২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড হল না ইনজামামের, লাহোর টেস্ট ড্র

রেকর্ড থেকে তিনি তখন মাত্র ৩ রান দূরে। হয়তো ভেবেছিলেন বাউন্ডারি মেরেই ভেঙ্গে ফেলবেন টেস্টে পাকিস্তানের পক্ষে জাভেদ মিয়াঁদাদের সবচেয়ে বেশি রানের রেকর্ডটা। কিন্তু পল হ্যারিসের বল সামনে এগিয়ে মারতে গিয়েই সর্বনাশটা হল। স্টাম্পড হয়ে গেলেন ইনজামাম-উল হক! মাত্র ৩ রানের জন্য বেঁচে গেল মিয়াঁদাদের রেকর্ড। বিদায়ী টেস্টে ইনজামামের ব্যর্থতা অবশ্য পাকিস্তানের কপালে পরাজয়ের তিলক এঁকে দেয়নি। ব্যাটসম্যানদের দৃঢ়তায় লাহোর টেস্ট ড্র করেছে তারা। ইউনিস খানের ১৩০ রানের দারুণ এক ইনিংসের সঙ্গে কামরান আকমল (৭১) ও মোহাম্মদ ইউসুফের (অপরাজিত ৬৩) ফিফটির সুবাদে শুক্রবার শেষ দিনে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩১৬ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2007, 10:19 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

লাহোর, ১২ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রেকর্ড থেকে তিনি তখন মাত্র ৩ রান দূরে। হয়তো ভেবেছিলেন বাউন্ডারি মেরেই ভেঙ্গে ফেলবেন টেস্টে পাকিস্তানের পক্ষে জাভেদ মিয়াঁদাদের সবচেয়ে বেশি রানের রেকর্ডটা। কিন্তু পল হ্যারিসের বল সামনে এগিয়ে মারতে গিয়েই সর্বনাশটা হল। স্টাম্পড হয়ে গেলেন ইনজামাম-উল হক! মাত্র ৩ রানের জন্য বেঁচে গেল মিয়াঁদাদের রেকর্ড। বিদায়ী টেস্টে ইনজামামের ব্যর্থতা অবশ্য পাকিস্তানের কপালে পরাজয়ের তিলক এঁকে দেয়নি। ব্যাটসম্যানদের দৃঢ়তায় লাহোর টেস্ট ড্র করেছে তারা। ইউনিস খানের ১৩০ রানের দারুণ এক ইনিংসের সঙ্গে কামরান আকমল (৭১) ও মোহাম্মদ ইউসুফের (অপরাজিত ৬৩) ফিফটির সুবাদে শুক্রবার শেষ দিনে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩১৬ রান। তবে প্রথম টেস্টে ১৬০ রানের জয় পাওয়ায় দুই টেস্টের সিরিজ দক্ষিণ আফ্রিকা জিতে নিয়েছে ১-০ ব্যবধানে। জয়ের জন্য শেষ দিনে রেকর্ড গড়তে হতো পাকিস্তানকে। ৪৫৭ রানের প্রায় অসম্ভব লক্ষ্য স্বাগতিকরা আর ধাওয়া করেনি। চতুর্থ দিনশেষে অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান ইউনিস ও আকমল শুরু করেছেন সতর্কতার সঙ্গে। দ্বিতীয় উইকেটে দু জনে ১৬১ রান যোগ করার পর বিচ্ছিন্ন হন আকমল। হ্যারিসের বলে বোল্ড হওয়া আকমলের ৭১ রানের ইনিংসে বাউন্ডারি ৮টি। লাঞ্চের আগে প্রোটিয়া বোলারদের ঐ একটাই সাফল্য। করাচিতে প্রথম টেস্টেও দারুণ এক সেঞ্চুরি করা ইউনিস 'ম্যাজিক ফিগারে' পৌঁছেছেন লাঞ্চের আগেই। ১৬টি বাউন্ডারিতে ১৩০ রান করে ক্যালিসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। ইউসুফের সঙ্গে ইউনিসের তৃতীয় উইকেট জুটির অবদান ৮৯ রানের। ইউনিসের বিদায়ের পর ইনজামামের আগমন। বিদায়ী টেস্ট শুরু করেছিলেন মিয়াঁদাদের চেয়ে মাত্র ২০ রান পেছনে থেকে। প্রথম ইনিংসে ১৪ রান করায় টেস্টে শেষ বারের মতো ব্যাট করতে নামার সময় রেকর্ড থেকে পিছিয়ে ছিলেন ৬ রান দূরে। শুরুটা বড় কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। ক্যালিসের প্রথম বল মিড উইকেটে ঠেলে দিয়ে ৩ রান। ঐ ওভারে আর স্ট্রাইক পাননি। হ্যারিসের করা পরের ওভারের প্রথম বলেই হল সর্বনাশটা। ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে মিস করলেন বলের লাইন। ফলাফল স্টাম্পিং, মাত্র ৩ রানের জন্য রেকর্ড হাতছাড়া হওয়া। টেস্ট ক্রিকেটে জীবনের শেষ ইনিংস খেলে ফেরার সময় সংবর্ধনাটা দারুণ পেয়েছেন ইনজামাম। গাদ্দাফি স্টেডিয়ামের সব মানুষ উঠে দাঁড়িয়েছে, সতীর্থরা মাঠে নেমে এসে পিঠ চাপড়ে দিয়েছে, করমর্দন করেছেন আম্পায়ার ও প্রতিপক্ষের খেলোয়াড়রা। ইনজামামের বিদায়ের সময় পরাজয়ের আশঙ্কা থেকে অনেকটাই মুক্ত হয়ে গিয়েছিল পাকিস্তান । এর পর প্রায় ১৭ ওভার খেলা হলেও তারা আর কোনো উইকেট হারায়নি। ৬৩ রানে অপরাজিত থেকে প্রত্যাবর্তনটা ভালই উদযাপন করেছেন ইউসুফ। তার সঙ্গী শোয়েব মালিক অপরাজিত ছিলেন ২০ রানে। ৪ ইনিংসের তিনটিতেই সেঞ্চুরি করায় প্রত্যাশিতভাবে জ্যাক ক্যালিসই নির্বাচিত হয়েছেন ম্যান অব দ্য সিরিজ। ম্যাচের সেরাও তিনি। খেলাশেষে আবারো আবেগঘন দৃশ্যের জন্ম। পিসিবির উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে ইনজামামকে। 'মুলতানের সুলতান' ধন্যবাদ দিয়েছেন পাকিস্তানের সব ক্রিকেট কর্মকর্তা, সতীর্থ ও পরিবারের সদস্যদের। তখন অধিনায়ক শোয়েব মালিক সহ অনেকের চোখেই জল। মিয়াঁদাদের রেকর্ড ভাঙ্গতে পারেননি, দুই ইনিংসেই ব্যর্থ। তবু ১২ অক্টোবর শেষ হওয়া লাহোর টেস্টকে ক্রিকেটপ্রেমীরা মনে রাখবে একটি কারণেই। এটি যে ইনজামামের শেষ টেস্ট! বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/১৯১৮ঘ.