‘প্যাসেঞ্জার’ থেকে এবার ‘ড্রাইভিং সিটে’ থাকার আশায় সাকিব
এক রোববার রাত থেকে আরেক রোববার রাত, এর মধ্যে কতটাই না বদলে গেল সাকিব আল হাসানের মনোজগত! গত ৬ মার্চ রাতে দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে তিনি বলেছিলেন, আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নিজেকে তার মনে হয়েছে ‘প্যাসেঞ্জার,’ ক্রিকেট খেলার অবস্থায় তিনি আপাতত নেই। সেই সাকিব এই রোববার রাতে আবার বিমানবন্দরে, আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে তিনি যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়। এবার তাকে জিজ্ঞেস করা হলো, “এখন কি তাহলে ড্রাইভিং সিটে থাকতে চান?” চওড়া হাসিতে সাকিবের উত্তর, “কে না চায়…!”
চালকের আসনে থাকার সেই অভিযানে রোববার রাতে ঢাকা ছেড়ে যান সাকিব। যদিও আগের দিনই নিশ্চিত হয়ে যায় তার যাওয়া, তবে শেষ পর্যন্ত তিনি গেলেন, এটাও বড় খবর। তার এই দক্ষিণ আফ্রিকা যাত্রা নিয়ে অনিশ্চয়তা, টানাপোড়েন আর নাটকীয়তা তো কম হয়নি! তিনি বিমানবন্দরে পৌঁছানোর পরই তাই বলা যায়, এই অধ্যায়ের আপাতত সমাপ্তি।
সোমবার পৌঁছে দলের সঙ্গে অনুশীলন করবেন বলেও জানালেন সাকিব। সেটা সত্যি হলে, কোনো অনুশীলন সেশন তার বাদ পড়ছে না।
শেষ পর্যন্ত রওনা হলেন বটে। তবে তার মনের ভেতরটা নিয়ে কৌতূহল রয়েই যাচ্ছে। এক সপ্তাহ আগেই যিনি ছিলেন মানসিকভাবে বিধ্বস্ত, তিনি এত দ্রুত কীভাবে চাঙা হলেন, সেটি নিয়ে আলোচনাও চলছে ঢের।
সাকিব অবশ্য আবারও বলে গেলেন, মানসিকভাবে ভালো অবস্থানেই আছেন এখন।
“অনেকটাই স্বস্তি… দলের সঙ্গে থাকাটা সব সময়ই ভালো ব্যাপার, মজার ব্যাপার। যেটা সবশেষ ১৫ বছর ধরে আছি। সামনেও হয়তো থাকতে পারলে ভালো লাগবে। দলের সঙ্গে থাকাটাই সব সময় আনন্দদায়ক ব্যাপার। আশা করি, দলের জন্য সবাই ভালো ফল আনতে পারব।”
বিসিবিতে শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলে, দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্যের কাছে গেলে মনের অবস্থা আরও ভালো হয়ে ওঠার সম্ভাবনা দেখেন তিনি। তার এই কথায় অনেকে দেখছেন কৌতুক, অনেক পাচ্ছেন খোঁচা, অনেক খুঁজে পাচ্ছেন কোনো ইঙ্গিত। তবে দেশ ছাড়ার আগে সেই কথা আবারও বলে গেলেন সাকিব।
“অনেক সময় জায়গার পরিবর্তন হলে মাইন্ডসেট পরিবর্তন হয়। আমি ওই আশাটাই করছি। আমার টিমমেট, টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ সবাই আমাকে সবসময় সাপোর্ট করেছে। আশা করছি, এবারও তারা একইভাবে সাপোর্ট করবে এবং আমি চেষ্টা করব প্রতিদান দিতে।”
