হায়দ্রাবাদ, ভারত, ৪ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাট-বলের চেয়ে 'কথা'র যুদ্ধ নিয়েই দুই দল বেশি ব্যস্ত। ৭ ম্যাচ ফিউচার কাপের মাত্র দুটো হয়েছে এখন পর্যন্ত। প্রথমটা তো বৃষ্টির জন্য শেষই হতে পারেনি। তবে রিকি পন্টিংয়ের ইনজুরির কারণে সুযোগ পেয়ে হ্যাডিনের দুর্দান্ত ব্যাটিং, দুটো ম্যাচেই অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্স কিংবা দ্বিতীয়টায় ভারতের অসহায় আত্মসমর্পণ নয়, এখন সিরিজের সবচেয়ে আলোচিত শব্দ 'স্লেজিং'! শুক্রবার হায়দ্রবাদের তৃতীয় ওয়ানডের আগে দুদলই এ নিয়ে চিন্তিত, বিব্রত।
গত দুই ম্যাচ মিস করেছেন। এই ম্যাচে পন্টিং ফিরছেন কিনা সেটা লাখ টাকার প্রশ্ন, কিন্তু সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়কে স্লেজিং নিয়েই কথা বলতে হলো সবার আগে। জানালেন, "ম্যাচ রেফারি অধিনায়কদের ডেকে পাঠিয়েছিলেন। অর্থাৎ (মহেন্দ্র) ধোনির পর আমাকে ও অ্যাডাম গিলক্রিস্টকে। তিনি আমাদের জানিয়েছেন যে সিরিজে এমন কিছু ঘটনা ঘটেছে যা নিয়ে তিনি ভীষণ অসন্তুষ্ট। এবং সিরিজে এ ধরণের ঘটনা যেন না ঘটে অধিনায়কদের সেটাও নিশ্চিত করতে বলেছেন তিনি।"
দ্বিতীয় ওয়ানডেতে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামের মাঠে জন্ম হওয়া কয়েকটি ঘটনা আসলেই ঠিক 'ক্রিকেটীয়' ছিল না। আর এ সব 'অক্রিকেটীয়' ঘটনার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন কোচিরই 'লোকাল হিরো' শান্তকুমারন শ্রীশান্ত। নামের মধ্যে দুটো 'শান্ত' থাকলেও মাঠে প্রায়ই অশান্ত হয়ে পড়েন তিনি! বিশেষ করে উইকেট নেয়ার পর। সেদিনও তিনটি উইকেট নেয়া শ্রীশান্তের উল্লাস মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। এমনকি একটি বল শেষে ব্র্যাড হ্যাডিনের সঙ্গে নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা অ্যান্ড্র সাইমন্ডস কথা বলতে গেলে উইকেট ভেঙ্গে দিয়ে রান আউটের আবেদনও করেন তিনি!
ভারতের ব্যাটিংয়ের সময়ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মাইকেল ক্লার্কের বলে স্টাম্পড হওয়ার পরও কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে ছিলেন হরভজন সিং। ভারতের এই অফস্পিনারের অভিযোগ তখন নাকি তাকে উদ্দেশ্য করে গালিগালাজ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার কয়েকজন ফিল্ডার।
অস্ট্রেলিয়ার 'সিডনি মর্নিং হেরাল্ড' পত্রিকাকে তিনি জানিয়েছেন, টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে পরাজয়ের যন্ত্রণা এখনো ভুলতে পারেনি বিশ্ববিজয়ীরা, "তারা (অস্ট্রেলিয়া) খুবই ভাল ক্রিকেট দল। কিন্তু তার মানে এই নয় যে যা ইচ্ছা তাই করতে পারবে তারা। নিঃসন্দেহে ওরা পরাজয়টা মেনে নিতে পারেনি।" আর কোচিতে আউট হওয়ার পরের ঘটনা সম্পর্কে তার বক্তব্য, "আমাকে লক্ষ্য করে অনেক অশ্লীল কথা বলা হয়েছে। আমি শুধু তার জবাব দিয়েছি। এমনিতে মাঠের মধ্যে হাসি-ঠাট্টা করতে আমার সমস্যা নেই। কারণ সেটা তো খেলারই একটা অঙ্গ। কিন্তু ব্যক্তিগত ও অশ্লীল কথা সহ্য করা খুব কঠিন।"
পন্টিং অবশ্য হরভজনের কথার জবাব দিতে দেরি করেননি। সেই সঙ্গে ভারতের আক্রমণাত্মক মনোভাবকে একহাত নিতেও তিনি ছাড়েননি, "সত্যি কথা বলতে আমি কখনো দ্বিধা করি না। সে (হরভজন) মাঠের মধ্যে প্রচুর কথা বলে। আর যখনই কেউ তাকে নিয়ে কোনো কথা বলে, সে সেখান থেকে যেন পালিয়ে যেতে পারলেই বাঁচে! আমরা এখানে আসার পর থেকেই ওরা বিভিন্ন কথা বলছে, বিবৃতি দিচ্ছে। নতুন ভারত নতুন আক্রমণাত্মক মনোভাব নিয়েই বোধহয় খেলতে যাচ্ছে।" সেই সঙ্গে অস্ট্রেলীয়দের সম্পর্কে 'স্লেজিং'-এর যে দুর্নাম তা উড়িয়ে দিয়ে পন্টিং বলেছেন, "কোনো কিছু সম্পর্কে ধারণা একটা অদ্ভূত ব্যাপার। প্রত্যেকে যেভাবে বলে আমরা যদি ততটা খারাপ হতাম তা হলে অস্ট্রেলীয় খেলোয়াড়ের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ উঠতো। বিশেষ করে গত দু বছরে।"
যাই হোক, গত দুই ম্যাচের বিরতি কাটিয়ে এই ম্যাচে মাঠে ফিরতে পারেন পন্টিং। খেলতে পারেন নাথান ব্র্যাকেনও। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছিলেন তিনি। ছেলে চেজের মুখ দেখেই দলের সঙ্গে যোগ দিয়েছেন এই বাঁহাতি পেসার। তবে পন্টিং বা ব্র্যাকেনকে ফিরে পাওয়ার আনন্দের চাইতে অস্ট্রেলিয়া বোধহয় কথার লড়াই নিয়েই বেশি চিন্তিত। অধিনায়ক ধোনিসহ ভারতীয় দলও এই দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারছে না।
এমনিতে হায়দ্রাবাদে এখন বেশ গরম। দিনের বেলা তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও ওঠে। শুক্রবার এই উত্তাপের মধ্যে দু দলের ক্রিকেটাররা কতটা মাথা ঠান্ডা রাখতে পারেন সেটাই দেখার। বিশেষ নামের মধ্যে দুটো 'শান্ত' নিয়ে ঘুরে বেড়ানো উগ্র মেজাজের শ্রীশান্ত!
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪৫ঘ.
bdnews24