২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও ভারতের ভিসা পাননি মইন

ভারতের ভিসার জন্য মইন আলি প্রায় চার সপ্তাহ আগে আবেদন করেও পাননি এখনও। আইপিএলের শুরুতে তাই ইংলিশ অলরাউন্ডারকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 07:11 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

আইপিএলের আসন্ন আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন মইন। ৩৪ বছর বয়সী এই অফ স্পিনিং অলরাউন্ডারকে মেগা নিলামের আগে ৮ কোটি রুপিতে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু ভিসা জটিলতায় এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।

বার্মিংহ্যামে নিজ বাড়িতে আছেন মইন। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ তাদের বুধবারের প্রতিবেদনে জানায়, ভারতে ভ্রমণের জন্য চার সপ্তাহ আগে আবেদন করলেও লন্ডনে ভারতের হাই কমিশন এখনও ভিসা দেয়নি।

এই প্রসঙ্গে বুধবার ক্রিকবাজকে মইনের বাবা মুনির আলি জানান, ভিসা না দেওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না তিনি।

“খুবই বাজে পরিস্থিতি, তবে আমাদের কিছু করার নেই। মইন ভারতে বেশ কয়েকবার খেলেছে। তাই আমি বুঝতে পারছি না (এখনও ভিসা না দেওয়ার কারণ)।”

আগামী শনিবার শুরু হবে আইপিএলের পঞ্চদশ আসর। উদ্বোধনী দিনেই কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে গত আসরের শিরোপাজয়ী চেন্নাই।

দলের সঙ্গে যোগ দেওয়ার আগে সবাইকে থাকতে হবে তিন দিনের কোয়ারেন্টিনে। তাই প্রথম ম্যাচে মইনের মাঠে নামার সম্ভাবনা নেই। দলটির প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথান ক্রিকবাজকে বললেন তেমনটাই।

“প্রথম ম্যাচ থেকে মইনের ছিটকে পড়া নিশ্চিত। আমাদের বিশ্বাস ছিল, সোমবারের মধ্যে (ভিসার) কাগজপত্র পেয়ে যাবেন তিনি। এমনকি আজও (বুধবার) যদি তিনি ভিসা পান, তিনি পৌঁছাতে পারবেন কাল এবং তাকে থাকতে হবে কোয়ারেন্টিনে। তিনি প্রথম ম্যাচটি খেলতে পারবেন না। তবে আমরা আশা করছি, তিনি শীঘ্রই ভিসা পাবেন।”

“আমরা জয় শাহ (বিসিসিআইয়ের সচিব) এবং আইপিএলের অন্য অফিসিয়ালদের সঙ্গে কথা বলেছি। আমাদের সাহায্য করার জন্য তারাও সর্বোচ্চ চেষ্টা করছেন।”