নাগপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- অ্যান্ড্রু সাইমন্ডসকে বর্ণবাদী গালি দেওয়ার মাশুল গুনতে হয়েছে ভারতকে ! আগের ম্যাচে তার সঙ্গে বর্ণবাদী আচরণ করাতেই আক্রমণাত্মক মেজাজে আবির্ভূত হয়েছেন বলে এই অস্ট্রেলিয়ানের দাবি। যে কারণে নাগপুরে তরবারি হয়ে ওঠে তার ব্যাট আর তাতে অস্ট্রেলিয়া ভারত-বধ নিশ্চিত করে ওয়ানডে সিরিজ জিতে নেয়।
গত বৃহস্পতিবার বরোদায় পঞ্চম ম্যাচে ফিল্ডিং করার সময় সাইমন্ডসের সঙ্গে বর্ণবাদী আচরণ করেছে দর্শকরা। "বানর-নাক" বলে কটাক্ষ করেছে তাকে। এই আচরণ বিধ্বংসী করে তুলেছে ৩২ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে, ১৮ রানে ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে তিনি সেরকমই বলেছেন, "সেখানে এমন কিছু ঘটেছিল যে কারণে অমি অমন খেলতে পেরেছি।" তার ৮৮ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংসটিই ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে।
নাগপুরে ষষ্ঠ ওয়ানডেতে জিতে অস্ট্রেলিয়া এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলে। অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং যার পুরো কৃতিত্ব দিয়েছেন সাইমন্ডসকেই, "তার ইনিংসটিই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।" সেটি যেনতেন ইনিংস নয়, ভারতীয় স্পিনাররা যখন বিপজ্জনক হওয়ার হুমকি দিচ্ছিলেন তখনই সাইমন্ডসের ব্যাটে ভর করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অমন চাপের মধ্যে থেকে এত ঝড়ো গতিতে রান তোলার নেপথ্য কারণ হচ্ছে ওই গালি, শুনুন এই ম্যান অব দ্য ম্যাচ সাইমন্ডসের মুখে, "নিজেকে উদ্দীপ্ত করার মতো অনেক কিছু ছিল আমার।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২৩২১ঘ.
bdnews24