২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুমরাহকে সরিয়ে ফের শীর্ষে বোল্ট

ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বেশি দিন থাকতে পারলেন না জাসপ্রিত বুমরাহ। শীর্ষস্থান হারানোর এক সপ্তাহ পরই ভারতীয় পেসারকে সরিয়ে আবারও চূড়ায় উঠে গেলেন নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 03:01 PM

Updated : 22 Jul 2022, 03:59 AM

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের ১০ উইকেটের জয়ে স্রেফ ১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন বুমরাহ। নজরকাড়া ওই পারফরম্যান্সের সুবাদে দুই বছরেরও বেশি সময় পর গত সপ্তাহে বোল্টকে সরিয়েই শীর্ষে ফিরেছিলেন ভারতীয় পেসার।

ওই সিরিজের পরের ম্যাচে তিনি ১৯ রানে নেন ২ উইকেট। তবে ম্যানচেস্টারে সিরিজের শেষ ম্যাচে ছিলেন না বুমরাহ। মূলত এই কারণেই র‌্যাঙ্কিংয়ে নেমে যেতে হলো তাকে।

দুই জনের রেটিং পয়েন্টের পার্থক্য স্রেফ ১। কিউই পেসার বোল্টের পয়েন্ট ৭০৪, বুমরাহর ৭০৩।

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা হার্দিক পান্ডিয়া বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ২৫ ধাপ। লেগ স্পিনার যুজবেন্দ্র চেহেলের অগ্রগতি ৪ ধাপ। তার অবস্থান ১৬তম।

আয়ারল্যান্ডের বিপক্ষে গত শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে এক ধাপ এগিয়েছেন নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি। এই পেসার আছেন সপ্তম স্থানে। ১ রানের রোমাঞ্চকর জয়ের ম্যাচে ৩ উইকেট নেওয়া মিচেল স্যান্টনার দুই ধাপ এগিয়ে আছেন ২৩তম স্থানে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে আরও এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার আনরিক নরকিয়া ও ইংল্যান্ডের ডেভিড উইলি।

ইংল্যান্ডের বিপক্ষে গত মঙ্গলবার প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দেন রাসি ফন ডার ডাসেন। ক্যারিয়ার সেরা ১৩৪ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান জায়গা করে নিলেন ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়েও। ব্যাটসম্যানদের তালিকায় তার অবস্থান এখন তৃতীয়।

শীর্ষ দুই স্থানে আগের মতোই আছেন পাকিস্তানের বাবর আজম ও ইমাম-উল-হক। এক ধাপ নিচে নেমে এখন চারে এক সময় চূড়ায় থাকা বিরাট কোহলি।

ইংলিশদের ৬২ রানে হারানোর ম্যাচে ব্যাট হাতে অবদান রাখেন এইডেন মারক্রামও। ৭৭ রানের ইনিংস খেলে ১৫ ধাপ এগিয়ে তিনি আছেন ৬১তম স্থানে। ইংল্যান্ড ওপেনার জেসন রয়ের উন্নতি এক ধাপ।

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ইংলিশদের বিপক্ষে শেষ ওয়ানডেতে ১২৫ রানের চোখধাঁধানো ইনিংস খেলা রিশাভ পান্ত দিয়েছেন বড় লাফ। ২৫ ধাপ এগিয়ে তার অবস্থান ৫২তম। ওই ম্যাচে ফিফটি করা পান্ডিয়া ৮ ধাপ উন্নতি করে আছেন ৪২ নম্বরে।