২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডেতে মিরাজের চার ম্যাচ সেরার তিনটিই উইন্ডিজের বিপক্ষে

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ, বিস্ময়ের খুব বেশি কিছু নেই এতে। সিলেট হোক বা মিরপুর, কিংবা এবার গায়না, ক্যারিবিয়ানদের বিপক্ষে লড়াই মানেই যেন তার জ্বলে ওঠা। ওয়ানডে এই নিয়ে চারবার ম্যান অব দা ম্যাচের পুরস্কার পেলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার, তিনবারই তা এলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2022, 10:00 AM

Updated : 02 Aug 2022, 02:00 PM

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তবে অবদান বেশি গুরুত্বপূর্ণ হওয়ায় ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা মিরাজ। ওপেনার কাইল মেয়ার্সকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করার পর মিডল অর্ডারে তিনি পরপর দুই ওভারে ফেরান ক্যারিবিয়ানদের বড় দুই ভরসা ও বিস্ফোরক দুই ব্যাটসম্যান রভম্যান পাওয়েল ও নিকোলাস পুরানকে।

২০১৮ সালে সিলেটে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মিরাজ। গতবছর মিরপুরে সেরা হন ২৫ রানে ৪ উইকেট নিয়ে। যা তার ক্যারিয়ার সেরা বোলিং।

ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই, ১৪ ম্যাচে ২২টি। দুটির বেশি ম্যাচ খেলা প্রতিপক্ষের মধ্যে সবচেয়ে ভালো বোলিং গড় ও ওভারপ্রতি রান সবচেয়ে কম তার ক্যারিবিয়ানদের বিপক্ষেই।

এবার গায়নায় তার শিকার ৩৬ রানে ৩ উইকেট। উইকেট এ দিন স্পিনারদের জন্য সহায়ক ছিল বেশ। মন্থর ছিল উইকেট, বল থমকে এসেছে অনেকটা। টার্ন তো ছিলই।

ম্যাচ শেষে মিরাজ বললেন, এই উইকেটে বোলিং উপভোগ করেছেন তিনি। দলকে জিতিয়েও তিনি উচ্ছ্বসিত।

“উইকেট একটু ‘ট্রিকি’ ছিল। ধীরগতির ছিল, টার্ন মিলেছে। আমি ঠিক জায়গায় বল রাখার চেষ্টা করেছি। এরকম কন্ডিশন পেয়ে খুবই ভালো লেগেছে আমার।”

“আমি খুবই খুশি। গত ১০ দিনে আমরা কোনো অনুশীলন করতে পারিনি, কারণ বৃষ্টি ছিল। সবার জন্যই তাই কঠিন ছিল। তার পরও আমরা জিতেছি, এজন্য আমরা খুশি।”

এই সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। কিন্তু ওয়ানডে ফিরতেই উল্টো চিত্র। নিজেদের প্রিয় সংস্করণে ৬ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করার পর মিরাজ বললেন, ওয়ানডে বলেই আত্মবিশ্বাস ছিল তাদের।

“আমরা ওয়ানডেতে ভালো খেলে আসছি। সবশেষ সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতেছি। এখানে টেস্ট ও  টি-টোয়েন্টিতে হারলেও আশা ছিল যে ওয়ানডে শক্তভাবে ঘুরে দাঁড়াব। এখানে সবাই নিজের ভূমিকা জানে। আমরা চেষ্টা করেছি নিজেদের কাজটা করতে। আমরা তাই খুবই খুশি।”