২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে, সঙ্গী নেদারল‍্যান্ডস

পাপুয়া নিউ গিনিকে হারিয়ে ২০১৬ সালের পর প্রথম কোনো বিশ্ব আসরে খেলা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। একই সময়ে হওয়া আরেক ম‍্যাচে যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন গুঁড়িয়ে জিম্বাবুয়ের সঙ্গী হয়েছে নেদারল‍্যান্ডস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 08:56 PM

Updated : 02 Aug 2022, 11:53 AM

জিম্বাবুয়েতে শুক্রবার হয় বিশ্বকাপ বাছাইয়ের দুটি সেমি-ফাইনাল, কার্যত যা বিশ্বকাপ নিশ্চিত করার লড়াই। এর একটিতে পাপুয়া নিউ গিনিকে ২৭ রানে হারায় ক্রেইগ আরভিনের দল। অন‍্যটিতে, বাস ডে লেডের অলরাউন্ড নৈপুণ‍্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে নেদারল‍্যান্ডস।

বছরের শেষে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আনুষ্ঠানিক নাম গ্লোবাল কোয়ালিফায়ার। গত ফেব্রুয়ারিতে এর প্রথমটিতে জিতে প্রাথমিক পর্বে খেলা নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল‍্যান্ড। অন‍্যটি ১১ জুলাই শুরু হয় জিম্বাবুয়েতে। আগামী রোববার আট দলের এই টুর্নামেন্টের ফাইনালে খেলবে জিম্বাবুয়ে ও নেদারল‍্যান্ডস।

জিম্বাবুয়ে-পাপুয়া নিউ গিনি

বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস পার্কে প্রথম সেমি-ফাইনালে টস জিতে ব‍্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে। টনি উরার দারুণ ইনিংসের পরও ৮ উইকেটে ১৭২ রান করতে পারে পাপুয়া নিউ গিনি।

ক্রিজে যাওয়া জিম্বাবুয়ের সাত ব‍্যাটসম‍্যানের সবাই স্পর্শ করেন দুই অঙ্ক। সবারই স্ট্রাইক রেট ছিল ১২৫ এর বেশি।

ইনিংসে নেই কোনো ফিফটি, সর্বোচ্চ ৪২ রান করেন ওয়েসলি মাধেভেরে। অধিনায়ক আরভিনের সঙ্গে মিলে উপহার দেন একমাত্র পঞ্চাশ ছোঁয়া জুটি। কেউ খুব বড় ইনিংস না খেললেও, খুব বড় জুটি গড়ে না উঠলেও ক্রিজে যাওয়া সব ব‍্যাটসম‍্যানই কম-বেশি অবদান রাখায় দুইশ রানের লক্ষ‍্য দিতে পারে জিম্বাবুয়ে।

বড় রান তাড়ায় ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাপুয়া নিউ গিনি। পাঁচে নেমে ৩৫ বলে পাঁচ ছক্কা ও চারটি চারে ৬৬ রানের খুনে ইনিংসে তাদের আশা বাঁচিয়ে রাখেন উরা। বাঁ হাতি অলরাউন্ডার শন উইলিয়ামসের বলে তিনি বোল্ড হয়ে গেলে আর পেরে ওঠেনি পাপুয়া নিউ গিনি।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৯৯/৫ (চাকাভা ৩০, আরভিন ৩৮, মাধেভেরে ৪২,  রাজা ২২, উইলিয়ামস ২২, শুম্বা ২৯*, বার্ল ১০*; কামিয়া ২-০-১৯-০, বাউ ৪-১-৩২-২, আটাই ১-০-৯-০, ভানুয়া ২-০-২৩-০, আসাদা ৩-০-৩৪-০, হেকারে ২-০-২০-১, মোরেয়া ৩-০-৩২-০, আমিনি ৩-০-২৮-২)

পাপুয়া নিউ গিনি: ২০ ওভারে ১৭২/৮ (সিয়াকা ০, আসাদ ৭, আমিনি ৩১, বাউ ৫, উরা ৬৬, হেকারে ১৭, ভানুয়া ৩, ভারে ৯, মোরেয়া ১৬*, আটাই ২*; এনগারাভা ৪-০-২২-১, মাধেভেরে ২-০১২-১, মুজারাবানি ৪-০-২৪-২, রাজ্জা ২-০-২২-১, মাসাকাদজা ২-০-১৭-০, জঙ্গুয়ে ৪-০-৩৯-১, বার্ল ১-০-১৬-০, উইলিয়ামস ১-০-৯-০)

ফল: জিম্বাবুয়ে ২৭ রানে জয়ী

ম‍্যান অব দা ম‍্যাচ: টনি উরা

নেদারল‍্যান্ডস-যুক্তরাষ্ট্র

বুলাওয়ায়ো অ‍্যাথলেটিক ক্লাবে দ্বিতীয় সেমি-ফাইনালে টস জিতে ব‍্যাট করতে নেমে ২ বল বাকি থাকতে ১৩৮ রানে থমকে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস। জবাবে ৩ উইকেট হারিয়ে ৬ বল বাকি থাকতে লক্ষ‍্যে পৌঁছে যায় নেদারল‍্যান্ডস।

Image
যুক্তরাষ্ট্রের প্রথমবার বিশ্বকাপে খেলার স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠেছে নেদারল্যান্ডস। ছবি: নেদারল্যান্ডস ক্রিকেট

যুক্তরাষ্ট্রের প্রথমবার বিশ্বকাপে খেলার স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠেছে নেদারল্যান্ডস। ছবি: নেদারল্যান্ডস ক্রিকেট

দুই ওপেনার মোনাক প‍্যাটেল ও স্টিভেন টেইলরের দৃঢ়তায় দারুণ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। অষ্টম ওভারে দলটির রান ছিল ১ উইকেটে ৬৮। পরের ব‍্যাটসম‍্যানদের ব‍্যর্থতায় দৃঢ় ভিত কাজে লাগাতে পারেনি তারা। নিয়মিত উইকেট হারিয়ে খেলতে পারেনি পুরো ২০ ওভার।

টপ অর্ডারের তিন ব‍্যাটসম‍্যানের বাইরে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল জাসকারান মালহোত্রা ও নিসার্গ প‍্যাটেল। যুক্তরাষ্ট্রের চার ব‍্যাটসম‍্যান ফেরেন রান আউট হয়ে।

রান তাড়ায় শূন‍্য রানেই ভাঙে ডাচদের উদ্বোধনী জুটি। তবে ক্রিজে গিয়েই বোলারদের উপর চড়াও হন ডে লেডে। মার্ক ও’ডাওডের সঙ্গে গড়েন ৫৩ রানের জুটি। ১৫ বলে ১৬ রান করা ও’ডাওড বিদায়ের পর টম কুপারকে দ্রুত থামিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় যুক্তরাষ্ট্র।

তবে স্কট এডওয়ার্ডসকে নিয়ে বাকিটা অনায়াসেই সারেন ডে লেডে। আগের সেরা অপরাজিত ৮১ ছাড়িয়ে করেন ৯১। তার ৬৭ বলের ইনিংস গড়া ৩ ছক্কা ও ৯ চারে। 

সংক্ষিপ্ত স্কোর:

যুক্তরাষ্ট্র: ১৯.৪ ওভারে ১৩৮ (টেইলর ২৬, মোনাক ৩২, জোন্স ১৫, গজানন্দ ০, শিভা কুমার ৭, জাসকারান ১২, কাইন ০, নিসার্গ ২৮, স্টিভেনসন ০, নেত্রাভালকার ৫, থেরন ১*; ক্লাসেন ৪-০-৪০-০, প্রিঙ্গল ৩-০-১৮-০, ভন বিক ৩.৪-০-২০-১, ডে লেডে ৩-০-২৩-১, ভন মিকারেন ৪-০-২২-২ সারিজ ২-০-৬-১)

নেদারল‍্যান্ডস: ১৯ ওভারে ১৩৯/৩ (মাইবার্গ ০, ও’ডাওড ১৬, ডে লেভে ৯১*, কুপার ৩, এডওয়ার্ডস ২৬*; নেত্রাভালকার ৪-০-২৫-১, শিভা কুমার ২-০-১১-০, থেরন ৪-০-৪০-০, নিসার্গ ৪-০-২৫-১, স্টিভেনসন ৪-০-২৩-১, জোন্স ১-০-১২-০)

ফল: নেদারল‍্যান্ডস ৭ উইকেটে জয়ী

ম‍্যান অব দা ম‍্যাচ: বাস ডে লেডে