২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী তিন বিপিএলের তারিখ চূড়ান্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বরাবরের অনিশ্চয়তার অবসান হচ্ছে অন্তত তিন মৌসুমের জন্য। ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগামী তিন আসরের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছে বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2022, 06:34 PM

Updated : 22 Jul 2022, 03:57 AM

বিসিবিতে রোববার বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান ঘোষণা করেন সামনের তিন বিপিএলের তারিখ।

“আগামী তিন বিপিএলের তারিখ আমরা চূড়ান্ত করেছি। এটা নিয়ে বারবার যাতে সমস্যা না হয়। এবার আমরা বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দেব তিন বছরের জন্য। যেহেতু তিন বছরের জন্য দল দেব, তাই তারিখও তিন বছরের ঠিক করা হয়েছে, যাতে দলগুলি আগে থেকেই প্রস্তুতি সব নিতে পারে।”

“আগামী বছরের বিপিএল হবে ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ সালে হবে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালের আসর হবে ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি।”

বিসিবি সভাপতি জানালেন, ৭ দলের আসর ধরে নিয়ে প্রতি আসরের তারিখ ঠিক করা হয়েছে। সপ্তাহখানেকের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে।

বিপিএলের এখনও পর্যন্ত ৮টি আসর হলেও টুর্নামেন্টের নির্দিষ্ট কোনো সময় ছিল না। শেষ মুহূর্তে সূচি চূড়ান্ত হয় বলে প্রতিবারই দল গোছাতে হিমশিম খেতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। অনিশ্চয়তার কারণে বড় তারকাদের পাওয়া যায়নি অনেক সময় কিংবা পাওয়া গেলেও লম্বা সময়ের চুক্তি করা যায়নি। সামনের তিন আসরে এই বাধা অন্তত থাকছে না।

বিসিবির ঠিক করা তারিখ থেকে পরিষ্কার, আগামী তিন বছরে জানুয়ারির প্রথম ভাগ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট হবে না দেশে। এমনিতে এই সময়টায় দেশে আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ সময় মনে করা হতো।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো দুদিন আগে সূত্রের বরাত দিয়ে জানায়, আইসিসি ভবিষ্যৎ সফরসূচীর (এফটিপি) ২০২৩-২০২৭ চক্রে প্রায় সব দেশের বোর্ডই নিজেদের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য আলাদা সময় সুনির্দিষ্ট করে রেখেছে। সেই সময়টাই ওই দেশে আন্তর্জাতিক ক্রিকেট হবে না। বিসিবিও আগামী চার বছর জানুয়ারি মাস ফাঁকা রেখেছে বলেই উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।