২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোচের চোখে নাসুম ‘স্মার্ট’, অধিনায়কের কাছে ‘অবিশ্বাস্য’

‘এলাম, দেখলাম, জয় করলাম…’, ওয়ানডে ক্রিকেটে নাসুম আহমেদের গল্পটা এখনও পর্যন্ত এরকমই। জাতীয় দলে এতদিন তার পরিচয় ছিল শুধু টি-টোয়েন্টি ক্রিকেটার। এবার ওয়ানডে ক্রিকেটে পা রেখেই তিনি ছুটতে শুরু করেছেন দারুণ গতিতে। রাঙিয়ে চলেছেন নতুন এই আঙিনা। তাকে যারা অনেক দিন থেকে চেনেন, কাছ থেকে দেখেন, সেই কোচ ও অধিনায়কও মুগ্ধ তার পারফরম্যান্সে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 11:08 AM

Updated : 02 Aug 2022, 11:53 AM

সাকিব আল হাসান থাকলে ওয়েস্ট ইন্ডিজে এই ওয়ানডে সিরিজে হয়তো খেলা হতো না নাসুমের। সাকিব না থাকায় এবং গায়ানার উইকেট স্পিন সহায়ক হওয়ায় তার সুযোগটা আসে। তিনিও তা লুফে নেন দুহাতে, যেন এই সুযোগটিরই অপেক্ষায় ছিলেন!

অভিষেকে ম্যাচের প্রথম ওভারেই তার হাতে বল তুলে দেন অধিনায়ক তামিম ইকবাল। তিনিও আস্থার প্রতিদান দেন দারুণভাবে। মনেই হয়নি, এই সংস্করণে তার কেবল শুরু। সেদিন দুর্দান্ত বোলিং করলেও উইকেট মেলেনি। তবে বোলিং ফিগার ছিল দুর্দান্ত, ৮-৩-১৬-০।

দ্বিতীয় ওয়ানডেতে বুধবার ধরা দেয় যেন সব প্রাপ্তি। ১০ ওভারে ৪ মেডেন নিয়ে মাত্র ১৯ রানে নেন ৩ উইকেট। তার ৬০ বলের ৪৮টি থেকে কোনো রান করতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ পরে ৪ উইকেট নিলেও দারুণ বোলিংয়ে ম্যাচের সেরা হন নাসুমই।

তার ওপর যে তামিমের আস্থা প্রবল, সেটিই বোঝা গেছে প্রথম ম্যাচেই। কিন্তু তিনি নিজেও হয়তো এতটা আশা করেননি। দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদমাধ্যমকে অধিনায়ক বললেন তার সেই ভালোলাগার কথা।

“(নাসুম) দুর্দান্ত বোলিং করেছে। সাকিব থাকলে সে ম্যাচ খেলার সুযোগ পায় না। আমার মনে হয়, সে অবিশ্বাস্য রকমের ভালো বোলিং করেছে। কন্ডিশনকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে সে। আমি মনে করি, সে সত্যিই দারুণ বোলিং করেছে।”

গত বছরের মার্চে টি-টোয়েন্টি দিয়ে নাসুমের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এখনও পর্যন্ত ২২ ম্যাচ খেলে এই সংস্করণে তার রেকর্ড দারুণ। সেই অভিজ্ঞতা ওয়ানডেতেও কাজে লাগছে বলে মনে করেন রাসেল ডমিঙ্গো। দ্বিতীয় ম্যাচ শেষে টিভিতে ইয়ান বিশপের সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশ কোচ বললেন, নাসুম অনেক মাথা খাটিয়ে বোলিং করেন।

“নাসুমের নিয়ন্ত্রণ দুর্দান্ত। টি-টোয়েন্টি ক্রিকেট অনেক খেলেছে সে। সে স্মার্ট বোলার। ব্যাটসম্যানদের একদমই জায়গা দেয় না, আলগা বল করে না। সে জানে কখন লেংথ টেনে বল করতে হবে, কখন একটু ধীরে বল করতে হবে।”