২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তিন সংস্করণ মিলিয়ে বিশ্বের সেরা বোলার বুমরাহ’

বলের রঙ সাদা হোক বা লাল, গায়ের পোশাক হোক শ্বেতশুভ্র কিংবা রঙিন, জাসপ্রিত বুমরাহর ঔজ্জ্বল্য যেন একইরকম। চলতি ইংল্যান্ড সফরেও সেভাবে আলো ছড়িয়ে যাচ্ছেন ভারতীয় এই পেসার। মুগ্ধ নাসের হুসেইন তো বলেই দিলেন, সব সংস্করণ মিলিয়ে বুমরাহই বিশ্বের সেরা বোলার। হুসেইনের কথা শুনে শচিন টেন্ডুলকার বললেন, ‘আমি তো এটা বেশ কিছুদিন ধরেই বলে আসছি!’

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 02:08 PM

Updated : 02 Aug 2022, 02:01 PM

তিন সংস্করণের এই যুগে সেরা কিছু বিচার করা কঠিন। বেশির ভাগ ক্ষেত্রেই সংস্করণ ভেদে ক্রিকেটারদের পারফরম্যান্স ভিন্ন। তাদেরকে যাচাই করতে হয় আলাদা করেই। কিন্তু বুমরাহ নিশ্চিতভাবেই মুছে দিয়ে চলেছেন সংস্করণের সীমানা।

গত দুই সপ্তাহেই যেমন নিজের স্কিল ও টেম্পারমেন্টের বড় প্রমাণ কয়েক দফায় দেখিয়ে ফেলেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে নেন তিনি ৫ উইকেট। গত বছর চার টেস্টের পর এবার এক টেস্ট-সব মিলিয়ে এই সিরিজে তার শিকার ২৩ উইকেট।

ভারতের ইতিহাসে এই প্রথম কোনো বোলার ইংল্যান্ডে এক সিরিজে দেখা পেলেন ২০ উইকেটের বেশি।

টেস্ট শেষ হওয়ার পরপর টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচই খেলেন তিনি। সেই ম্যাচে ২ উইকেট নেন মাত্র ১০ রান দিয়ে। দুই দিন পরই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। মঙ্গলবার এই ম্যাচে ১৯ রানে ৬ উইকেট নিয়ে তিনি ধসিয়ে দেন ইংল্যান্ডের ব্যাটিং।

এই সফরের পারফরম্যান্স বিচ্ছিন্ন কিছু নয়। তিন সংস্করণে এইরকম ধারাবাহিকতা ম্যাচের পর ম্যাচ দেখিয়ে চলেছেন তিনি। সব সংস্করণেই ভারতের হয়ে তার রেকর্ড ঝলমলে।  

প্রথম ওয়ানডে চলার সময় ধারাভাষ্যকার ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন বলেন, “সব সংস্করণ মিলিয়ে বিশ্বের সেরা বোলার সম্ভবত এখন বুমরাহ।” পরে স্কাই স্পোর্টসে আলোচনায় আরও বিশদভাবে নিজের মতামত জানান তিনি।

“সব সংস্করণ মিলিয়ে বুমরাহ নিশ্চয়ই বিশ্ব ক্রিকেটের সেরা বোলার। তার চ্যালেঞ্জার হতে পারে কে? হয়তো ট্রেন্ট বোল্ট, শাহিন শাহ আফ্রিদি, ফিট থাকলে জফ্রা আর্চার… তবে এই মুহূর্তে বুমরাহই সেরা।”

“এই ম্যাচে তার পারফরম্যান্স দুর্দান্ত, উঁচু মানের। কিছু বল ছিল ভয়ঙ্কর। তার রান-আপ খানিকটা অস্বাভাবিক এবং ব্যাটসম্যানের দিকে বজ্রের মতো ছুটে আসে বল। সে দুই দিকেই সুইং করাতে পারে। যখন সু্ইং পাওয়া যায় না, তার গতি তো আছেই।”

ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার পরে টুইটারে বললেন, বুমরাহকে সেরা মানেন তিনি আগে থেকেই।

“ওভালের উইকেটে বাউন্স ছিল বেশ। তবে ভারতীয় বোলাররা দারুণ লাইন-লেংথে বল করে পার্থক্য গড়ে দিয়েছে। ভারতের পেস আক্রমণের দুর্দান্ত পারফরম্যান্স, বিশেষ করে বুমরাহ ছিল চোখধাঁধানো।”

“আমি বেশ কিছুদিন ধরেই মনে করি যে, সব সংস্করণ মিলিয়ে বুমরাহ বিশ্বের সেরা বোলার। টিভিতে নাসের হুসেইনকে আমার সঙ্গে একমত হতে দেখে ভালো লাগল।”