জয়ের সম্ভাবনাই আবার উঁকি দেয়। কিন্তু মোশাররফ হোসেন রুবেলকে নিয়ে প্রায় সাড়ে চার ঘন্টা উইকেটে থাকা মেহরাবই এ যাত্রা পার করে নেন ঢাকাকে। তারা ৮ উইকেটে ২৮৪ রান তোলার পর আলোর স্বল্পতার জন্য ৬ ওভার বাকি থাকতেই খেলার ইতি টানা হয়। ৬ ওভারে ২ উইকেট হাতে রেখে ৩০ রান, খেলা হলেও এই ঝুঁকিতে যে ঢাকা যেত না তা বোঝা গেছে তাদের অধিনায়কের কথাতেই, "শেষ এক ঘন্টায় জেতার জন্য ঝাঁপানোর পরিকল্পনাই ছিল আমাদের। কিন্তু দ্রুত তিনটি উইকেট পড়ে যাওয়াতে আমরা আর কোনো ঝুঁকি নিতে চাইনি।"
সকালের সেশনেও কোনো ঝুঁকি নিতে চাননি আশরাফুল। একেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের স্লো আউটফিল্ড নিয়ে ক্রিকেটারদের এন্তার অভিযোগ। তারওপর স্ট্রোক খেলা কঠিন বলে ঢাকার উইকেট আঁকড়ে পড়ে থাকার পরিকল্পনা শতভাগ সফলই হতে যাচ্ছিল। হয়নি লাঞ্চের আগে শেষ বলে কাট করতে গিয়ে জাভেদ ওমর (৪৫) উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আসায়। মেহরাবকে নিয়ে আশরাফুলের ৭৬ রানের চতুর্থ উইকেট পার্টনারশিপ ঢাকাকে পথ দেখাতে থাকে। মাশরাফিকে স্লাইস করতে গিয়ে থার্ডম্যানে ম্যান অফ দি ম্যাচ আব্দুর রাজ্জাকের ক্যাচ হওয়ার মাধ্যমে আশরাফুলের ৮৫ রানের ইনিংসটি শেষ হলেও পথ হারায়নি ঢাকা। কারণ মেহরাব ছিলেন। শেষ ঘন্টার শুরুতে চটজলদি তিনটি উইকেট হারালেও শেষপর্যন্ত ঢাকার ড্রয়ের রুপকার তিনিই। অথচ মাশরাফি তার সহজ ক্যাচটা না ফেললে ম্যাচটা খুলনার হয়ে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১১০ঘ.
bdnews24