লাহোর, ১৯ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে জয়ের উদযাপন তখনো শেষ হয়নি সম্ভবত। তার আগেই করাচি থেকে ভেসে এলো দুঃসংবাদটা। আট বছর পর দেশে ফেরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর গাড়ি বহরে এক ভয়াবহ বোমা হামলায় শতাধিক নিহত! এই করাচি নিয়ে আগে থেকেই আতঙ্কের মধ্যে থাকা দক্ষিণ আফ্রিকা সফর করে বাতিল করবে কি না সেই সংশয় জেগে উঠেছিল সঙ্গে সঙ্গেই। তবে সংশয়টা উড়িয়ে দিয়ে দলের ম্যানেজার জানিয়েছেন সফর শেষ করেই দেশে ফিরবে প্রোটিয়ারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পাওয়ার জন্যই তাদের এই সিদ্ধান্ত। প্রথম ওয়ানডের ভেন্যু লাহোরেই শনিবার দ্বিতীয় ম্যাচ খেলবে তারা।
সফরের শুরুতে করাচিতে একটি তিন দিনের ম্যাচ খেলেছিল গ্রায়েম স্মিথের দল। প্রথম টেস্টও তারা জিতেছিল করাচি ন্যাশনাল স্টেডিয়ামেই। তখন কোনো সমস্যা না হলেও ওয়ানডে সিরিজ শুরুর দিনটিতে এমন ভয়ঙ্কর ঘটনায় তাদের আতঙ্কিত হওয়াই স্বাভাবিক। ২৯ অক্টোবর শেষ ওয়ানডের ভেন্যুও যে করাচি! দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ) তাই দলের নিরাপত্তার ব্যাপারে উদ্বেগের কথা পিসিবিকে জানাতে দেরি করেনি। শুক্রবার পিসিবি নিরাপত্তা কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে উচ্চ পর্যায়ের মিটিংয়ে বসে। সেই মিটিং শেষেই প্রোটিয়াদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাস দিয়েছে পিসিবি।
দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার লোগান নাইডু এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, "পিসিবি এবং তাদের নিরাপত্তা কর্মকর্তাদের দেয়া আশ্বাস আমাদের সন্তুষ্ট করেছে। দক্ষিণ আফ্রিকা দল নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছে এবং আমাদের কাছে তা গ্রহণযোগ্যও হয়েছে। তাই আমরা আমরা অবশ্যই সফরটা চালিয়ে যাব। তবে সফরের বাকি সময়ে এই দেশে কী ঘটছে সেদিকেও লক্ষ্য রাখবো আমরা।" যদিও নিরাপত্তাজনিত কোন সংশয় দেখা দিলে সফর বাতিলের সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি, "পরিস্থিতির পরিবর্তন হলে আমরা আবারো পিসিবি ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মিটিংয়ে বসবো। তার পর আমাদের অবস্থান পুননির্ধারণ করে প্রয়োজনে সিদ্ধান্ত নেবো।"
দক্ষিণ আফ্রিকা দলের একটি সূত্র জানিয়েছিল তারা নাকি এখন করাচিতে অনুষ্ঠেয় শেষ ওয়ানডের ভেন্যু পরিবর্তনে আগ্রহী। তবে পিসিবির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স জাকির খান জানিয়ে দেন ভেন্যু পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। পরে অবশ্য তিনি বলেছেন শনিবার ইসলামাবাদে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পিসিবির মিটিংয়ে এ নিয়ে আলোচনা হবে।
পাকিস্তান সফরের শুরু থেকেই নিরাপত্তার ঘেরাটোপে বন্দী থাকতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের। কয়েক ডজন ইউনিফর্ম পরা ও সাদা পোশাকের পুলিশ ও কমান্ডো সব সময় নজর রাখছে তাদের ওপরে। স্বাধীনভাবে চলাফেরার ওপরেও রয়েছে নিষেধাজ্ঞা। করাচির বোমা হামলার পর প্রোটিয়াদের নিরাপত্তা আরো কড়াকড়ি হওয়ারই কথা!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৩০ঘ.
bdnews24