২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ম্যাচের হার ভাবিয়ে তুলেছে বাভুমাকে

নিজেদের আঙিনায় বাংলাদেশের বিপক্ষে কোনো সংস্করণেই ছিল না হার। এবার ওয়ানডেতে হেরে সেই তেতো স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ হওয়ায় ধাক্কাটা তাদের জন্য আরও বড়। সরাসরি বিশ্বকাপ খেলার পথে তাদের বিপদ আরও বাড়িয়ে দিল তামিম ইকবালের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2022, 04:00 PM

Updated : 02 Aug 2022, 03:09 PM

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ৩৮ রানে হারে দক্ষিণ আফ্রিকা। তিন সংস্করণ মিলিয়ে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ২০ ম্যাচ খেলে প্রথম হারল তারা।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার কাছে পরের ম্যাচটি বাঁচা-মরার লড়াই। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার সিরিজ হার এড়ানোর জন্য তো অবশ্যই। সঙ্গে আছে আবারও সুপার লিগের পয়েন্ট হারানোর ভয়।

দক্ষিণ আফ্রিকায় প্রথম জয়ে সুপার লিগে নিজেদের নামের পাশে আরও ১০ পয়েন্ট যোগ করে শীর্ষস্থান মজবুত করেছে বাংলাদেশ। পয়েন্টের আশায় থাকা দক্ষিণ আফ্রিকার জন্য সামনের পথচলাটা হয়ে গেছে কঠিন। ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলে ১০ নম্বরে আছে তারা।

২০২৩ সালে ভারতে হতে যাওয়া বৈশ্বিক আসরে সরাসরি জায়গা পাবে স্বাগতিক ভারতসহ সুপার লিগের শীর্ষ ৮টি দল। ১০ দলের টুর্নামেন্টের বাকি ২ দল আসবে বাছাই থেকে।

প্রথম ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে বাভুমা বললেন, পরের ম্যাচে জয়ের জন্য তাদের খেলতে হবে নিজেদের সেরাটা।

“রোববারের ম্যাচটিতে আমাদের জয়ের বিকল্প নেই। সব বিভাগেই আমাদের খেলার উন্নতি করতে হবে…বাংলাদেশের বিপক্ষে খেলছি বলেই পয়েন্ট আসবে, এটার কোনো নিশ্চয়তা নেই। আমাদেরকে নিজেদের ক্রিকেটটা খেলতে হবে।”

আগামী রোববার বাংলাদেশের বিপক্ষে সিরিজে ঘুরে দাঁড়ানোর অভিযানে নামবে দক্ষিণ আফ্রিকা।