করাচি, ১ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পেয়ে ক্ষোভে-দুঃখে সহ-অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন জাতীয় দল থেকে অবসর নেয়ার। ভাগ্যিস তেমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেননি জ্যাক ক্যালিস! তাহলে যে কী হারাত দক্ষিণ আফ্রিকা তা পরের ইনিংসেই ব্যাট হাতে নেমে বুঝিয়ে দিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ক্যালিসের অপরাজিত ১১৮ রানের দারুণ এক ইনিংসের সৌজন্যে করাচি টেস্টের প্রথম দিনটা দারুণ কেটেছে প্রোটিয়াদের। দিনশেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২৯৪ রান।
সোমবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচ শুরুর আগেই অবশ্য মঞ্চস্থ হয়েছে ছোটখাটো একটি নাটক। একেবারে শেষ মুহূর্তে যথেষ্ট ম্যাচ প্র্যাকটিস নেই বলে পাকিস্তান দল থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ ইউসুফ। তার জায়গায় ফয়সাল ইকবালকে প্রথম একাদশে নিয়েছে পাকিস্তান। এছাড়া দুজন স্পেশালিস্ট স্পিনারকে খেলানোর সিদ্ধান্ত নেওয়ায় অভিষেক হয়েছে তরুণ স্পিনার আব্দুর রেহমানের।
তবে রেহমান কিংবা তার সঙ্গী দানিশ কানেরিয়া নন, পাকিস্তানের পক্ষে প্রথম সেশনে একমাত্র সাফল্যটি পেয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। সকালে পাকিস্তানি বোলারদের এলোমেলো বোলিংয়ের সুবিধা নিয়ে দক্ষিণ আফ্রিকান ওপেনাররা এমনই ব্যাটিং করছিলেন যে লাঞ্চের আগেই দলের ষষ্ঠ বোলারের হাতে বল তুলে দিতে বাধ্য হন অধিনায়ক শোয়েব মালিক। নিজের দ্বিতীয় ওভারেই তাকে সাফল্য এনে দিয়েছেন হাফিজ, এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন স্মিথকে। ৮৭ রানের ওপেনিং জুটিতে স্মিথের অবদান ৪২।
লাঞ্চের সময় গিবস অপরাজিত ছিলেন ৪২ রানে। টেস্টে ৬ হাজার রানের মাইলফলক থেকে তিনি তখন মাত্র ১৫ রান দূরে দাঁড়িয়ে। কিন্তু করাচি টেস্টের প্রথম ইনিংসে 'সিক্স থাউজ্যান্ড' ক্লাবে পৌঁছাতে পারেননি দক্ষিণ আফ্রিকার ওপেনার। ৫৪ রান করে উমর গুলের বলে ক্যাচ দিয়েছেন হাফিজকে।
স্বাগতিকদের গিবসকে ফেরানোর আনন্দ মুছে যেতে অবশ্য সময় লাগেনি। কারণ ক্যালিস ও হাশিম আমলার দৃঢ়তাপূর্ণ ব্যাটিং। দু জনে ১৭০ রানের জুটি গড়ে দলকে তৈরি করেছেন বড় সংগ্রহের ভিত্তি। ৬টি ছক্কা ও অভিষিক্ত আব্দুর রেহমানকে ছক্কা মেরে ৭১ রান করা আমলাকে বোল্ড করে জুটিটা ভেঙ্গেছেন আসিফ। এর পর আরো ৯ ওভার খেলা হলেও ক্যালিসকে কেউ আউট করতে পারেননি । ২৫তম টেস্ট সেঞ্চুরির পর অপরাজিত থেকেই তিনি ফিরেছেন মাঠ থেকে। এই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডারের অপরাজিত ১১৮ রানের দুর্দান্ত ইনিংসে বাউন্ডারি ১৫টি। দিনশেষে তার সঙ্গে ৩ রান নিয়ে ব্যাট করছিলেন অ্যাশওয়েল প্রিন্স।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৪০ঘ.
bdnews24