২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বকাপে বাদ দিলে কোহলির ছন্দে ফেরা কঠিন’

আগে ব্যাটিংয়ে নামলেই যার ব্যাটে ধরা দিত নানা রেকর্ড, সেই বিরাট কোহলি নিজের ছায়া হয়ে আছেন লম্বা সময় ধরে। তার স্বরূপে ফেরার অপেক্ষা শেষ তো হচ্ছেই না, উল্টো ফর্মহীনতা নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠছে ভারত দলে তার জায়গা নিয়েও। অনেকের মনে শঙ্কা, হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হারাতে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। তেমন কিছু হলে বরং হিতে বিপরীত হবে বলে মনে করেন রিকি পন্টিং।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 08:36 PM

Updated : 25 Oct 2022, 10:58 AM

তাই অস্ট্রেলিয়ার দুবারের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়কের পরামর্শ, এখন আরও বেশি সমর্থন দিতে হবে কোহলিকে। টি-টোয়েন্টিতে নির্দিষ্ট করে দিতে হবে তার ব্যাটিং পজিশন।   

এই বছরের আইপিএলে রানের জন্য প্রবল সংগ্রাম করতে হয় কোহলিকে। প্রায় তিন বছর ধরে কোনো ধরনের ক্রিকেটেই তার ব্যাটে নেই সেঞ্চুরি। এই মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে দুই ইনিংসে তিনি করেন কেবল ১১ ও ২০ রান।

ইংলিশদের বিপক্ষেই টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে তার রান ১ ও ১১। লর্ডসে দ্বিতীয় ওয়ানডেতে দারুণ তিনটি চার মারলেও তার ইনিংস থমকে যায় স্রেফ ১৬ রানে। ম্যানচেস্টারে শেষ ম্যাচে করেন ১৭।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে কোহলির স্ট্রাইক রেট নিয়েও উঠেছে প্রশ্ন। এই মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের টি-টোয়েন্টি দলে রাখা হয়নি ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যানকে। তাকে বাদ দেওয়া হয়েছে নাকি বিশ্রাম, এই আলোচনাও আছে।

অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের যখন তিন মাসের কম সময় বাকি, তখন টি-টোয়েন্টি থেকে কোহলিকে বাদ দেওয়ার দাবিও টুকটাক উঠতে শুরু করেছে ভারতীয় ক্রিকেটে।

তবে পন্টিং মনে করেন, প্রতিপক্ষের জন্য এখনও ভয়ঙ্কর কোহলি, এখনও দলে তার বড় প্রভাব রাখার সামর্থ্য রয়েছে।

কোহলিকে নিয়ে আইসিসি রিভিউয়ে বুধবার নিজের অভিমত তুলে ধরেন অস্ট্রেলিয়ার ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। পন্টিংয়ের বিশ্বাস, ডানহাতি এই ব্যাটসম্যানের ছন্দে ফেরা স্রেফ সময়ের ব্যাপার।

“আমি যদি প্রতিপক্ষ দলের অধিনায়ক বা খেলোয়াড় হতাম, তাহলে এমন একটি ভারতীয় দলের বিপক্ষে খেলতে ভয় পেতাম যেখানে বিরাট কোহলি আছে।”

“জানি, তার জন্য সময়টা চ্যালেঞ্জিং, কঠিন সময় যাচ্ছে। কিন্তু এই খেলায় আমি দেখেছি প্রতিটি গ্রেট খেলোয়াড়ই কোনো না কোনো পর্যায়ে এমন সময়ের মধ্য দিয়ে গেছে, সে ব্যাটসম্যান হোক বা বোলার। তবে সেরা খেলোয়াড়রা ঠিকই ঘুরে দাঁড়ায়। বিরাটের জন্য এটি কেবল সময়ের ব্যাপার।”

ভারত যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তার জন্য ঘুরে দাঁড়ানো আরও কঠিন হবে বলে মনে করেন পন্টিং।

“যদি বিশ্বকাপের আগে বিরাটকে বাদ দেওয়া হয় আর সেই জায়গায় যদি অন্য কেউ আসে এবং টুর্নামেন্টে ভালো করে, তাহলে বিরাটের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন হবে।” 

“তাই আমি মনে করি, আমি যদি অধিনায়ক বা ভারতীয় কোচিং স্টাফের একজন হতাম, তাহলে আমি তার জন্য সবকিছু যতটা সম্ভব সহজ করে দিতাম যাতে সে দলে যতটা সম্ভব স্বাচ্ছন্দ্য বোধ করে। কেবল তার রান করার জন্য অপেক্ষা করতে হবে।”

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোহলির ব্যাটিং অর্ডার বেশ নড়চড় হয়েছে। ভারতের টিম ম্যানেজমেন্টকে তাই পন্টিংয়ের পরামর্শ, টপ অর্ডারে কোহলির জন্য একটি নির্দিষ্ট পজিশন ঠিক করে দিতে হবে এবং পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে সেখানে খেলানোর প্রতিশ্রুতি দিতে হবে।

“টুর্নামেন্টের শুরুর দিকে, প্রথম রাউন্ডের জন্য তাকে ব্যাটিংয়ে শুরুর দিকে আনতে হবে, রানের মধ্যে ফেরাতে হবে। তারপর আশা করি, টুর্নামেন্টের শেষে বিরাট কোহলিকে তার সেরা অবস্থায় ফিরে পাওয়া যাবে।”

পন্টিংয়ের মতে, দেশের হয়ে কোহলির সেরা পারফরম্যান্স তখনই এসেছে যখন সে মাঠে ও মাঠের বাইরে স্থির ও শান্ত ছিল। কোচিং স্টাফকে যত তাড়াতাড়ি সম্ভব তার মধ্যে সেই বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে বলে মনে করেন বর্তমানে কোচিংয়ে যুক্ত পন্টিং।  

“তাকে ফর্মে ফেরাতে এবং সাহায্য করার জন্য সম্ভবত নতুন উপায় খুঁজে বের করার চেষ্টা করা উচিত। অন্য কেউ ভালো না করলে তাকে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিরাটের জন্য জায়গা খোঁজার চেষ্টায় অন্য কাউকে আবার সরিয়ে নেওয়া হচ্ছে। সে ব্যাটিং ওপেন করেছে, গত কয়েক বছরে আইপিএলে সে তিন নম্বরে ব্যাট করেছে এবং ভারতের হয়েও একই কাজ করেছে। পজিশন বদলালে তার মনে হবে যে সবাই তাকে নিয়ে চিন্তিত এবং সে আরও অস্থির হয়ে উঠবে।”

“এক্ষেত্রে আমি অন্য পথে যাব। তাকে বলব, ‘এটা তোমার জায়গা, এখানে তুমি ব্যাটিং করছো, এটা বদলাবে না। নিজের ওপর বিশ্বাস রাখো, কঠোর পরিশ্রম করতে থাকো, যা তোমাকে গত কয়েক বছর ধরে বিশ্বের সেরা খেলোয়াড়ে পরিণত করেছে- এসব করে যাও, রান আসবে’।”