পছন্দের সংস্করণে জয়ের আশায় বাংলাদেশ
যেন ফুটন্ত কড়াই থেকে জলন্ত উনুনে। ওয়েস্ট ইন্ডিজ সফরে এখন পর্যন্ত বাংলাদেশ দলের বাস্তবতা ছিল এরকমই। টেস্টে পর্যদুস্ত দল পরে নাস্তানাবুদ হয় টি-টোয়েন্টি সিরিজেও। অবশেষে এবার কিছুটা স্বস্তির পালা। লড়াই যে এবার ওয়ানডে ক্রিকেটের। কোনো রাখঢাক ছাড়াই যেটি বাংলাদেশের প্রিয় সংস্করণ, যেখানে তারা বেশি স্বচ্ছন্দ ও সবচেয়ে ধারাবাহিক।
টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড বাংলাদেশ পরে টি-টোয়েন্টি সিরিজ হেরে যায় ২-০ ব্যবধানে। তবে ওয়ানডেতে শুধু ম্যাচ জয় নয়, বাংলাদেশের লক্ষ্য থাকবে সিরিজ জয়। গায়ানায় তিন ম্যাচ সিরিজের প্রথমটি রোববার, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে এখন পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে বাংলাদেশ। সবশেষ সিরিজে গত মার্চে তারা সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকার মতো কঠিন কন্ডিশনে। গত এক বছরে ১২ ওয়ানডে খেলে বাংলাদেশ হেরেছে স্রেফ ৩টি। এই সময়টায় সিরিজ জয় ধরা দিয়েছে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এ সবকিছুই বলছে, এই সংস্করণে বাংলাদেশ কতটা ধারাবাহিক।
ওয়ানডেতে সাফল্যের ধারা আরও সমৃদ্ধ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে। সবশেষ সফরে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ থেকে সিরিজ জিতে ফিরেছিল বাংলাদেশ। এরপর ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে গ্রুপ পর্বে দুটি জয়ের পর ফাইনালেও জয় ধরা দেয় ক্যারিবিয়ানদের বিপক্ষে। পরে বিশ্বকাপের মঞ্চে জয় আসে রান তাড়ার রেকর্ড গড়ে। সবশেষ গত বছর দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
এবারের সিরিজ অবশ্য বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। তবে জয়টা বাংলাদেশের জন্য জরুরি সাম্প্রতিক বাস্তবতার কারণে। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে জয়ের পর থেকে অন্য সংস্করণগুলোতে হারের বলয়ে আছে দল। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে হেরেছে বাজেভাবে। এপর দেশে ফিরে টেস্ট সিরিজ হারতে হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। এবার ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ও টি-টোয়েন্টি, দুটিতেই সঙ্গী হয়েছে পরাজয়।
এবার পছন্দের সংস্করণে জয়ের ধারায় ফেরার আশা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। যদিও জিততে হলে নিজেদের সেরাটা খেলতে হবে, গায়ানায় শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন অধিনায়ক।
“এক সিরিজে (সফরে) যখন আপনি ম্যাচ জিততে পারছেন না, কাজটা তখন সবসময়ই কঠিন। তবে এটাও মনে রাখতে হবে, এই একটা সংস্করণ, যেখানে আমরা নিজেদের পারফরম্যান্সে গর্ব খুঁজে নেই। এখানে আমরা খুব ভালো দল, কোনো সন্দেহ নেই। তবে যত ভালোই হই না কেন, ম্যাচের দিন সবকিছু ঠিকঠাক করতে হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
“এখনও পর্যন্ত আমরা হয়তো ভালো ক্রিকেট খেলতে পারিনি (এই সফরে), টেস্ট বলুন বা টি-টোয়েন্টি। আশা করি, আমরা শুরুটা ভালো করতে পারব। এটা এমন একটা সংস্করণ, যেটিতে আমরা স্বচ্ছন্দ। তবে প্রতিপক্ষ দলও ভালো খেলছে। আমাদের নিশ্চিত করতে হবে যেন নিজেদের সেরাটা খেলতে পারি।”
সিরিজের আগে বাংলাদেশের প্রস্তুতি অবশ্য খুব আদর্শ হয়নি। তামিম নিজে যেমন গত এক সপ্তাহে ব্যাটিং অনুশীলন করতে পারেননি। টি-টোয়েন্টিতে আপাতত খেলছেন না বলে টেস্ট সিরিজ শেষে সরাসরি গায়ানায় চলে আসেন তিনি। টি-টোয়েন্টি সিরিজের সময়টায় হোটেলে অলস সময় কাটাতে হয়েছে তাকে। শনিবার দলের অনুশীলন শুরুর পরপরই ভেস্তে যায় বৃষ্টিতে।
অধিনায়ক তাই বললেন, শারীরিক ও স্কিলের অনুশীলনের ঘাটতি পুষিয়ে নিতে হবে মানসিকতা দিয়ে।
মানসিকভাবে তৈরি থাকাটাও একটা বড় চ্যালেঞ্জ। হারের বলয়ে থাকা দল আত্মবিশ্বাসেও আছে এখন তলানিতে। দলকে উজ্জীবিত করার কাজটি সহজ নয় অধিনায়কের জন্য। তিনি যদিও মনে করেন, দেশের জার্সি গায়ে মাঠে নামাই হতে পারে সবচেয়ে বড় প্রেরণা।
“আমরা সবাই জানি, হারতে কখনোই ভালো লাগে না। মোটেও ভালো লাগে না। আমরা সবাই চাই মাথা উঁচু করে সিরিজ শেষ করতে। সবাই ভালো করতে মুখিয়ে আছে। এখানে আমার প্রতিজনকে আলাদা করে প্রেরণা জোগানোর প্রয়োজন পড়বে না, কারণ সবাই দেশের হয়ে খেলছে।”
