অ্যালেন-ল্যাথামের ব্যাটে সিরিজ নিউ জিল্যান্ডের
মিলিত চেষ্টায় লক্ষ্যটা নাগালেই রেখেছিলেন বোলাররা। তবে রান তাড়ায় প্রথম দুই বলে দুই উইকেট হারিয়ে চাপেই পড়ে গিয়েছিল নিউ জিল্যান্ড। সেখান থেকে দলকে কক্ষপথে ফেরান ফিন অ্যালেন ও টম ল্যাথাম। তাদের ফিফটিতে আয়ারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ঘরে তুলল নিউ জিল্যান্ড।
ডাবলিনে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটে জিতেছে সফরকারীরা। স্বাগতিকদের ২১৬ রান তারা পেরিয়ে গেছে ৭১ বল বাকি থাকতে।
আইরিশরা এই সংগ্রহ গড়তে পারে জর্জ ডকরেলের ক্যারিয়ার সেরা ইনিংসের সৌজন্যে। ২ ছক্কা ও ১০ চারে ৬১ বলে ৭৪ রানের ইনিংস খেলেন তিনি। ওয়ানডেতে ৭ নম্বরে নেমে আয়ারল্যান্ডের হয়ে যা সর্বোচ্চ।
শূন্য রানে দুই উইকেট হারানো নিউ জিল্যান্ডের হয়ে ৬০ রান করেন অ্যালেন। ৫৮ বলের ইনিংসে ৩ ছক্কার সঙ্গে মারেন ১০ চার। অধিনায়ক ল্যাথাম এক ছক্কা ও ৫ চারে করেন ৫৫ রান।
ম্যাচ সেরার পুরস্কার অবশ্য জেতেন মাইকেল ব্রেসওয়েল। বল হাতে ২ উইকেট নেওয়ার পর তিনটি করে ছক্কা-চারে ৪২ রান করে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন তিনি। প্রথম ওয়ানডেতে তার ঝড়ো সেঞ্চুরিতেই ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছিল নিউ জিল্যান্ড।
ম্যালাহাইডে বৃষ্টি বাধায় নির্ধারিত সময়ে করা যায়নি টস। খেলা শুরু হতে দেরি হলেও কাটা হয়নি কোনো ওভার। মেঘলা আকাশের সঙ্গে ঘাসের ছোঁয়া থাকা উইকেটে টস জিতে ফিল্ডিং নিয়ে স্বাগতিকদের শুরুতেই চেপে ধরে নিউ জিল্যান্ড।
প্রথম ওভারেই অভিজ্ঞ পল স্টার্লিংকে এলবিডব্লিউ করে দেন ম্যাট হেনরি। এই পেসার পরে আইরিশ অধিনায়ক বালবার্নির স্টাম্প এলোমেলো করে দেন। অনেকটা সময় উইকেটে কাটিয়ে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হ্যারি টেক্টর (২৫ বলে ৪)।
৩২ রানে ৩ উইকেট হারানো দল একশর আগে হারায় আরও দুই ব্যাটসম্যান। বিপদে পড়া দলকে টানেন জর্জ ডকরেল। লর্কান টাকারের সঙ্গে ৪১ ও সিমি সিংয়ের সঙ্গে গড়েন ৫৯ রানের জুটি।
৪৮ বলে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি স্পর্শ করেন ডকরেল। শেষ দিকে মার্ক অ্যাডায়ারের ২ ছক্কা ও ৩ চারে ১৫ বলে ২৭ রানের অপরাজিত ইনিংসে দুইশ ছাড়ায় আয়ারল্যান্ডের পুঁজি।
পরে বল হাতে নিউ জিল্যান্ড শিবিরে ভীতি ছড়ান অ্যাডায়ার। ইনিংসের প্রথম দুই বলেই এই পেসার বোল্ড করে দেন মার্টিন গাপটিল ও উইল ইয়াংকে।
তৃতীয় উইকেটে ১০১ রানের জুটি গড়েন অ্যালেন ও ল্যাথাম। ৪৭ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি করা অ্যালেনকে বিদায় করেন কার্টিস ক্যাম্পার।
হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসও ফিরে যান দ্রুত। ৭২ বলে ফিফটি করে ল্যাথাম এলবিডব্লিউ হন সিমি সিংয়ের অফস্পিনে। এরপর বাকি কাজ সারেন ব্রেসওয়েল।
আগামী শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ৪৮ ওভারে ২১৬ (স্টার্লিং ০, বালবার্নি ২, ম্যাকব্রাইন ২৮, টেক্টর ৪, ক্যাম্পার ২৫, টাকার ১৯, ডকরেল ৭৪, সিমি ১৬, অ্যাডায়ার ২৭*, ক্রেইগ ইয়াং ০, লিটল ০; হেনরি ৯-৩-৪০-২, ডাফি ৯-১-৫২-১, টিকনার ৬-১-৪২-০, ব্রেসওয়েল ১০-১-২৬-২, স্যান্টনার ১০-১-৩২-২, ফিলিপস ৪-০-১৮-১)
নিউ জিল্যান্ড: ৩৮.১ ওভারে ২১৯/৭ (গাপটিল ০, অ্যালেন ৬০, উইল ইয়াং ০, ল্যাথাম ৫৫, নিকোলস ১৭, ফিলিপস ১৬, ব্রেসওয়েল ৪২*, স্যান্টনার ৬, হেনরি ৩*; অ্যাডায়ার ৫-০-২৯-২, লিটল ৭-১-৩৭-১, লিটল ৪-০-২৯-০, ম্যাকব্রাইন ১০-০-৪৬-০, ক্যাম্পার ৪-০-১৭-১, সিমি ৮.১-০-৫১-২)
ফল: নিউ জিল্যান্ড ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মাইকেল ব্রেসওয়েল
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে নিউ জিল্যান্ড
