সাকিব নেই, অলরাউন্ডারের ঘাটতি নিয়ে আক্ষেপ তামিমের
সাকিব আল হাসান নেই, তাই হাজির হয়ে গেছে পুরনো প্রশ্ন আর উঁকি দিচ্ছে চেনা সঙ্কট। একাদশে ভারসাম্য গড়া হবে কীভাবে? ব্যাটিংয়ে শক্তি একটু বাড়ানো হবে নাকি বোলিংয়ে! সেই বাস্তবতাকে সঙ্গী করে অধিনায়ক তামিম ইকবাল বলছেন, আর ২-৩ জন ভালো অলরাউন্ডার থাকলে এই বিপদে পড়তে হতো না।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ওয়ানডে সিরিজের দলে ছিলেন সাকিব আল হাসান। তবে ছুটি নেওয়ায় শেষ পর্যন্ত সিরিজে তিনি খেলছেন না। এই সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ নয় বলে বিসিবিও মঞ্জুর করেছে সাকিবের ছুটি।
দল ঘোষণার পর ছিটকে গেছেন স্কোয়াডের আরও একজন অলরাউন্ডার। চোট কাটিয়ে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল মোহাম্মদ সাইফ উদ্দিনের। কিন্তু যথেষ্ট ফিট হতে না পারায় শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে যেতেই পারেননি তিনি।
এখন স্কোয়াডে যারা আছেন, তাদের মধ্যে অলরাউন্ডার বলা যায় কেবল মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেনকে। তবে ‘জেনুইন’ অলরাউন্ডার নন তারা কেউই। মিরাজের ব্যাটিংয়ে যেমন এখনও বড় কিছুর ভরসা করতে পারে না দল, তেমনি মোসাদ্দেকের কাছ থেকে ৮-১০ ওভার বোলিং আদায় করা কঠিন।
এছাড়া মাহমুদউল্লাহ, আফিফ হোসেনরা আছেন। তবে তাদেরকে অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা যায় না ঠিক।
সাকিব থাকলে যেমন একই সঙ্গে বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও বিশেষজ্ঞ বোলার পাওয়া যায়, সেই জায়গায় ঘাটতি থেকেই যাচ্ছে। গায়ানায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিমও তুলে ধরলেন সেই আক্ষেপ।
“বাংলাদেশে খুব বেশি ‘প্রপার’ অলরাউন্ডার নেই। এ কারণেই হয়তো বারবার আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হয়, আপনাদেরও প্রশ্ন করতে হয়। আমাদের যদি ২-৩ জন অলরাউন্ডার থাকত যারা ৫০-৫০ বা ৬০-৪০ (ব্যাটে-বলে), তাহলে এই প্রশ্নগুলি উঠত না।”
সাকিব, সাইফ উদ্দিন ছাড়াও বাংলাদেশ এই সিরিজে পাচ্ছে না মুশফিকুর রহিমকে। হজে যাওয়ায় এই সফর থেকে ছুটি নিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান। এছাড়া গত ওয়ানডে সিরিজে ভালো পারফর্ম করা ইয়াসির আলি চৌধুরিও দেশে ফিরে এসেছেন চোট নিয়ে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে রোববার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।
