২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি টুয়েন্টিতে ভারতেরই জয়

ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে ওঠেনি ভারত, হেরে গেছে ২-৪ ব্যবধানে। কিন্তু লড়াইটা যখন টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে তখন সদ্য বিশ্বকাপ বিজয়ীদের কি দমিয়ে রাখা সম্ভব? অস্ট্রেলিয়াও তাই দাঁড়াতে পারেনি উজ্জীবিত ভারতের সামনে। শনিবার মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে স্বাগতিকরা সহজেই ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। রিকি পন্টিংয়ের ৭৬ রানের সুবাদে অস্ট্রেলিয়ার ৫ উইকেটে করা ১৬৬ রান ভারত পেরিয়ে যায় ১১ বল হাতে রেখেই। গৌতম গম্ভীরের ৬৩, রবিন উথাপ্পার ৩৫এর সঙ্গে যুবরাজ সিংয়ের অপরাজিত ৩১ রান টুয়েন্টি টুয়েন্টির বিশ্বসেরাদের সহজ জয়ের ভিত গড়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 05:06 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

মুম্বাই, ২০ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে ওঠেনি ভারত, হেরে গেছে ২-৪ ব্যবধানে। কিন্তু লড়াইটা যখন টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে তখন সদ্য বিশ্বকাপ বিজয়ীদের কি দমিয়ে রাখা সম্ভব? অস্ট্রেলিয়াও তাই দাঁড়াতে পারেনি উজ্জীবিত ভারতের সামনে। শনিবার মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে স্বাগতিকরা সহজেই ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। রিকি পন্টিংয়ের ৭৬ রানের সুবাদে অস্ট্রেলিয়ার ৫ উইকেটে করা ১৬৬ রান ভারত পেরিয়ে যায় ১১ বল হাতে রেখেই। গৌতম গম্ভীরের ৬৩, রবিন উথাপ্পার ৩৫এর সঙ্গে যুবরাজ সিংয়ের অপরাজিত ৩১ রান টুয়েন্টি টুয়েন্টির বিশ্বসেরাদের সহজ জয়ের ভিত গড়ে দিয়েছে। যদিও শুরুটা তেমন ভাল হয়নি তাদের। মাত্র ৫ রান করে বীরেন্দর শেবাগ ব্রেট লির বলে কট বিহাইন্ড। তবে গম্ভীর ও উথাপ্পার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ধাক্কাটা সামলে উঠতে সমস্যা হয়নি ভারতের। দু জনের ৮২ রানের জুটিটা গড়ে উঠেছে মাত্র ৮ দশমিক ১ ওভারে। ২৬ বলে ৬টি বাউন্ডারিতে ৩৫ রান করা উথাপ্পাকে ফিরিয়েছেন মাইকেল ক্লার্ক, অ্যাডাম গিলক্রিস্টের গ্লাভসবন্দী করে। গম্ভীর ছিলেন আরো বেশি আক্রমণাত্মক। তার ৫২ বলে ৬৩ রানের ইনিংসটা সাজানো একটি ছক্কা ও ৬টি বাউন্ডারিতে। ম্যাচের সেরাও তিনি। হিলফেনহস গম্ভীরকে পন্টিংয়ের ক্যাচ বানানোর পর আর কোনো সাফল্য পাননি অস্ট্রেলীয় বোলাররা। ২৫ বলে ৩টি ছক্কায় ৩১ রানে অপরাজিত থেকে ভারতকে লক্ষ্যে পৌঁছে দিয়েছেন যুবরাজ। জয়সূচক রান অবশ্য তার ব্যাট থেকে আসেনি। ব্রেট লিকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দিয়েছেন ৯ রানে অপরাজিত থাকা মহেন্দ্র ধোনি। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই অ্যাডাম গিলক্রিস্টের সৌজন্যে ১২ রান পেয়ে যায় ওয়ানডে বিশ্বকাপের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। তবে আরপি সিংয়ের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে বাউন্ডারি মারলেও পঞ্চম বলে বোল্ড হয়ে যান গিলক্রিস্ট (১২)। এর পর হেইডেনকে নিয়ে পন্টিং ৪৮ রান যোগ করেছেন। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হেইডেন (১৭) বোল্ড হয়েছেন হরভজনের বলে। সাইমন্ডস ২০ রান করে রান আউট এবং ব্র্যাড হজকে (২) ইরফান পাঠান বোল্ড করলেও সে সব ধাক্কা পন্টিংকে দমাতে পারেনি। পাঠানের বলে বোল্ড হওয়ার আগে ১৩টি বাউন্ডারিতে ৭৬ রান করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। শেষ দিকে মাইকেল ক্লার্কের ১৫ বলে অপরাজিত ২৫ রান একটা সম্মানজনক জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে তার দলকে। ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন পাঠান। ১ উইকেট পেলেও ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়েছেন হরভজন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২২৫৮ঘ.