২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় হেলসের বদলি ফিঞ্চ

জৈব-সুরক্ষা বলয়ের ক্লান্তি ও মানসিক সুস্বাস্থ্যের কথা ভেবে আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন অ্যালেক্স হেলস। তাতে কপাল খুলেছে অ্যারন ফিঞ্চের। ইংল্যান্ডের বিস্ফোরক ব্যাটসম্যানের জায়গায় অস্ট্রেলিয়ার সাদা-বলের অধিনায়ককে দলে যোগ করেছে কলকাতা নাইট রাইডার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2022, 11:38 PM

Updated : 02 Aug 2022, 03:05 PM

ফ্র্যাঞ্চাইজিটির শুক্রবারের বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ফিঞ্চকে এক কোটি ৫০ লাখ রুপিতে নিয়েছে কলকাতা।

গত মাসে হওয়া আইপিএলের মেগা নিলামের শেষ দিকে হেলসকে ভিত্তিমূল্য এক কোটি ৫০ লাখ রুপিতে দলে টানে কলকাতা।

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত নন হেলস। ২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ছিলেন তিনি, কিন্তু খেলতে পারেননি কোনো ম্যাচ। তিন বছর পর সানরাইজার্স হায়দরবাদের হয়ে খেলেন ৬টি ম্যাচ। ২৪.৬৬ গড় ও ১২৫.৪২ স্ট্রাইক রেটে রান করেন ১৪৮।

কলকাতা হতে যাচ্ছে আইপিএলে ফিঞ্চের নবম ফ্র্যাঞ্চাইজি। এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক দলের হয়ে খেলার রেকর্ড এটি। এর আগে রাজস্থান রয়্যালস, দিল্লি ডেয়ারডেভিলস (এখনকার দিল্লি ক্যাপিটালস), পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স, মুম্বাই, গুজরাট লায়ন্স, কিংস এলেভেন পাঞ্জাব (এখনকার পাঞ্জাব কিংস), ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে ছিলেন তিনি।

আইপিএলে এখন পর্যন্ত ৮৫ ইনিংস ব্যাটিং করে ২৫.৭০ গড় ও ১২৭.৭০ স্ট্রাইক রেটে রান করেছেন ২০০৫।

আগামী ২৬ মার্চ দুইবারের শিরোপাজয়ী কলকাতা ও চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইপিএলের পঞ্চদশ আসরের।