২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজামামজনিত চাপের সুযোগ নিতে চান স্মিথ

শোয়েব মালিক ক' দিন আগে জানিয়েছিলেন ড্রেসিং রুমে ইনজামাম-উল হকের উপস্থিতি এক ধরণের অস্বস্তির জন্ম দেয় পাকিস্তানের তরুণ খেলোয়াড়দের মধ্যে। ইনজামাম নিজেও বোধহয় ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল। আর তাই লাহোর টেস্ট শেষে ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েই ফেলেছেন 'মুলতানের সুলতান'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 01:57 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

করাচি, ৬ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শোয়েব মালিক ক' দিন আগে জানিয়েছিলেন ড্রেসিং রুমে ইনজামাম-উল হকের উপস্থিতি এক ধরণের অস্বস্তির জন্ম দেয় পাকিস্তানের তরুণ খেলোয়াড়দের মধ্যে। ইনজামাম নিজেও বোধহয় ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল। আর তাই লাহোর টেস্ট শেষে ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েই ফেলেছেন 'মুলতানের সুলতান'। গ্রায়েম স্মিথ অবশ্য পাকিস্তানের ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে মোটেও আগ্রহী নন। তবে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের ধারণা ইনজামামের শেষ টেস্টে পাকিস্তান যথেষ্ট চাপের মধ্যে থাকবে। তরুণ অধিনায়ক মালিক সেই চাপ কীভাবে মোকাবিলা করেন, সেটা দেখতেই বেশি আগ্রহী তিনি। ১৬০ রানে করাচি টেস্ট জিতে নিয়ে প্রোটিয়ারা এখন দারুণ ফুরফুরে মেজাজে। সোমবার থেকে লাহোরে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট ড্র করতে পারলেই সিরিজটা জিতে যাবে তারা। আর সেটা নিশ্চিত করতে সব সুযোগই কাজে লাগাতে চান দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তাই ইনজামামের শেষ টেস্ট এবং তার সঙ্গে তরুণদের অস্বস্তিকর সম্পর্কজনিত সুবিধাটা নিতে চান,"পাকিস্তানের সঙ্গে খেলার সময় আমি লক্ষ্য করেছি যে ইনজামাম ওদের দলের এক জন বিশাল ব্যক্তিত্ব। শেষ টেস্টে সে কীভাবে সব কিছু সামলাবে তা আগ্রহ নিয়েই লক্ষ্য করবো আমি।" বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ইনজামাম, অবসর নিয়েছিলেন ওয়ানডে থেকেও। তার জায়গায় এখন শোয়েব মালিক পাকিস্তান দলের নেতৃত্বে। স্মিথের ধারণা লাহোরে ইনজামামের বিদায়ী টেস্ট হবে মালিকের জন্যও কঠিন এক পরীক্ষা, "সব কিছু সামলে চলা তার (মালিকের) জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হবে (এই টেস্টে)। আমার ধারণা তার ওপরে বিরাট চাপ থাকবে। কারণ নিঃসন্দেহে এই দলের ওপর ইনজামামের বিরাট একটা প্রভাব আছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৫০ঘ.