আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের পথে বিসিবি
সারা দেশে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার মৌলিক একটি কাজ অবশেষে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। টেস্ট মর্যাদা পাওয়ার ২২ বছর পর গঠন করতে যাচ্ছে আঞ্চলিক ক্রিকেট সংস্থা।
রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার বোর্ডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে বিসিবি প্রধান নাজমুল হাসান এ কথা জানান। এখনও রূপরেখা চূড়ান্ত করা হয়নি। তবে এজিএমে গঠনতন্ত্র সংশোধন করে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের পথে অনেকটাই এগিয়ে গেছে বিসিবি।
“এখন আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন করতে আর কোনো বাধা রইল না।”
“প্রথম কথা হচ্ছে, আগামী বোর্ড মিটিংয়ের আগে আমরা সব ঠিক করব। তখন আরও বিস্তারিত বলা যাবে। তবে এখন এতটুকু বলতে পারি, নির্বাচিত প্রতিনিধিও থাকবে এবং মনোনীতও থাকবে। গাইডলাইন তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবিকে। তারা প্রাথমিক গাইডলাইন তৈরি করে দেবে, সে অনুযায়ী আঞ্চলিক ক্রিকেট সংস্থা হবে। গাইডলাইন যখন একবার হয়ে যাবে, আঞ্চলিক ক্রিকেট যখন একবার হয়ে যাবে, তখন সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।”
আঞ্চলিক ক্রিকেট সংস্থা হবে বিভাগ কেন্দ্রিক। রাজশাহী, সিলেট, বরিশাল, ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও খুলনা বিভাগে হবে এসব কেন্দ্র। বড় বিভাগে ১৭ জন সদস্য ও ছোট বিভাগের জন্য ১১ জন সদস্য থাকবে। বিসিবি প্রধান আশাবাদী, কেন্দ্রগুলো সচল হলে আরও গতিশীল হবে তৃণমূল পর্যায়ের ক্রিকেট।
“আঞ্চলিক ক্রিকেট সংস্থার প্রভাব অনেক, অনেক ভালো হওয়ার কথা। এতদিন আমরা ঢাকা থেকে সব নিয়ন্ত্রণ করে এসেছি। ঢাকা থেকে আমরা বড় জোর বিভাগে যেতে পারছি। বিশেষ করে যে সমস্ত জায়গা থেকে তারা এসেছেন, সেগুলো ছাড়া অন্য জায়গায় আমাদের ইন্টারঅ্যাকশন খুব কম। জেলা পর্যায়ে তো আরও কম। সুপারভিশনটা ঠিক যেভাবে হওয়া উচিত ছিল, সেইভাবে আমরা করতে পারিনি এবং করা সম্ভব না ঢাকায় বসে।”
“আমার মনে হয়, আঞ্চলিক ক্রিকেট সংস্থা যদি প্রত্যেকটা বিভাগে হয়ে যায়, তাহলে আরও সাতটা ভাগ হয়ে গেল। এত দিন ধরে আমরা যা করে আসছি, এর চেয়ে ওদের ওখান থেকে সুপারভিশনটা অবশ্যই অনেক ভালো হবে। আমাকে যদি বলেন, এটা কার্যকর করতে বড়জোর একমাস সময় লাগতে পারে। যারা এটার সাথে আছে, আমি ওদেরকে যেটা বলব, অবশ্যই লক্ষ্য হওয়া উচিত আগামী বোর্ড মিটিং।”
আঞ্চলিক ক্রিকেট সংস্থা না পেলেও জাতীয় ক্রিকেট লিগে দল পেতে পারে ময়মনসিংহ, বিসিবি প্রধান দিলেন তেমনই আভাস।
“ময়মনসিংহ এখনও ঢাকার অধীনেই আছে। আজ এটা নিয়ে কথা হয়েছিল। যেহেতু ওরা ঢাকার সঙ্গে আছে, এর জন্য সাতটার কথা বলা হয়েছে। এই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আজকে। একটা জিনিস এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেই ধরনের খেলাধুলার সুবিধা একটা বিভাগ পায়, সেই খেলাধুলার ব্যবস্থা আমরা ক্রিকেট বোর্ড থেকে করে দেব ময়মনসিংহেও।”
