‘সাকিব যদি না খেলে, না খেলুক, আই ডোন্ট কেয়ার’
সাকিব আল হাসান বা কোনো ক্রিকেটার কোনো সংস্করণে খেলতে না চাইলে সমস্যার কিছু দেখছেন না জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। কারও জন্য বাংলাদেশের ক্রিকেট থমকে থাকবে না বলেও স্পষ্ট উচ্চারণ তার। পাশাপাশি এই বিসিবি পরিচালকের চাওয়া, বিভিন্ন সিরিজ বা সফরের আগে সাকিবের খেলা না খেলা নিয়ে ক্রমাগত টানাপোড়েন ও অনিশ্চয়তায় এবার যেন ‘ফুল স্টপ’ টানা হয়।
সাকিবকে নিয়ে সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসানের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর মঙ্গলবার খালেদ মাহমুদও বুঝিয়ে দিলেন, বিসিবি এবার শক্ত অবস্থান নিতে চলেছে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খালেদ মাহমুদ প্রশ্ন তুললেন সাকিবের বিরতি চাওয়ার সময়টা নিয়ে।
“একজন ক্রিকেটার ছুটি চাইতেই পারে। কিন্তু সাকিব সেটা আগে বললেই পারত। আগে একটা চিঠি দিয়েছিল (টেস্ট থেকে বিরতি চেয়ে)। পরে আবার পাপন ভাইয়ের সঙ্গে কথা বলে রাজি হয়েছিল দক্ষিণ আফ্রিকায় টেস্ট-ওয়ানডে সব খেলতে। তারপরও কেন এরকম বলল, এটা তো আমি বলতে পারব না। সাকিবের মনের কথা তো আমি বলতে পারব না।”
“আমি মনে করি, মাঝেমধ্যে আমরা এটা টেনে লম্বা করি। সেটা না করে যা আসবে, তা মেনে নেওয়া উচিত। সাকিব ফেরার পর (দুবাই থেকে) কথা বলে যদি সফরে যায় তো ভালো, না গেলেও সমস্যা নেই। এটা বড় ব্যাপার নয়। কারও জন্য বাংলাদেশ ক্রিকেট বসে থাকবে, এটা ভাবা ভুল।”
এই মাসেই বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের টেস্ট খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও গত ২৮ ফেব্রুয়ারি বিসিবি সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেন, পুরো সফরেই পাওয়া যাবে এই অলরাউন্ডারকে। পরে তাকে রেখেই ঘোষণা করা হয় দুই সংস্করণের বাংলাদেশ দল। কিন্তু গত রোববার ব্যক্তিগত প্রয়োজনে দুবাই যাওয়ার আগে সাকিব বলেন, এই মুহূর্তে ক্রিকেট খেলার মতো শারীরিক ও মানসিক অবস্থায় তিনি নেই।
সাকিবকে জোর করে বা অনুরোধ করে খেলানোর পক্ষপাতী নন খালেদ মাহমুদ। তেমনি সাকিবের কাছ থেকেও তিনি চান পরিষ্কার বার্তা, কোনো সংস্করণে খেলা উপভোগ না করলে তিনি যেন সরাসরি জানিয়ে দেন বোর্ডকে।
“আমি এখনও খেলতে চাই। আমি এখন ৫১ (বছর), মন চায় বাংলাদেশের জার্সি পরে খেলি। আপনি অনূর্ধ্ব-১৯ দলের একটি ছেলেকে জোর করতে পারেন। কিন্তু ৩৬-৩৮ বছর বয়সী কাউকে জোর করতে পারেন না। তারা তাদের সিদ্ধান্তটা ভালো করে বুঝে নেয়। তারা যদি খেলতে না চায়, আগ্রহী না থাকে কিংবা মানসিকভাবে কোনো সমস্যা থাকে…তারা তাদের সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এটা এমন সময়ে নয় যে, আমরা যখন একটা দল নিয়ে সিদ্ধান্তে চলে যাই।’
গত মাসে শেষ হওয়া বিপিএলে সাকিবের দল ফরচুন বরিশালের কোচ ছিলেন খালেদ মাহমুদ। পরে জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে আফগানিস্তান সিরিজও সাকিবকে কাছ থেকে দেখেছেন তিনি। আইপিএলের নিলামে দল না পাওয়া সাকিবের মনে প্রভাব ফেলতেও পারে বলে ধারণা তার।
“প্রত্যাশা শুধু সাকিব নয়, আমিও মনে করেছিলান যে ও ভালো দামে আইপিএলে বিক্রি হবে। ভালো ফর্মে ছিল, আইপিএলে দলের সংখ্যাও বেড়েছে। খুবই অবাক হয়েছি যে, সাকিবকে কেউ নেয়নি। শুধু সাকিবের জন্য নয়, বাংলাদেশের জন্যও লজ্জার যে, বিশ্বের সেরা অলরাউন্ডার আমরা বলি, কিন্তু আইপিএলের মতো জায়গায় খেলতে পারছে না।”
“যদিও সাকিব বলেছে, ‘না সুজন ভাই, আমি অতটা ব্যথা পাইনি।’তবে মনের কোনো কোণে ব্যথা থাকতে পারে। হতেই পারে, আইপিএলের মতো বড় জায়গায় যাওয়ার আশা করছেন, কিন্তু শেষ পর্যন্ত যেতে পারছেন না, তাতে মন খারাপ হতেই পারে। আমি মনে করি সে পেশাদার। খুব ভালোভাবে ফিরে আসবে।”
তবে কারণ যেটাই হোক, বিসিবির বিরক্তি এখন স্পষ্ট। এবারই প্রথম নয়, গত ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরেও শুরুতে তাকে দলে রাখার পর আবার বাইরে রাখা হয় পারিবারিক কারণে ছুটি নেওয়ায়। গত বছর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাননি তিনি আইপিএল খেলার কারণে। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের আগে ক্রিকেট থেকে ৬ মাসের বিরতি চেয়েছিলেন তিনি। সেবার ছুটি দেওয়া হয়েছিল শুধু ওই সফর থেকে।
এই দফার অভিজ্ঞতার পর এসব টানাহেঁচড়ার চূড়ান্ত সমাপ্তি চান খালেদ মাহমুদ।
“বিসিবির তো অনুরোধ করার কথা নয়, নির্দেশ দেওয়ার কথা। তারা চুক্তিবদ্ধ ক্রিকেটার। যে ছেলেটা স্যালারির মধ্যে নেই, তাদেরকে অনুরোধ করা হতে পারে। কিন্তু সাকিব তো চুক্তিবদ্ধ, সে বিসিবির এমপ্লয়ি। তবু পাপন ভাই (বিসিবি সভাপতি নাজমুল হাসান) খুব ভালো বলেই অনুরোধ করেন। কিন্তু সে তো খেলতে বাধ্য, চুক্তিতে আছে সে…।”
“আমার কথা হচ্ছে, এখানে অনুরোধের কিছু নেই। সাকিব খেলতে চাইলে সে যাবে। না চাইলে যাবে না। কিন্তু সময় হয়েছে, এটার একটা ফুল স্টপ করা উচিত। বোর্ড থেকে ফুল স্টপ করা উচিত। বারবার এটা হতে পারে না যে আমি চাইলাম না, খেললাম না। আবার চাইলাম তো খেললাম। এটা হতে পারে না। ফুল স্টপের সময় এসেছে। যথেষ্ট হয়েছে। ইউ কান নট ডিকটেট বিসিবি। বিরতি চাইলে বিরতি নাও। প্রেসিডেন্টও বলতে চায় এভাবে। হয়তো বা উনি একটু আস্তে বলেছেন, আমি একটু জোরে বললাম।”
সাকিব দুবাই থেকে ফেরার পর কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন খালেদ মাহমুদ। তবে এটিও জানিয়ে দিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবিই।
“সাকিবকে যেহেতু দুদিনের সময় দেওয়া হয়েছে, সে আসুক। কথা বলুক। তারপর সিদ্ধান্ত নেব। আশা করছি সে যাবে। সাকিবের যাওয়া আর না যাওয়ার মধ্যে পার্থক্য আছে।”
“(লাস্ট কল) অবশ্যই বিসিবি নেবে। বিসিবির প্রোডাক্ট ওরা, বিসিবি ওদের প্রোডাক্ট নয়। বিসিবি কোনো ব্যক্তির জন্য নয়, বিসিবির জন্যই ওরা। নিশ্চিতভাবেই ওরা বাংলাদেশ ক্রিকেটের মূল স্টেকহোল্ডার। কিন্তু এই স্টেকহোল্ডারের জন্য তো বিসিবির অনেক বিনিয়োগ ছিল। সেই অনূর্ধ্ব-১৩, ১৫, ১৭…তাদেরকে গড়ে তোলা, তাদের পেছনে তো বিসিবি অনেক খরচ করেছে সেই সময়। বিসিবি তো তাদের অভিভাবক। আমাদের সবার অভিভাবক বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর আমরা কেউ নই। তারাও নয়।”
