২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাথওয়েটের ব‍্যাটে ম‍্যাচ বাঁচাল উইন্ডিজ

প্রথম ইনিংসের ১৬০ রানের ম‍্যারাথন ইনিংসের পর অপরাজিত ৫৬ রানে ইংল‍্যান্ডের জয়ের মরিয়া চেষ্টা ব‍্যর্থ করে দিলেন ক্রেইগ ব্র‍্যাথওয়েট। টেস্টে কোনো ম‍্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি বল খেলার কীর্তি গড়া ওপেনার নিশ্চিত করলেন ড্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2022, 01:01 PM

Updated : 28 Apr 2022, 11:54 PM

প্রথম ইনিংসে প্রায় ১২ ঘণ্টা ক্রিজে ছিলেন ব্র‍্যাথওয়েট। সব মিলিয়ে দ্বিতীয় টেস্টে ক্রিজে ছিলেন প্রায় ১৬ ঘণ্টা। দুই ইনিংস মিলিয়ে ২১৬ রান করতে খেলেন ৬৭৩ বল। এই প্রথম কোনো ক‍্যারিবিয়ান ব‍্যাটসম‍্যান টেস্টে ছয়শ বল খেললেন। আগের সর্বোচ্চ ছিল ইংল‍্যান্ডর বিপক্ষেই ৪০০ রান করার পথে ব্রায়ান লারার ৫৮২ বল।

যে ম‍্যাচে ফল মনে হচ্ছিল অসম্ভব, ইংল‍্যান্ড সেটাতে ৬৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করার চ‍্যালেঞ্জ নিয়েছিল। কিন্তু ব্র‍্যাথওয়েটের দৃঢ়তায় সেটি সম্ভব হয়নি। ড্র হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্টও।

২৮২ রানের লক্ষ‍্য তাড়ায় বারবাডোজ টেস্টের পঞ্চম ও শেষ দিনে ৫ উইকেটে ১৩৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

কেনসিংটন ওভালে ১৩ ওভারের মধ‍্যে ৩ উইকেট তুলে নেয় ইংল‍্যান্ড। জন ক‍্যাম্পবেলকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন জ‍্যাক লিচ। শামারহ ব্রুকস ও এনক্রুমা বনারকে দ্রুত ফেরান পেসার সাকিব মাহমুদ।

প্রথম ইনিংসে ৪১১ বলে ১৮৩ রানের জুটি গড়া ব্র‍্যাথওয়েট ও জার্মেইন ব্ল‍্যাকউড প্রতিরোধ গড়েন আবার। দুইজনে ৫০ রানের জুটি গড়তে খেলেন ১৪৮ বল। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ব্ল‍্যাকউডকে থামানোর পর জেসন হোল্ডারকে বিদায় করেন লিচ। শূন‍্য রানে ফিরলেও হোল্ডার খেলেন ২৪ বল।

বাকি সময়টা কিপার-ব‍্যাটসম‍্যান জশুয়া দা সিলভাকে নিয়ে কাটিয়ে দেন ব্র‍্যাথওয়েট। ১৮৪ বলে তিনি চারটি চারে ক‍্যারিবিয়ান অধিনায়ক অপরাজিত থাকেন ৫৬ রানে। দা সিলভা ছয়টি চারে ৬৩ বলে করেন ৩০।

এর আগে বিনা উইকেটে ৪০ রান নিয়ে দিন শুরু করা ইংল‍্যান্ড দ্রুত রান তোলার চেষ্টায় আধ ঘণ্টার মধ‍্যে হারায় অ‍্যালেক্স লিস, জো রুট ও জ‍্যাক ক্রলির উইকেট।  তবে ওয়ানডে ঘরানার ব‍্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে সফরকারীরা।

বৃষ্টির বাধায় কয়েকবার খেলা বন্ধ হলেও দ্রুত রান তোলার চেষ্টায় কোনো পরিবর্তন আনেনি ইংল‍্যান্ড। ৩৯ বলে ৪১ রান করেন ড‍্যান লরেন্স, ২৫ বলে ২৯ জনি বেয়ারস্টো। আবার বৃষ্টি নামলে ৬ উইকেটে ১৮৫ রানে রুট ঘোষণা করেন দ্বিতীয় ইনিংস। নেন শেষ দুই সেশনে ক‍্যারিবিয়ানদের অলআউটের চ‍্যালেঞ্জ। কিন্তু ব্র‍্যাথওয়েটের লড়াকু ব‍্যাটিংয়ে সেটি সম্ভব হয়নি।

আগামী বৃহস্পিতবার গ্রানাডায় শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল‍্যান্ড ১ম ইনিংস: ৫০৭/৯ ইনিংস ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪১১

ইংল‍্যান্ড ২য় ইনিংস: (আগের দিন ৪০/০) ৩৯.৫ ওভারে ১৮৫/৬ ইনিংস ঘোষণা (লিস ২৪, ক্রলি ৪০, রুট ৯, লরেন্স ৪১, স্টোকস ১৯, বেয়ারস্টো ২৯, ফোকস ১১ * ওকস ৯*; রোচ ৮-৩-৩১-১, পেরমল ১০-০-২৯-২, সিলস ৬-০-৩৪-২, ব্র‍্যাথওয়েট ১-০-৫-০, হোল্ডার ৮.৫-১-৪০-০, জোসেফ ৬-০-৪৫-১)

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৬৫ ওভারে ১৩৫/৫ (ব্র‍্যাথওয়েট ৫৬*, ক‍্যাম্পবেল ১০, ব্রুকস ৪, বনার ৩, ব্ল‍্যাকউড ২৭, হোল্ডার ০, দা সিলভা ৩০*; ওকস ৪-০-১১-০, ফিশার ২-১-৪-০, লিচ ২৫-১৩-৩৬-৩, সাকিব ৮-২-২১-২, রুট ৬-৩-১৫-০, স্টোকস ৭-২-৯-০, লরেন্স ১৩-৪-৩৬-০)

ফল: ড্র

ম‍্যান অব দা ম‍্যাচ: ক্রেইগ ব্র‍্যাথওয়েট