করাচি, ১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মোহাম্মদ ইউসুফকে নিয়ে শেষ মুহূর্তের 'নাটক' টার জন্য প্রস্তুত ছিল না কেউই। ভারতীয় ক্রিকেট লিগ (আইসিএল) থেকে মুখ ফিরিয়ে পিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, আছেন করাচি টেস্টের দলেও। তাকে ঘিরেই আবর্তিত হচ্ছিল পাকিস্তানের ব্যাটিং আক্রমণের পরিকল্পনা। কিন্তু সোমবার করাচি টেস্ট শুরু হওয়ার ঠিক আগে সরে দাঁড়ালেন নিজেই। ম্যাচ প্র্যাকটিসের অভাবের জন্যই নাকি তার এই সিদ্ধান্ত!
গত জুনে আফ্রো-এশিয়া কাপের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি। সুযোগ পাননি টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের দলে। তার পর আইসিএল-এ যোগ দান এবং রহস্যের জন্ম দিয়ে পাকিস্তান দলে ফিরে আসা। তবে তাকে ঘিরে রহস্য যে এখনো শেষ হয়ে যায়নি তার প্রমাণ করাচি টেস্ট থেকে এমন আকস্মিক সরে দাঁড়ানো।
২০০৬ সালে এক পঞ্জিকাবর্ষে রেকর্ড ১৭৮৮ রান ও ৯টি সেঞ্চুরি করা ইউসুফ নিজেও জানিয়েছেন তার ম্যাচ প্র্যাকটিসের অভাবের কথা, "আমি দুই মাস খেলিনি। পুরো ম্যাচ ফিটনেসের জন্য আমার আরো সময় প্রয়োজন। (দলে ডাকার আগে) ফিটনেস বা ফর্মের ব্যাপারে তারা (নির্বাচকরা) আমাকে কিছু জিজ্ঞেস করেননি। যদিও আমি গত রাতেই তাদের জানিয়ে দিয়েছি যে খেলছি না।" পাকিস্তানের প্রধান নির্বাচক সালাহউদ্দিন আহমেদের কণ্ঠেও প্রায় একই কথার প্রতিধ্বনি, "ইউসুফের মনে হয়েছে সে ম্যাচের জন্য সম্পূর্ণ ফিট নয়। সে জানিয়েছে তার আরো সময় দরকার। এটা তার নিজের সিদ্ধান্ত।"
যদিও ম্যাচ শুরুর ঠিক আগে ইউসুফের এমন আকস্মিক সিদ্ধান্ত একটা গুঞ্জনকে উস্কে দিয়েছে খানিকটা হলেও। একটি সূত্রের খবর, আইসিএল নাকি লিগ্যাল নোটিশ পাঠাতে পারে তাকে। আইসিএল-এর মার্কেটিং ও কমিউনিকেশন প্রধান গৌরব শেঠ অবশ্য গুঞ্জনটা উড়িয়ে দিয়ে বলেছেন, "আমরা কোনো লিগ্যাল নোটিশ পাঠাইনি। সে লিগের (আইসিএল-এর) সঙ্গে যুক্ত থাকতে চায় কি না সেটাই এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা তার জবাবের অপেক্ষায় আছি। আশা করি আগামী কয়েক দিনের মধ্যে তার বক্তব্য জানতে পারবো। তার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো আমরা।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৫০ঘ.
bdnews24