মাঠ ভেজা, গায়ানায় টস হতে দেরি
গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হতে পারেনি সময়মতো। সকালে বৃষ্টির পর তা থেমে গেলেও মাঠ ভেজা রয়ে গেছে। দ্রুত মাঠ শুকিয়ে তোলার চেষ্টা করছেন মাঠকর্মীরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় টস হওয়ার কথা, কিন্তু তখন মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলেছিল দুই দল। ওয়ানডে সিরিজের তিন ম্যাচও হবে এই মাঠেই।
টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হেরে গেছে ২-০ ব্যবধানে। তারপরও ওয়ানডে সিরিজে বাংলাদেশ শুরু করছে হয়তো একটু এগিয়ে থেকেই। সবশেষ ৮ ওয়ানডেতে বাংলাদেশের সঙ্গে জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
সবশেষ সফরে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ থেকে সিরিজ জিতে ফিরেছিল বাংলাদেশ। এরপর ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে গ্রুপ পর্বে দুটি জয়ের পর ফাইনালেও জয় ধরা দেয় ক্যারিবিয়ানদের বিপক্ষে। পরে বিশ্বকাপের মঞ্চে জয় আসে রান তাড়ার রেকর্ড গড়ে। সবশেষ গত বছর দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এবার সেই সাফল্য ধরে রাখার পালা।
